সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ইসলামী দৃষ্টিতে বিয়ে ও দাম্পত্য জীবন

 -আবূ মাহদী মামুন বিন আব্দুল্লাহ* 


 (৭ম কিস্তি) 

(১০) বিয়ের ওয়ালীমা করা

ওয়ালীমা (الوليمة) হলো বিয়ে উপলক্ষে বরের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও দরিদ্র-মিসকিনদের সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করা। এটি রাসূলুল্লাহ (ﷺ)-এর গুরুত্বপূর্ণ সুন্নাত। এমনকি আল্লামা নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) এটাকে ওয়াজিব বলেছেন।[১] আমাদের সমাজে প্রচলিত ভাষায় ওয়ালীমাকে অনেক সময় বৌভাত বলা হয়। রাসূলুল্লাহ (ﷺ) বিয়ের পর ওয়ালীমা করতে উৎসাহিত করেছেন। নবী করীম (ﷺ) আব্দুর রহমান ইবনু আউফ (রাযিয়াল্লাহু আনহু)-এর গায়ে হলুদ রঙের চিহ্ন দেখলেন। তিনি বললেন, এটা কী? আব্দুর রহমান (রাযিয়াল্লাহু আনহু) বললেন, আমি এক খেজুরের আঁটি পরিমাণ স্বর্ণের বিনিময়ে একজন নারীকে বিয়ে করেছি। তিনি বললেন, بَارَكَ اللهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ ‘আল্লাহ তোমার জন্য বরকত দান করুন। তুমি ওয়ালীমা করো, একটি বকরী দিয়েও হলেও’।[২]

ওয়ালীমার জন্য অঢেল অর্থ ব্যয় করা কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন করা যরূরী নয়। বরং সামর্থ্য অনুযায়ী সাধারণ খাবার দিয়েও ওয়ালীমা করা যায়। আবার সামর্থ্য থাকলে ভালো খাবারের আয়োজন করাতেও কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ (ﷺ) নিজেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার দিয়ে ওয়ালীমা করেছেন। আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন,

أَوْلَمَ رَسولُ اللهِ ﷺ حِينَ بَنى بزَيْنَبَ بنْتِ جَحْشٍ، فأشْبَعَ النّاسَ خُبْزًا ولَحْمًا

‘রাসূলুল্লাহ (ﷺ) যখন যয়নব বিনতে জাহশ (রাযিয়াল্লাহু আনহা) -এর সাথে বাসর করলেন, তখন তিনি ওয়ালীমা করলেন এবং লোকদের রুটি ও গোশত খাইয়ে পরিতৃপ্ত করলেন’।[৩] অতএব, ওয়ালীমার সৌন্দর্য খাবারের বাহুল্যে নয়; বরং সুন্নাত অনুসরণ ও আল্লাহর সন্তুষ্টির মধ্যে।

ওয়ালীমায় ধনী-গরীব সবার প্রতি গুরুত্ব দেওয়াও ইসলামের শিক্ষা। শুধু ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের দাওয়াত দিয়ে দরিদ্রদের উপেক্ষা করা উচিত নয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ، يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ، وَيُتْرَكُ الْفُقَرَاءُ ‘সবচেয়ে নিকৃষ্ট খাবার হলো সেই ওয়ালীমার খাবার, যাতে ধনীদের দাওয়াত করা হয় এবং দরিদ্রদের বাদ দেওয়া হয়’।[৪] তাই ওয়ালীমা যেন কেবল সামাজিক মর্যাদা প্রদর্শনের অনুষ্ঠান না হয়ে যায়; বরং সেখানে যাতে করে আত্মীয়-স্বজনের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষদেরও সম্মানের সঙ্গে শরীক করা হয়।

ওয়ালীমার দাওয়াত গ্রহণের ব্যাপারেও রাসূলুল্লাহ (ﷺ) বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيَأْتِهَا ‘তোমাদের কাউকে ওয়ালীমার দাওয়াত দেওয়া হলে সে যেন তাতে উপস্থিত হয়’।[৫]

তবে কোনো অনুষ্ঠানে প্রকাশ্য শরী‘আতবিরোধী কাজ থাকলে এবং তা প্রতিহত করার ক্ষমতা না থাকলে উপস্থিতির বিধান পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

দুঃখজনকভাবে বর্তমান সমাজে অনেক সময় ওয়ালীমা সুন্নাতের পরিবর্তে প্রতিযোগিতা, লোকদেখানো ও অযথা ব্যয়ের অনুষ্ঠানে পরিণত হয়। অথচ আল্লাহ তা‘আলা বলেন, وَ لَا  تُسۡرِفُوۡا ۚ اِنَّہٗ لَا  یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ  ‘তোমরা অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না’ (সূরা আল-আ‘রাফ, ৭ : ৩১)। তাই ওয়ালীমায় সামর্থ্যের বাইরে ব্যয় করা, ঋণ করে বিলাসী আয়োজন করা, লোক দেখানো কিংবা সামাজিক প্রতিযোগিতায় লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা উচিত।

একইভাবে কনের পরিবারের ওপর যৌতুক, বরযাত্রী বা অতিরিক্ত আপ্যায়নের নামে আর্থিক চাপ সৃষ্টি করাও বর্জনীয়। বিয়ে উপলক্ষে উপহার দেওয়া ভালোবাসা ও সৌহার্দ্যের প্রকাশ হতে পারে; কিন্তু উপহার কোনো বাধ্যতামূলক পাওনা নয়। কেউ উপহার না আনলেও তাকে হেয় করা বা তার প্রতি অসন্তুষ্ট হওয়া ইসলামী আদবের পরিপন্থী। সুতরাং ওয়ালীমা হলো সুন্নাত; জাঁকজমক নয়। সামর্থ্য অনুযায়ী মানুষকে আপ্যায়ন করা, ধনী-গরিব সবাইকে শরিক করা, অপচয় ও যৌতুক থেকে বেঁচে থাকা এবং শরী‘আতসম্মত পরিবেশে বিয়ের আনন্দ প্রকাশ করাই হলো ওয়ালীমার প্রকৃত সৌন্দর্য।

