সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সফল জীবনের তিন অমূল্য সম্পদ

 - শায়খ আব্দুল গাফফার মাদানী* 



সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার নিমিত্তে; যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে দুনিয়া ও আখিরাতের সফলতার পথ দেখিয়েছেন। অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি; যিনি তাঁর উম্মতকে এমন সব অমূল্য সম্পদের সন্ধান দিয়েছেন, যা অর্জন করলে মানুষ প্রকৃত অর্থেই সফল, সৌভাগ্যবান ও কল্যাণপ্রাপ্ত হয়। পরকথা হল- মানুষের জীবনে প্রকৃত সফলতা কেবল ধন-সম্পদ, পদ-পদবি বা পার্থিব প্রাচুর্যের নাম নয়; বরং সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় শান্তিময় জীবন এবং আখিরাতে চিরস্থায়ী মুক্তি লাভ করা। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ সম্পদ বলতে অর্থ, বাড়ি, গাড়ি কিংবা ক্ষমতাকেই বোঝে। অথচ এসব সম্পদ ক্ষণস্থায়ী; সময়ের পালাবদলে এগুলো হারিয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) আমাদের এমন কিছু সম্পদের কথা শিক্ষা দিয়েছেন, যা কখনো মূল্যহীন হয় না, কখনো পুরোনো হয় না এবং যার সুফল দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত অব্যাহত থাকে। এগুলোই মানুষের প্রকৃত সম্পদ, প্রকৃত সৌভাগ্য এবং চিরস্থায়ী সফলতার মূলধন।*

সুধী পাঠক! আসুন, আমরা নিচের হাদীছটি একটু গভীর মনোযোগ দিয়ে পড়ি এবং হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি। এটি কোন মনীষীর উক্তি, দার্শনিকের চিন্তা কিংবা কাল্পনিক গল্প নয়। বরং মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও সর্বশেষ নবী, মুহাম্মাদ (ﷺ)-এর অমূল্য উপদেশ। তিনি দ্বীনের বিষয়ে নিজের প্রবৃত্তি থেকে কথা বলতেন না। আল্লাহ তা‘আলার ওহীর নির্দেশনায় কথা বলতেন। আল্লাহ তা‘আলা বলেন,

وَ مَا یَنۡطِقُ عَنِ  الۡہَوٰی  ؕ﴿۳﴾  اِنۡ  ہُوَ   اِلَّا  وَحۡیٌ   یُّوۡحٰی

‘তিনি নিজের প্রবৃত্তি থেকে কোন কথা বলেন না। কেবল তা ওহী; যা তাঁর প্রতি প্রত্যাদেশ করা হয়’ (সূরা আন-নাজম: ৩-৪)। হাদীছে এসেছে,

عَن ثَوْبَانَ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ: لَمَّا نَزَلَتْ: ﴿وَ الَّذِیۡنَ یَکۡنِزُوۡنَ الذَّہَبَ وَ الۡفِضَّۃَ﴾ قَالَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ ﷺ فَأَيُّ الْمَالِ نَتَّخِذُ؟ فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ ্রلِيَتَّخِذْ أَحَدُكُم قَلْبًا شَاكِرًا، وَلِسَانًا ذَاكِرًا، وَزَوْجَةً مُؤْمِنَةً تُعِيْنُهُ عَلَى إِيْمَانِهِ

ছাওবান (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহর এই বাণী নাযিল হল, وَ الَّذِیۡنَ یَکۡنِزُوۡنَ الذَّہَبَ وَ الۡفِضَّۃَ ‘যারা স্বর্ণ ও রৌপ্য সঞ্চয় করে...’ (সূরা আত-তাওবাহ : ৩৪); তখন ছাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! তাহলে আমরা কোন্ সম্পদ সঞ্চয় করব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ‘তোমাদের প্রত্যেকে যেন একটি কৃতজ্ঞ হৃদয়, আল্লাহর যিকিরে সদা ব্যস্ত একটি জিহ্বা এবং এমন একজন মুমিনা স্ত্রী গ্রহণ করে, যে তাকে আখিরাতের কাজে সহযোগিতা করবে’।[১]  এই হাদীছে রাসূলুল্লাহ (ﷺ) তিনটি সম্পদের কথা উল্লেখ করেছেন, যা স্বর্ণ-রৌপ্য, অট্টালিকা কিংবা পার্থিব ধন-সম্পদের চেয়েও মূল্যবান। যে ব্যক্তি এই তিনটি সম্পদের অধিকারী হয়, সে প্রকৃতার্থেই আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত।