(১১) বিয়ের নামে প্রচলিত কুপ্রথা, যা বর্জন করা আবশ্যক

বর্তমান সমাজে বিয়ের নামে প্রচলিত অনেক কুপ্রথা রয়েছে, যা বর্জন করা আবশ্যক। নিম্নে কিছু কুপ্রথা উল্লেখ করা হল।

(ক) বিয়ের তারিখ নির্ধারণে অশুভ বিশ্বাস

ইসলামে বিয়ের জন্য কোনো মাস, দিন বা তারিখকে শুভ বা অশুভ মনে করার কোনো ভিত্তি নেই। কারো মৃত্যুদিন, জন্মদিন কিংবা নির্দিষ্ট কোনো মাসে বিয়ে করলে অমঙ্গল হবে; এমন বিশ্বাস জাহিলী যুগের কুসংস্কার, যা শরী‘আতের পরিপন্থী। আল্লাহ তা‘আলা বলেন,

فَاِذَا جَآءَتۡہُمُ الۡحَسَنَۃُ  قَالُوۡا  لَنَا ہٰذِہٖ ۚ وَ  اِنۡ  تُصِبۡہُمۡ سَیِّئَۃٌ  یَّطَّیَّرُوۡا بِمُوۡسٰی وَ مَنۡ مَّعَہٗ ؕ اَلَاۤ  اِنَّمَا طٰٓئِرُہُمۡ عِنۡدَ اللّٰہِ وَ لٰکِنَّ  اَکۡثَرَہُمۡ  لَا یَعۡلَمُوۡنَ

‘তাদের কাছে কোনো কল্যাণ এলে তারা বলত, এটি আমাদের প্রাপ্য। আর কোনো অকল্যাণ এলে তারা মূসা ও তাঁর সঙ্গীদেরকে অশুভ মনে করত। জেনে রেখো, তাদের অকল্যাণ আল্লাহর কাছেই’ (সূরা আল-আ‘রাফ, ৭ : ১৩১)।

রাসূলুল্লাহ (ﷺ) অশুভ লক্ষণ গ্রহণ করতে নিষেধ করে বলেন, لَا عَدْوَى وَلَا طِيَرَةَ ‘কোনো অশুভ লক্ষণ নেই’।[৬] অন্য হাদীছে এসেছে, الطِّيَرَةُ شِرْك ‘অশুভ লক্ষণ গ্রহণ করা শিরক’।[৭] জাহিলী যুগে শাওয়াল মাসকে বিয়ের জন্য অশুভ মনে করা হতো। কিন্তু আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)  বলেন, تزوَّجني رسولُ اللهِ صلّى اللهُ عليه وسلَّم في شوّالٍ وبنى بي في شوّالٍ ‘রাসূলুল্লাহ (ﷺ) আমাকে শাওয়াল মাসে বিয়ে করেছেন এবং শাওয়াল মাসেই আমার সঙ্গে বাসর করেছেন’।[৮] অতএব, কোনো মাস, দিন বা তারিখকে অশুভ মনে করে বিয়ে থেকে বিরত থাকা উচিত নয়। পাত্র-পাত্রী ও পরিবারের সুবিধা, প্রস্তুতি ও সামর্থ্য অনুযায়ী যেকোনো বৈধ দিনে বিয়ের তারিখ নির্ধারণ করা যায়। তবে শরী‘আত কর্তৃক নির্ধারিত বিশেষ নিষেধাজ্ঞা অবশ্যই মানতে হবে। সুতরাং বিয়ের তারিখ নির্ধারণে কুসংস্কার নয়; বরং শরী‘আতের বিধান, পারস্পরিক সম্মতি ও বাস্তব সুবিধাকে গুরুত্ব দেওয়া উচিত।

(খ) যৌতুক প্রথা

বিয়ের সময় বা শর্ত হিসেবে কনেপক্ষ থেকে বর বা বরপক্ষকে নগদ অর্থ, অলংকার বা আসবাবপত্র দেওয়াকে যৌতুক বলে। হিন্দু ধর্মের ‘পণ’ প্রথা থেকে মুসলিম সমাজে এর প্রচলন ঘটেছে, তাই এটি ইসলামী সংস্কৃতির অংশ নয়। ইসলাম কনেপক্ষ থেকে বরপক্ষকে কিছু দেওয়াকে সমর্থন করে না। বরং বরপক্ষ সামর্থ্য অনুযায়ী কনেকে মোহর দেবে। আল্লাহ বলেন, وَ اٰتُوا النِّسَآءَ صَدُقٰتِہِنَّ نِحۡلَۃً ‘তোমরা স্ত্রীদেরকে তাদের মোহরানা খুশী মনে প্রদান কর’ (সূরা আন-নিসা, ৪ : ৩)। অন্য আয়াতে তিনি বলেন, فَمَا اسۡتَمۡتَعۡتُمۡ بِہٖ مِنۡہُنَّ فَاٰتُوۡہُنَّ اُجُوۡرَہُنَّ فَرِیۡضَۃً ‘অতঃপর তোমরা তাদের মোহরানা ফরয হিসাবে প্রদান কর’ (সূরা আন-নিসা, ৪ : ২৪)।

অতএব মোহর স্ত্রীর অধিকার, আর যৌতুক ইসলামের পরিপন্থী। বর্তমানে ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে সকলের বিবাহে যৌতুক অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কুপ্রথা অসংখ্য পরিবারের সুখ-শান্তি নষ্ট করছে। যৌতুক একটি অমানবিক কুপ্রথা, যা অবশ্যই পরিত্যাজ্য। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় এটি নির্মূল সম্ভব। সুতরাং মোহরের মাধ্যমে বিবাহ সম্পন্ন হলেই গড়ে উঠবে সুখী ও কল্যাণময় সমাজ।

(গ) মোহরকে বংশমর্যাদা ও নারীর নিরাপত্তার প্রতীক মনে করা

মোহর স্ত্রীর অধিকার, বংশমর্যাদা প্রদর্শনের মাধ্যম নয়। অথচ সমাজে অনেকেই সামর্থ্যের কথা না ভেবে সামাজিক মর্যাদা ও লোকদেখানোর জন্য মোহর নির্ধারণ করেন। আবার কেউ মনে করেন, বেশি মোহর স্বামীকে তালাক থেকে বিরত রাখবে। অথচ ইসলামে মোহরের উদ্দেশ্য এসব নয়। রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে অত্যন্ত সহজ মোহরে বিয়ের বহু দৃষ্টান্ত রয়েছে। সাহল বিন সা‘দ আস সা‘ঈদী (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করীম (ﷺ)-এর কাছে বসে ছিলাম। এমন সময় একজন নারী তাঁর কাছে এসে নিজের ব্যাপারে তাঁকে প্রস্তাব দিল। তখন তিনি তার দিকে নিচের দিকে তাকালেন এবং আবার তাঁর দৃষ্টি উঠালেন। কিন্তু তিনি তাকে গ্রহণ করতে চাইলেন না। তখন তাঁর ছাহাবীদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! তাকে আমার সঙ্গে বিয়ে দিন। তিনি বললেন, তোমার কাছে কি কোনো কিছু আছে? সে বলল, আমার কাছে কোনো কিছুই নেই। তিনি বললেন, লোহার একটি আংটিও কি নেই? সে বলল, লোহার আংটিও নেই। তবে আমার এই চাদরটি দুই ভাগ করে দেব; তার অর্ধেক তাকে দেব এবং অর্ধেক আমি নেব। তিনি বললেন, না। এরপর তিনি বললেন, তোমার সঙ্গে কুরআনের কোনো অংশ আছে কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, اذْهَبْ فَقَدْ زَوَّجْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ ‘যাও, তোমার কুরআনের যা আছে তার বিনিময়ে আমি তাকে তোমার সাথে বিবাহ দিলাম’।[৯]

এমনকি সামান্য খাদ্যের বিনিময়েও বিবাহ সংঘটিত হয়েছে। এতে বোঝা যায়, মোহরের ক্ষেত্রে মূল বিষয় হলো সহজতা ও সামর্থ্য; লোকদেখানো বা সামাজিক প্রতিযোগিতা নয়।

উমর বিন খাত্ত্বাব (রাযিয়াল্লাহু আনহু) নারীদের মোহর নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি বলেন,

أَلَا لَا تُغَالُوا صَدُقَةَ النِّسَاءِ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا أَوْ تَقْوَى عِنْدَ اللهِ لَكَانَ أَوْلَاكُمْ بِهَا نَبِيُّ اللهِ ﷺ، مَا عَلِمْتُ رَسُولَ اللهِ ﷺ، نَكَحَ شَيْئًا مِنْ نِسَائِهِ، وَلَا أَنْكَحَ شَيْئًا مِنْ بَنَاتِهِ عَلَى أَكْثَرَ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً

‘সাবধান! তোমরা নারীদের মোহরের ব্যাপারে বাড়াবাড়ি কর না। কেননা তা যদি দুনিয়াতে সম্মানের কিংবা আল্লাহর নিকট তাক্বওয়ার বিষয় হত, তবে তোমাদের চেয়ে এ ব্যাপারে আল্লাহর নবী (ﷺ) অধিক উপযুক্ত ছিলেন। আমি জানি না যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কোন স্ত্রীকে বার উকিয়ার বেশী (মোহর) দিয়ে বিয়ে করেছেন অথবা তাঁর কোন কন্যাকে বার উকিয়ার বেশীতে বিবাহ দিয়েছেন’।[১০] রাসূলুল্লাহ (ﷺ) বলেন, خَيْرُ الصَّدَاقِ أَيْسَرُهُ ‘উত্তম মোহর হচ্ছে, যা আদায় করা সবচেয়ে সহজ’।[১১]

সুতরাং, মোহর আভিজাত্য প্রদর্শনের মাধ্যম নয়, আবার স্বামীকে তালাক্ব থেকে বিরত রাখার কোনো নিরাপত্তা-গ্যারান্টিও নয়। এটি স্ত্রীর একটি ন্যায্য ও ফরয অধিকার। তাই মোহর নির্ধারণের ক্ষেত্রে বংশমর্যাদা, লোকদেখানো বা সামাজিক প্রতিযোগিতার পরিবর্তে স্বামীর সামর্থ্য ও বাস্তবতা বিবেচনা করা উচিত। সহজ ও সামর্থ্য অনুযায়ী মোহর নির্ধারণ করাই ইসলামের সৌন্দর্য ও সুন্নাহর শিক্ষা।