পঠভূমি

এই হাদীছের পটভূমি অত্যন্ত শিক্ষণীয়। সূরা আত-তাওবার ৩৪ নম্বর আয়াতে স্বর্ণ-রৌপ্য জমা করে আল্লাহর পথে ব্যয় না করার কঠোর সতর্কবাণী নাযিল হলে ছাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন। তাঁদের প্রশ্ন ছিল, যদি স্বর্ণ-রৌপ্য সঞ্চয় করা নিন্দনীয় হয়, তবে একজন মুমিনের জন্য সর্বোত্তম সম্পদ কী হতে পারে? রাসূলুল্লাহ (ﷺ) তাদের প্রশ্নের উত্তরে এমন তিনটি সম্পদের কথা উল্লেখ করলেন, যেগুলো কখনো নষ্ট হয় না, চুরি হয় না, যাকাত দেয়ার পর কমে যায় না। বরং মানুষকে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি এনে দেয়। এ থেকেই বোঝা যায়, ইসলামের দৃষ্টিতে প্রকৃত সম্পদ মানে অর্থ-সম্পদ নয়; বরং যা মানুষের ঈমান, আমল ও আখিরাতকে সমৃদ্ধ করে, সেটিই প্রকৃত সর্বোত্তম সম্পদ।

১. কৃতজ্ঞ হৃদয়

রাসূলুল্লাহ (ﷺ) সর্বপ্রথম যে সম্পদের কথা উল্লেখ করেছেন, তা হল ‘কৃতজ্ঞ হৃদয়’। কৃতজ্ঞতা বা শুকরিয়া শুধু মুখে মুখে ‘আলহামদুলিল্লাহ’ বলার নাম নয়। বরং এটি অন্তরের এমন অবস্থা, যেখানে বান্দা সর্বদা আল্লাহর নে‘মতকে স্বীকার করে। তাঁর প্রতি সন্তুষ্ট থাকে এবং প্রতিটি নে‘মতকে তাঁর সন্তুষ্টির পথে ব্যয় করার চেষ্টা করে। কুরআন কারীমে এসেছে, মহান আল্লাহ বলেন, لَئِنۡ شَکَرۡتُمۡ لَاَزِیۡدَنَّکُمۡ ‘তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ কর, তবে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আরও বৃদ্ধি করে দেব’ (সূরা ইবরাহীম : ৭)। এ আয়াতে আমরা দেখতে পাই, কৃতজ্ঞতা শুধু একটি নৈতিক গুণ নয়; বরং এটি আল্লাহর নে‘মত বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। কৃতজ্ঞতা বা শুকরের মূল হল, অন্তরে  নে‘মতদাতাকে স্বীকার করা, মুখে তাঁর প্রশংসা করা এবং অঙ্গ-প্রত্যঙ্গকে তাঁর আনুগত্যে নিয়োজিত করা। অতএব ‘কৃতজ্ঞ হৃদয়’ এমন হৃদয়, যা নে‘মতের জন্য অহংকার করে না। বিপদে আল্লাহর ফয়ছালায় অসন্তুষ্ট হয় না। সুখে আল্লাহকে ভুলে যায় না; বরং সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে এবং তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। মূলত এমন হৃদয়ই প্রকৃত সম্পদ। কারণ ধন-সম্পদ হারিয়ে যেতে পারে কিন্তু কৃতজ্ঞ হৃদয় মানুষকে আল্লাহর নৈকট্য দান করে, ঈমানকে সুদৃঢ় করে এবং তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে পরিচালিত করে।

২. যিকিরকারী জিহ্বা

কৃতজ্ঞ হৃদয়ের পর রাসূলুল্লাহ (ﷺ) দ্বিতীয় সম্পদের কথা উল্লেখ করেছেন, তা হল যিকিরকারী জিহ্বা। এটি এমন এক অমূল্য সম্পদ, যা কোন অর্থ দিয়ে কেনা যায় না। কিন্তু এর মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি, অন্তরের প্রশান্তি এবং আখিরাতের মুক্তি অর্জন করতে পারে। যিকির অর্থ শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা নয়; বরং আল্লাহকে স্মরণ করে তাঁর আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা, কুরআন তিলাওয়াত, দু‘আ, ইস্তিগফার, তাহলীল, তাকবীর, তাহমীদ এসবই যিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ তা‘আলা বলেন,

یٰۤاَیُّہَاالَّذِیۡنَ  اٰمَنُوا اذۡکُرُوا اللّٰہَ  ذِکۡرًا کَثِیۡرًا- وَّ سَبِّحُوۡہُ  بُکۡرَۃً  وَّ  اَصِیۡلًا

‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর এবং সকাল-সন্ধ্যা তাঁর পবিত্রতা ঘোষণা কর’ (সূরা আল আহযাব : ৪১-৪২)। আল্লাহ তা‘আলা আরও বলেন, اَلَا بِذِکۡرِ اللّٰہِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ ‘জেনে রাখ! আল্লাহর যিকিরের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে’ (সূরা আর-রা‘দ : ২৮)।

এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে, প্রকৃত মানসিক প্রশান্তি ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতিতে নয়; বরং আল্লাহর স্মরণে নিহিত। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ ‘যে ব্যক্তি তার রবের যিকির করে এবং যে যিকির করে না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির ন্যায়’।[২]

এই হাদীছে রাসূল (ﷺ) বুঝিয়েছেন যে, যিকির মানুষের হৃদয়কে জীবন্ত রাখে। যিকিরহীন হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায় এবং আল্লাহ থেকে দূরে সরে যায়। আরেক হাদীছে রাসূলুল্লাহ (ﷺ) বলেন,

أَلَا أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ وَأَزْكَاهَا عِنْدَ مَلِيْكِكُمْ وَأَرْفَعِهَا فِيْ دَرَجَاتِكُمْ وَخَيرٍ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ والفِضَّةِ وَخَيْرٍ لَكُمْ مِنْ أَن تَلْقَوا عَدُوَّكُمْ فَتَضْرِبُوْا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوْا أَعْنَاقَكُمْ؟ قَالَوْا: بَلَى قَالَ ذِكرُ الله تَعَالٰـى

‘আমি কি তোমাদেরকে তোমাদের উত্তম কাজের সন্ধান দেব না, যা তোমাদের রবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদা সবার চেয়ে বেশি বৃদ্ধিকারী, সোনা-চাঁদি দান করার চেয়েও উত্তম এবং শত্রুর সম্মুখীন হয়ে গর্দান কাটা ও কাটানোর চেয়ে শ্রেয়? ছাহাবীগণ বললেন, অবশ্যই বলে দিন। তিনি বললেন, আল্লাহ তা‘আলার যিকর।[৩] ইবনুল ক্বাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যিকির হৃদয়ের প্রাণ, তার খাদ্য এবং শক্তি। হৃদয় যিকির থেকে বিচ্ছিন্ন হলে তা এমন দুর্বল হয়ে পড়ে, যেমন পানি থেকে বিচ্ছিন্ন মাছ দুর্বল হয়ে পড়ে’।[৪]

যিকির এমন একটি ইবাদত, যার কোন নির্দিষ্ট সীমা নেই। বান্দা যত বেশি আল্লাহকে স্মরণ করবে, ততই সে আল্লাহর নৈকট্য লাভ করবে। কেননা যিকির হল ঈমানের প্রাণ। যে হৃদয় যিকিরে সজীব থাকে, সে হৃদয়ে শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায়।