(ঘ) অশ্লীল গীত পরিবেশন

বর্তমান সমাজে বিয়ে উপলক্ষে গীত গাওয়া একটি প্রচলিত সামাজিক রীতি। বিশেষ করে গ্রামাঞ্চলে এক-দুই দিন আগে বা বিয়ের দিন বর ও কনেকে নিজ নিজ বাড়িতে একটি নির্দিষ্ট স্থানে বসানো হয়। এরপর আত্মীয়স্বজন ও উপস্থিত নারী-পুরুষেরা বর-কনের মুখে মিষ্টান্ন, ফলমূল, পিঠা-পায়েসসহ বিভিন্ন খাবার তুলে দেন। এ সময় নারী-পুরুষের সমাগমে বিভিন্ন ধরনের গীত পরিবেশন করে এবং বিনিময়ে পয়সা আদায় করে। এসব গীতে অনেক সময় অশ্লীল কথা, প্রেম-ভালোবাসার নামে অনৈতিক বিষয় এবং শরী‘আত বিরোধী বক্তব্য প্রকাশ পায়। কোথাও কোথাও গীত গাওয়ার আসরে গায়রে মাহরাম নারী-পুরুষের অবাধ মেলামেশা ও পর্দাহীনতা দেখা যায়।

ইসলাম বিয়েতে আনন্দ প্রকাশকে বৈধতা দিয়েছে। রাসুলুল্লাহ (ﷺ)-এর যুগেও বিয়েতে দফ বাজানো এবং শালীন কথা দিয়ে আনন্দ প্রকাশের দৃষ্টান্ত রয়েছে। তবে সব ধরনের গান ও গীত ইসলামসম্মত নয়। আল্লামা শাইখ ইবনে বায (রাহিমাহুল্লাহ) এর মতে, ‘বিয়েতে নারীদের পৃথক পরিবেশে প্রচলিত শালীন গীত গাওয়া ও দফ বাজানো বৈধ; তবে গায়রে মাহরামদের সঙ্গে অবাধ মেলামেশা এবং অন্যান্য নিষিদ্ধ বাদ্যযন্ত্র পরিহার করতে হবে’।[১২]

গীতে অশ্লীলতা, শিরক, মিথ্যা, গুনাহের আহ্বান কিংবা শরী‘আতবিরোধী বিষয় থাকলে তা পরিহার করতে হবে। একইভাবে গীত গাওয়ার অজুহাতে পর্দার বিধান লঙ্ঘন ও গায়রে মাহরাম নারী-পুরুষের অবাধ মেলামেশা করা যাবে না।

(ঙ) আংটি বদল

বাংলাদেশের মুসলিম সমাজে বিয়ে ও বাগদান অনুষ্ঠানে আংটি বদলের রীতি ব্যাপকভাবে প্রচলিত। এ অনুষ্ঠানে বর ও কনেকে পাশাপাশি বসিয়ে আত্মীয়স্বজনের উপস্থিতিতে বর কনের আঙুলে আংটি পরিয়ে দেয় এবং কনেও বরের আঙুলে আংটি পরিয়ে দেয়। অনেক ক্ষেত্রে ছবি তোলা, ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে এটিকে বিবাহের বিশেষ আনুষ্ঠানিকতায় পরিণত করা হয়। অথচ এ রীতি ইসলামী বিবাহের কোনো আবশ্যিক অংশ নয়। আল্লামা নাছির উদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) বাগদান ও বিয়ের আংটি সম্পর্কে আলোচনায় একে অমুসলিমদের অনুকরণ হিসেবে উল্লেখ করেছেন এবং তা পরিহারের পক্ষে মত দিয়েছেন।[১৩] এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অনুকরণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত’।[১৪]

আল্লামা আলবানী (রাহিমাহুল্লাহ)-এর মতে, প্রচলিত বাগদান-আংটির রীতি খ্রিষ্টানদের কাছ থেকে এসেছে; তাই তা পরিহার করাই উত্তম। এ বিষয়ে সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ড বাগদান ও বিয়ের আংটি পরার প্রচলিত রীতিকে অমুসলিমদের অনুকরণ হিসেবে নিষিদ্ধ বলেছে।[১৫] সুতরাং বাংলাদেশের মুসলিম সমাজে বিয়ের নামে প্রচলিত আংটি বদলের রীতিকে ইসলামের আবশ্যিক বিধান বা সুন্নাহ মনে করা উচিত নয়।

(চ) গায়ে হলুদ

আমাদের মুসলিম সমাজে বিয়ের ২/১দিন আগে এবং অনেক অঞ্চলে বিয়ের দিনেই বর-কনেকে বসিয়ে তাঁদের শরীরে হলুদ মাখানোর একটি অনুষ্ঠান প্রচলিত রয়েছে, যা ‘গায়ে হলুদ’ নামে পরিচিত। গায়ে হলুদের নামে বর ও কনের সর্বাঙ্গে বর-কনের ভাবী, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোনেরা মিলে হলুদ মাখার যে অনুষ্ঠান করে, তা ইসলামী বিধানের সম্পূর্ণ বিপরীত। তবে কোন আনুষ্ঠানিকতা ছাড়া নিজে অথবা মাহরাম ব্যক্তি কর্তৃক বর-কনেকে হলুদ মাখানো যায়, তাতে কোন অসুবিধা নেই। এ প্রসঙ্গে আনাস (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন,

أنَّ النبيَّ ﷺ رَأى على عبدِ الرَّحْمَنِ بنِ عَوْفٍ أثَرَ صُفْرَةٍ، قالَ: ما هذا؟ قالَ: إنِّي تَزَوَّجْتُ امْرَأَةً على وزْنِ نَواةٍ مِن ذَهَبٍ، قالَ: بارَكَ اللهُ لَكَ، أوْلِمْ ولو بشاةٍ  .