যিকিরকারী জিহ্বার বৈশিষ্ট্য: একজন মুমিনের জিহ্বা সর্বদা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে। মিথ্যা, গীবত, চোগলখোরি ও অশ্লীল ভাষা থেকে বিরত থাকে। কুরআন তিলাওয়াতে অভ্যস্ত হয়। অধিক পরিমাণে ইস্তিগফার করে। মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলে। এমন জিহ্বাই রাসূলুল্লাহ (ﷺ)-এর ভাষায় প্রকৃত সম্পদ।

এখানে অনুধাবনীয় বিষয় হল- (১) যিকির মানুষের হৃদয়কে জীবন্ত রাখে। (২) আল্লাহর স্মরণই প্রকৃত প্রশান্তির উৎস। (৩) যে জিহ্বা যিকিরে ব্যস্ত থাকে, তা সাধারণত গুনাহ থেকে নিরাপদ থাকে। (৪) যিকির দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফলতার অন্যতম মাধ্যম। (৫) একজন মুসলিমের প্রতিদিনের জীবন তাসবীহ, তাহমীদ, তাকবীর, তাহলীল, ইস্তিগফার ও কুরআন তিলাওয়াত দ্বারা সমৃদ্ধ হওয়া উচিত।

৩. মুমিনা স্ত্রী

রাসূলুল্লাহ (ﷺ) এই হাদীছে তিনটি সর্বোত্তম সম্পদের কথা উল্লেখ করেছেন। প্রথম দু’টি হল- কৃতজ্ঞ হৃদয় এবং যিকিরকারী জিহ্বা। এরপর তিনি তৃতীয় যে সম্পদের কথা বলেছেন, তা হল- وَزَوْجَةً مُؤْمِنَةً تُعِينُهُ عَلَى إِيْمَانِهِ ‘এবং এমন একজন মুমিনা স্ত্রী, যে স্বামীকে ঈমানের কাজে সহযোগিতা করে’।[৫]

এখানে রাসূলুল্লাহ (ﷺ) শুধু ‘মুমিন স্ত্রী’ বলেননি; বরং বলেছেন, ‘যে ঈমানের ব্যাপারে সহযোগিতা করবে’। অর্থাৎ স্ত্রীর সর্বশ্রেষ্ঠ গুণ শুধু তার ঈমান নয়, বরং সেই ঈমানের বাস্তব প্রকাশ, যা স্বামীকে আল্লাহর আনুগত্যে উদ্বুদ্ধ করে। কেন নেককার স্ত্রীকে ‘উত্তম সম্পদ’ বলা হয়েছে? মানুষ সাধারণত সম্পদ বলতে অর্থ, স্বর্ণ, জমি, ব্যবসা কিংবা বাড়িঘরকে বোঝে। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) জানিয়ে দিলেন, প্রকৃত সম্পদ এমন কিছু, যা মানুষের ঈমান, চরিত্র ও আখিরাতকে সমৃদ্ধ করে। তাই অন্য একটি ছহীহ হাদীছে তিনি বলেন,

الدُّنْيَا مَتَاعٌ، وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ

‘দুনিয়া ভোগের সামগ্রী। দুনিয়ার সর্বোত্তম ভোগ্যসম্পদ হল নেককার স্ত্রী’।[৬] এখানে ‘ভোগ্যসম্পদ’ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ নেককার স্ত্রী এমন এক নে‘মত, যা মানুষকে শুধু দুনিয়ার শান্তিই দেয় না; বরং আখিরাতের সফলতারও মাধ্যম হয়। কুরআনের আলোকে নেককার স্ত্রীর বৈশিষ্ট্য, আল্লাহ তা‘আলা বলেন,

فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلۡغَیۡبِ بِمَا حَفِظَ اللّٰہُ

‘আর নেককার নারীরা অনুগত থাকে এবং স্বামীর অনুপস্থিতিতে নিজেকে সংরক্ষিত রাখে, যেভাবে আল্লাহ সংরক্ষিত রেখেছেন’ (সূরা আন-নিসা : ৩৪)।