‘নবী করীম (ﷺ) আব্দুর রহমান বিন আউফ (রাযিয়াল্লাহু আনহু)-এর গায়ে হলুদ রঙের চিহ্ন দেখলেন। তিনি বললেন, এটা কী? তিনি বললেন, আমি এক খেজুরের আঁটি পরিমাণ স্বর্ণের বিনিময়ে একজন নারীকে বিয়ে করেছি। তিনি বললেন, আল্লাহ তোমাকে বরকত দিন। ওয়ালীমা করো, একটি বকরী দিয়ে হলেও’।[১৬]

(ছ) গান-বাজনা বাজানো

বর্তমান সমাজে বিয়ে অনুষ্ঠানের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে বাংলা, হিন্দি ও ইংরেজি বিভিন্ন অশ্লীল গান-বাজনার আয়োজন। বিয়ের ২/৩ দিন আগে থেকেই শুরু হয় নাচ-গানের আসর, যা বিয়ের কয়েক দিন পর পর্যন্ত চলতে থাকে। অথচ ইসলামের দৃষ্টিতে অশ্লীল গান-বাদ্য ও নিষিদ্ধ বাদ্যযন্ত্রের ব্যবহার গ্রহণযোগ্য নয়। আনন্দ-উৎসবের নামে ইসলামী বিধান লঙ্ঘন করা কোনোভাবেই কাম্য নয়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, لَيَكُوْنَنَّ مِنْ أُمَّتِىْ أَقْوَامٌ يَسْتَحِلُّوْنَ الْحِرَ وَالْحَرِيْرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ ‘আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে’।[১৭] রাসূলুল্লাহ (ﷺ) বলেন, إِنَّ اللهَ حَرَّمَ عَلَىَّ أَوْ حُرِّمَ الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْكُوبَةُ ‘আল্লাহ আমার উপর হারাম করেছেন অথবা হারাম করা হয়েছে মদ, জুয়া ও তবলা’।[১৮]

তবে বিয়ে উপলক্ষে আনন্দ প্রকাশ এবং বিয়ের ঘোষণা দেওয়ার ক্ষেত্রে ইসলামে নির্দিষ্ট পরিসরে দফ বাজানোর অনুমতি রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে বিবাহসহ বিভিন্ন সময়ে দফ বাজানোর প্রমাণ পাওয়া যায়। বিয়ের ঘোষণা করার জন্য দফ বা একমুখা ঢোল বাজানো বৈধ।[১৯]

অতএব, বিবাহের আনন্দ উদযাপন করতে গিয়ে আমাদের উচিত ইসলামী বিধান ও শালীনতা বজায় রাখা। অশ্লীল গান-বাদ্য ও অনৈসলামিক কর্মকাণ্ড পরিহার করে বৈধ পন্থায় আনন্দ উদযাপন করাই একজন মুসলিমের কর্তব্য।

(জ) মহিলা বরযাত্রী

বর্তমান সমাজে বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জা, ফ্যাশন ও লোকদেখানো আয়োজনের প্রবণতা ক্রমেই বাড়ছে। অনেক সময় মহিলারা আকর্ষণীয় ও পাতলা পোশাক পরিধান করে, পর্দার বিধান উপেক্ষা করে বরযাত্রী হিসেবে কনের বাড়িতে যান। অথচ আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে ইসলামের বিধান ভুলে যাওয়া কখনোই উচিত নয়। মহান আল্লাহ বলেন, وَ لَا یُبۡدِیۡنَ  زِیۡنَتَہُنَّ  اِلَّا مَا ظَہَرَ  مِنۡہَا وَ لۡیَضۡرِبۡنَ بِخُمُرِہِنَّ عَلٰی جُیُوۡبِہِنَّ  ‘তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া। আর তারা যেন তাদের ওড়না বক্ষদেশের ওপর টেনে দেয়’ (সূরা আন-নূর, ২৪ : ৩১)।

রাসূলুল্লাহ (ﷺ) এমন নারীদের ব্যাপারে সতর্ক করেছেন, যারা পোশাক পরেও উলঙ্গ। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এমন নারী, যারা পোশাক পরিহিতা হয়েও উলঙ্গ, অন্যদের আকৃষ্টকারী ও নিজেরাও আকৃষ্ট; তাদের মাথা হেলে থাকা বুখতী উটের কুঁজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না।[২০]

অতএব, মহিলারা বরযাত্রী হিসেবে গেলে যথাযথ পর্দা, ঢিলেঢালা ও অস্বচ্ছ পোশাক এবং মার্জিত আচরণ বজায় রাখতে হবে। পরপুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শন, সুগন্ধি ব্যবহার ও অনাবশ্যক মেলামেশা থেকে বিরত থাকতে হবে।

(ঝ) বিধর্মী সাজগোজ

বর্তমানে বিয়ের অনুষ্ঠানে বর-কনের সাজসজ্জায় বিউটি পার্লারকেন্দ্রিক নানা ফ্যাশন ও আড়ম্বরের প্রচলন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব সাজসজ্জার কিছু ক্ষেত্রে অমুসলিমদের ধর্মীয় প্রতীক, সংস্কৃতি ও রীতিনীতির অনুকরণও লক্ষ করা যায়। যেমন, কপালে টিপ বা তিলক পরা, সিঁদুর ব্যবহার, ধর্মীয় বৈশিষ্ট্যসম্পন্ন গায়ে হলুদের রীতি, মাথায় মুকুট ও টোপর পরা কিংবা বিজাতীয় পোশাক ইত্যাদি। অথচ একজন মুসলিমের স্বতন্ত্র পরিচয় শুধু তার বিশ্বাস ও ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তার পোশাক-পরিচ্ছদ, চালচলন ও সংস্কৃতিতেও ইসলামী আদর্শের প্রতিফলন থাকা উচিত।

দুঃখজনক বিষয় হলো, অনেক সময় বিয়ের সাজসজ্জা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ছালাত আদায়েও অবহেলা করা হয়; এমনকি কেউ কেউ ছালাত পরিত্যাগ পর্যন্ত করেন। অথচ কোনো সাজসজ্জাই ফরয ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। সৌন্দর্যচর্চা ও পরিপাটি থাকা ইসলামে নিষিদ্ধ নয়; বরং তা হতে হবে শালীনতা, পবিত্রতা ও শরী‘আতের সীমারেখা বজায় রেখে। সাজসজ্জার পেছনে অপচয়, অহংকার ও লোকদেখানো মনোভাব পরিহার করাও যরূরী। এ ক্ষেত্রে নেইল পলিশ, কপালে টিপ এবং অন্যান্য প্রসাধনসামগ্রীর ব্যবহার সম্পর্কেও শরী‘আতের বিধান জানা ও মেনে চলা আবশ্যক। বিশেষত, নেইল পলিশের কোনো স্তর পানি পৌঁছাতে বাধা দিলে ওযূর সময় তা অপসারণ করতে হবে।

একইভাবে, কোনো সাজসজ্জা অন্য ধর্মের স্বতন্ত্র ধর্মীয় প্রতীক বা পরিচয়ের অংশ হলে তা গ্রহণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে শুধু অন্য জাতির মধ্যে প্রচলিত বলেই কোনো সাজসজ্জা হারাম নয়; বরং ধর্মীয় স্বাতন্ত্রবিরোধী অনুকরণ ও শরী‘আতবিরোধী কাজ পরিহার করা যরূরী। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অনুকরণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত’।[২১]

অতএব, বিয়ের সাজসজ্জায় শালীনতা ও ইসলামী বিধান মেনে চলতে হবে। লোকদেখানো ফ্যাশন নয়, ইসলামী আদর্শই হোক আমাদের সাজসজ্জার মানদণ্ড।

(ঞ) গেইট দিয়ে বরযাত্রীকে আটকানো

বিয়ের অনুষ্ঠানে বর ও বরযাত্রী কনের বাড়িতে পৌঁছালে গেইট বা ফটকে পথ আটকে রাখা, ফিতা বেঁধে দেওয়া এবং টাকা বা উপহার না দেওয়া পর্যন্ত প্রবেশ করতে না দেওয়ার রীতি বর্তমানে অনেক এলাকায় প্রচলিত। একে অনেকে আনন্দ ও রসিকতার অংশ মনে করলেও, এটি ইসলামের কোনো প্রমাণিত সুন্নাহ বা বিয়ের আবশ্যকীয় অংশ নয়। এই প্রথার পেছনে সাধারণত বরপক্ষের কাছ থেকে জোরপূর্বক বা চাপ সৃষ্টি করে অর্থ আদায়ের মানসিকতা কাজ করে। অথচ ইসলামে কারো সম্পদ তার আন্তরিক সম্মতি ছাড়া গ্রহণ করা বৈধ নয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ ‘কোনো মুসলিমের সম্পদ তার আন্তরিক সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা বৈধ নয়’।[২২] সুতরাং বরপক্ষের কেউ যদি সামাজিক লজ্জা, অপমান বা প্রবেশে বাধা পাওয়ার আশঙ্কায় টাকা দিতে বাধ্য হন, তাহলে সেটিকে স্বতঃস্ফূর্ত উপহার বলে ধরে নেওয়া ঠিক নয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার অতিথিকে সম্মান করে’।[২৩] অতএব, বর ও বরযাত্রীকে গেইটে আটকে রেখে অর্থের জন্য চাপ দেওয়া, বিব্রত করা কিংবা অপমান করা অতিথির সম্মান রক্ষার এই শিক্ষার পরিপন্থী হতে পারে। এই রীতিকে কেন্দ্র করে অনেক সময় কথা কাটাকাটি, অপমান ও দুই পরিবারের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। তাই এমন আচরণ পরিহার করা উচিত, যা অন্যের কষ্ট বা বিরোধের কারণ হয়। সুতরাং, বিয়ের গেইটে বরযাত্রীদের স্বাগত জানানোর নামে জোরপূর্বক টাকা আদায় করা, টাকা না দিলে প্রবেশে বাধা দেওয়া কিংবা কাউকে অপমান করা থেকে বিরত থাকা উচিত।

(ট) বিশাল বহর নিয়ে কনের বাড়ীতে যাওয়া

বিয়ের অনুষ্ঠানে বর ও বরযাত্রীর সঙ্গে বিশাল বহর নিয়ে কনের বাড়িতে যাওয়া আমাদের সমাজের একটি প্রচলিত রীতি। কখনো নিমন্ত্রণ ছাড়াই বাড়তি লোক যায়, কখনো গাড়ির বহর, বাদ্যবাজনা ও জাঁকজমক দিয়ে শক্তি ও আভিজাত্য দেখানো হয়। এতে কনের পরিবারের উপর বিপুল আর্থিক ও মানসিক চাপ পড়ে। অনেক সময় অতিথি আপ্যায়নের খরচ জোগাতে তাদের ঋণও করতে হয়।