এই আয়াতে আল্লাহ নেককার স্ত্রীর দু’টি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তিনি আল্লাহর আনুগত্যশীল। তিনি স্বামীর অনুপস্থিতিতেও বিশ্বস্ত ও আমানতদার। এগুলোই একটি সুখী মুসলিম পরিবারের ভিত্তি। জীবনসঙ্গী নির্বাচনের সর্বপ্রথম মানদণ্ড। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ: لِمَالِهَا، وَلِحَسَبِهَا، وَلِجَمَالِهَا، وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ

‘চারটি কারণে নারীকে বিবাহ করা হয়; তার সম্পদ, বংশ, সৌন্দর্য ও দ্বীনের জন্য। অতএব তুমি দ্বীনদার নারীকে প্রাধান্য দাও; নচেৎ তুমি ক্ষতিগ্রস্ত হবে’।[৭]

এই হাদীছের অর্থ এই নয় যে, সৌন্দর্য, বংশ বা সম্পদের কোন মূল্য নেই। বরং এগুলোর মধ্যে দ্বীনদারিতাই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। স্বামীর জন্য জান্নাতের পথে সহায়ক। নেককার স্ত্রী এমন একজন, যিনি (ক) স্বামীকে পাঁচ ওয়াক্ত ছালাত জামা‘আতের সাথে পড়ার জন্য উৎসাহিত করেন। (খ) তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত ও যিকিরে সহযোগিতা করেন। (গ) হারাম উপার্জন থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করেন। (ঘ) সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তোলেন। (ঙ) পরিবারে তাক্বওয়া ও সুন্নাহর পরিবেশ সৃষ্টি করেন।

এ কারণেই রাসূলুল্লাহ (ﷺ) ‘সুন্দরী স্ত্রী’ বা ‘ধনী স্ত্রী’ বলেননি। তিনি বলেছেন, تُعِينُهُ عَلَى إِيْمَانِهِ ‘যে তাকে আখিরাতের কাজে সহযোগিতা করে’। এই একটি বাক্যই ইসলামে আদর্শ দাম্পত্য জীবনের সর্বোচ্চ লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে। ইসলাম শুধু দ্বীনদার স্ত্রী নির্বাচন করতে বলেনি। বরং একজন আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্যও বর্ণনা করেছে। রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, أَيُّ النِّسَاءِ خَيْرٌ؟‘কোন নারী সর্বোত্তম’? উত্তরে তিনি বলেন,

اَلَّتِيْ تَسُرُّهُ إِذَا نَظَرَ، وَتُطِيْعُهُ إِذَا أَمَرَ، وَلَا تُخَالِفُهُ فِيْ نَفْسِهَا وَلَا مَالِهَا بِمَا يَكْرَهُ

‘সে নারী, যাকে দেখলে স্বামী আনন্দিত হয়; স্বামী কোন বৈধ নির্দেশ দিলে তা পালন করে এবং নিজের ব্যাপারে ও স্বামীর সম্পদের ব্যাপারে এমন কিছু করে না, যা স্বামী অপসন্দ করে’।[৮]

এই হাদীছ আমাদের শেখায়, একজন উত্তম স্ত্রীর সৌন্দর্য কেবল বাহ্যিক রূপে নয়; বরং তার ঈমান, চরিত্র, আনুগত্য, বিশ্বস্ততা এবং উত্তম ব্যবহারে। নেককার স্ত্রী স্বামীর জন্য আল্লাহর সর্বোত্তম নে‘মত। কেননা রাসূল (ﷺ) স্বর্ণ-রৌপ্যের পরিবর্তে এমন তিনটি সম্পদের কথা বলেছেন, যা মানুষের দ্বীনকে সংরক্ষণ করে এবং আখিরাতের সফলতার কারণ হয়। আর নেককার স্ত্রীকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কারণ সংসারজীবনে তিনিই স্বামীর দ্বীনদারির সবচেয়ে বড় সহযোগী হতে পারেন। অনেক মানুষ মনে করেন, বিয়ের উদ্দেশ্য শুধু পারিবারিক জীবন, সন্তান বা দুনিয়াবী সুখ। কিন্তু কুরআন ও সুন্নাহ আমাদের শিক্ষা দেয় যে, একজন মুসলিম স্বামী-স্ত্রীর সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত: পরস্পরকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের পথে সহযোগিতা করা। আল্লাহ তা‘আলা বলেন, وَ تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی ‘তোমরা সৎকাজ ও তাক্বওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা কর’ (সূরা আল-মায়িদাহ : ২)।