ইসলামে বরযাত্রীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। তবে অন্যের সামর্থ্য, সুবিধা ও সম্মতির প্রতি খেয়াল রাখা যরূরী। বিশেষ করে নিমন্ত্রণের বাইরে অতিরিক্ত লোক নিয়ে যাওয়ার ক্ষেত্রে গৃহকর্তার সম্মতি বিবেচনা করা উচিত। আবূ মাসঊদ আনছারী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, আবূ শু‘আইব (রাযিয়াল্লাহু আনহু) রাসূলুল্লাহ (ﷺ)-কে খাবারের দাওয়াত দিলে তাঁদের সঙ্গে আরেক ব্যক্তি উপস্থিত হন। তখন রাসুলুল্লাহ (ﷺ) গৃহকর্তাকে বলেন,

إِنَّ هَذَا قَدْ تَبِعَنَا، فَإِنْ شِئْتَ أَنْ تَأْذَنَ لَهُ فَأْذَنْ لَهُ، وَإِنْ شِئْتَ أَنْ يَرْجِعَ رَجَعَ فَقالَ: لا، بَلْ قدْ أذِنْتُ له

‘এই ব্যক্তি আমাদের সঙ্গে এসেছে। তুমি চাইলে তাকে অনুমতি দিতে পারো; আর চাইলে সে ফিরে যাবে। অতঃপর গৃহকর্তা বলল, না; আমি তাঁকে অনুমতি দিলাম’।[২৪]

অতএব, বুঝা গেল অতিরিক্ত অতিথির ব্যাপারে গৃহকর্তার সম্মতির প্রতি গুরুত্ব দেওয়া উচিত। সুতরাং বরপক্ষের উচিত কনেপক্ষের সঙ্গে আলোচনা করে বরযাত্রীর সংখ্যা নির্ধারণ করা এবং তাদের ওপর অযাচিত বোঝা চাপিয়ে না দেওয়া।

(ঠ) অপচয় ও অপব্যয় করা

বর্তমানে অনেক বিয়েতে লোকদেখানো ও সামাজিক মর্যাদা প্রদর্শনের জন্য অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা হয়। যেমন, দামি দাওয়াতের কার্ড, বাহারি পোশাক, পটকা-আতশবাজি, অতিরিক্ত আলোকসজ্জা ও অন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজন। এসব করতে গিয়ে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন। অথচ ইসলাম অপচয় ও অপব্যয় নিষেধ করেছে। মহান আল্লাহ বলেন,

 وَ لَا  تُبَذِّرۡ  تَبۡذِیۡرًا  . اِنَّ الۡمُبَذِّرِیۡنَ کَانُوۡۤا اِخۡوَانَ الشَّیٰطِیۡنِ ؕ وَ کَانَ الشَّیۡطٰنُ لِرَبِّہٖ کَفُوۡرًا

‘তোমরা কোনোভাবেই অপব্যয় করো না। নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানদের ভাই। আর শয়তান তার রবের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ’ (সূরা আল-ইসরা, ১৭ : ২৬, ২৭)।

বিয়েকে সহজ ও ব্যয়ভার কম রাখার ব্যাপারে হাদীছে উৎসাহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, خيرُ النِّكاحِ أيْسَرُهُ ‘সর্বোত্তম বিয়ে হলো, যে বিয়ে সবচেয়ে সহজ’।[২৫] সুতরাং বিয়েতে আনন্দ ও সুন্দর আয়োজন করা বৈধ; কিন্তু লোকদেখানো, অহংকার এবং সামর্থ্যের বাইরে ব্যয় করে ঋণগ্রস্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। বিয়ের প্রকৃত সৌন্দর্য জাঁকজমকে নয়; বরং সহজতা, আন্তরিকতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে।

(ড) অনৈসলামী রীতি ও কুসংস্কার

আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন অনৈসলামী রীতি প্রচলিত রয়েছে। যেমন, বাঁশের কুলায় চন্দন, মেহেদি, হলুদ, ধান, দূর্বা ঘাস, কলা ও সিঁদুর রাখা; মাটির পাত্রে তেল দিয়ে আগুন জ্বালানো; বর-কনের কপালে তিনবার হলুদ মাখানো; আগুনের ধোঁয়া মুখে দেওয়া এবং কুলা হেলিয়ে-দুলিয়ে বাতাস করা। কোনো কোনো এলাকায় বর-কনেকে গোসল করাতে নেওয়ার সময় মাথার ওপর চাদরের চার কোণা চারজন ধরে রাখে। আবার বিয়েতে যাওয়ার আগে বরকে পিঁড়িতে বসিয়ে বা সিল-পাটায় দাঁড় করিয়ে দুধ-ভাত খাওয়ানো হয়।

এ ছাড়া সম্মান প্রদর্শনের নামে বর-কনের মুরব্বিদের সামনে কদমবুসি করা এবং বিয়ের পর বর দাঁড়িয়ে সবাইকে সালাম করার মতো প্রথাও প্রচলিত রয়েছে। এসব প্রথার কোনো কোনোটি ধর্মীয় বিশ্বাস বা বিশেষ আচার হিসেবে পালিত হলে তা শরী‘আতের দৃষ্টিতে আপত্তিকর হতে পারে। তাই প্রতিটি রীতির প্রকৃতি ও উদ্দেশ্য বিবেচনা করে কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণ করা যরূরী।

অন্যদিকে, নারীদের ভ্রু উপড়ানো, মাথায় কৃত্রিম চুল সংযোজন এবং সৌন্দর্যের জন্য দাঁতের স্বাভাবিক গঠন পরিবর্তন করার ব্যাপারে হাদীছে নিষেধাজ্ঞা এসেছে। তেমনি নখ বড় রাখা পরিচ্ছন্নতা ও সুন্নাহর পরিপন্থী। তাই বিয়ের সাজসজ্জাসহ জীবনের সব ক্ষেত্রে মুসলিমদের শরী‘আতসম্মত পন্থা অবলম্বন করা উচিত।

(ইনশাআল্লাহ চলবে)

* দাওরায়ে হাদীছ, মাদরাসাতুল হাদীস, নাজির বাজার, ঢাকা। অধ্যয়নরত, আক্বীদা ও দাওয়াহ বিভাগ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব।

তথ্যসূত্র :
[১]. নাছিরুদ্দীন আলবানী, আদাবুয যিফাফ, মাসআলা নং-২৪।
[২]. ছহীহুল বুখারী, হা/৫১৫৫; ছহীহ মুসলিম, হা/১৪২৭।
[৩]. ছহীহুল বুখারী, হা/৪৭৯৪; ছহীহ মুসলিম, হা/১৪২৮।
[৪]. ছহীহুল বুখারী, হা/৫১৭৭; ছহীহ মুসলিম, হা/১৪৩২।
[৫]. ছহীহুল বুখারী, হা/৫১৭৩; ছহীহ মুসলিম, হা/১৪২৯।
[৬]. ছহীহুল বুখারী, হা/৫৭৫৭; ছহীহ মুসলিম, হা/২২২০।
[৭]. সুনানু আবী দাঊদ, হা/৩৯১০; সুনানুত তিরমিযী, হা/১৬১৪।
[৮]. ছহীহ মুসলিম, হা/১৪২৩।
[৯]. ছহীহুল বুখারী, হা/৫১৩২; ছহীহ মুসলিম, হা/১৪২৫।
[১০]. সুনানুত তিরমিযী, হা/১১১৪; সুনানু আবী দাঊদ, হা/২১০৬।
[১১]. ছহীহুল জামে‘, হা/৩২৭৯; সুনানু আবী দাঊদ, হা/২১১৭।
[১২]. শায়খ ইবনে বায, মাজমূঊল ফাতাওয়া, ফাতাওয়া নং-১৯১০৩।
[১৩]. আদাবুয যিফাফ, মাসআলা নং-৩৮।
[১৪]. সুনানু আবী দাঊদ, হা/৪০৩১।
[১৫]. ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ, ১৯তম খণ্ড, পৃ. ১৪৭, ফাতাওয়া নং-৪১২৭।
[১৬]. ছহীহুল বুখারী, হা/৫১৫৫; ছহীহ মুসলিম, হা/১৪২৭।
[১৭]. ছহীহুল বুখারী, হা/৫৫৯০।
[১৮]. সুনানু আবী দাঊদ, হা/৩৬৯৬।
[১৯]. আদাবুয যিফাফ, মাসআলা নং-৩৭।
[২০]. ছহীহ মুসলিম, হা/২১২৮; মুসনাদে আহমাদ, হা/৮৬৬৫।
[২১]. সুনানু আবী দাঊদ, হা/৪০৩১।
[২২]. ছহীহ আল-জামি‘, হা/৭৬৬২।
[২৩]. ছহীহুল বুখারী, হা/৬০১৮; ছহীহ মুসলিম, হা/৪৭।
[২৪]. ছহীহুল বুখারী, হা/২০৮১।
[২৫]. সুনানু আবী দাঊদ, হা/২১১৭; ছহীহ ইবনে হিব্বান, হা/৪০৭২।




প্রসঙ্গসমূহ »: পরিবার বিবাহ ও তালাক
তারুণ্যের উপর সন্ত্রাসবাদের হিংস্র ছোবল : প্রতিকারের উপায় (শেষ কিস্তি) - ড. মুহাম্মাদ বযলুর রহমান
প্রচলিত তাবলীগ জামা‘আত সম্পর্কে শীর্ষ ওলামায়ে কেরামের অবস্থান (শেষ কিস্তি) - অনুবাদ : আব্দুর রাযযাক বিন আব্দুল ক্বাদির
ফাযায়েলে কুরআন (৬ষ্ঠ কিস্তি) - আব্দুল্লাহ বিন আব্দুর রহীম
আশূরায়ে মুহাররম - ড. সাদীক মাহমূদ
প্রচলিত তাবলীগ জামা‘আত সম্পর্কে শীর্ষ ওলামায়ে কেরামের অবস্থান (৪র্থ কিস্তি) - অনুবাদ : আব্দুর রাযযাক বিন আব্দুল ক্বাদির
ঘুম ও রাত্রিকালীন দু‘আ ও যিকর - আবূ মাহী
বিদ‘আত পরিচিতি (১৫তম কিস্তি) - ড. মুহাম্মাদ বযলুর রহমান
মু‘তাযিলা মতবাদ ও তাদের ভ্রান্ত আক্বীদাসমূহ (৪র্থ কিস্তি) - আব্দুল্লাহ বিন আব্দুর রহীম
ইমাম মাহদী, দাজ্জাল ও ঈসা (আলাইহিস সালাম) -এর আগমন সংশয় নিরসন (৭ম কিস্তি) - হাসিবুর রহমান বুখারী
ইমাম মাহদী, দাজ্জাল ও ঈসা (আলাইহিস সালাম)-এর আগমন সংশয় নিরসন (২য় কিস্তি) - হাসিবুর রহমান বুখারী
ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় যুবসমাজ (৬ষ্ঠ কিস্তি) - ড. মেসবাহুল ইসলাম
সূদ-ঘুষ ও অবৈধ ব্যবসা (৩য় কিস্তি) - ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর

ফেসবুক পেজ