পরিশেষে আমরা বলতে পারি, প্রকৃত সম্পদ হল- ঈমান, যিকির ও নেককার পরিবার। কৃতজ্ঞতা আল্লাহর নে‘মত বৃদ্ধি করে এবং বান্দাকে বিনয়ী রাখে। যিকির মানুষের হৃদয়কে জীবন্ত রাখে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। জীবনসঙ্গী নির্বাচনে দ্বীনদারিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একজন নেককার স্ত্রী স্বামীর দুনিয়া ও আখিরাত; উভয় জীবনের সফলতার অন্যতম মাধ্যম। মুসলিম পরিবার গড়ে ওঠে পারস্পরিক তাক্বওয়া, দয়া, ভালোবাসা ও আল্লাহর আনুগত্যের ওপর। রাসূলুল্লাহ (ﷺ) মানুষের দৃষ্টি এমন এক সম্পদের দিকে ফিরিয়ে দিয়েছেন, যা কখনো চুরি হয় না, আগুনে পুড়ে না, মৃত্যুর সঙ্গে শেষ হয় না। ক্বিয়ামতের দিনও মানুষের উপকারে আসে। সেই সম্পদ হল, একটি কৃতজ্ঞ হৃদয়, একটি যিকিরকারী জিহ্বা এবং এমন একজন দ্বীনদার জীবনসঙ্গীনী; যিনি আখিরাতের পথে সহযোগিতা করেন। যে ব্যক্তি এই তিনটি নে‘মত লাভ করে, সে প্রকৃত অর্থেই আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত। কারণ এগুলোই মানুষের দুনিয়ার শান্তি, পারিবারিক বরকত এবং আখিরাতের চিরস্থায়ী সফলতার ভিত্তি। আল্লাহ তা‘আলা আমাদের প্রত্যেককে কৃতজ্ঞ হৃদয়, যিকিরে সজীব জিহ্বা এবং এমন পরিবার দান করুন, যারা পরস্পরকে জান্নাতের পথে সহযোগিতা করে। আমীন!

প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা! আমরা ইলম অর্জনের জন্য দিন-রাত পরিশ্রম করি। কিতাব পড়ি, পরীক্ষা দিই, সনদের জন্য চেষ্টা করি। কিন্তু ভেবে দেখেছি কি, যে তিনটি সম্পদকে রাসূলুল্লাহ (ﷺ) মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ বলেছেন, সেগুলো অর্জনের জন্য আমরা কতটুকু চেষ্টা করছি? আজ দুঃখের বিষয়, অনেক তালিবুল ইলম ইলম অর্জন করছে কিন্তু কৃতজ্ঞ হৃদয় গড়ে তুলছে না। সামান্য কষ্ট, সামান্য অভাব বা সামান্য পরীক্ষায় অভিযোগে ভরে যায় অন্তর। অথচ কৃতজ্ঞ হৃদয়ই আল্লাহর আরও নে‘মত লাভের চাবিকাঠি। আবার অনেকের জিহ্বা কিতাবের আলোচনা, তর্ক-বিতর্ক ও দুনিয়াবি কথায় ব্যস্ত; কিন্তু আল্লাহর যিকিরে শুষ্ক। অথচ যে জিহ্বা যিকিরে সজীব নয়, সেই জিহ্বা থেকে ইলমের বরকতও ধীরে ধীরে কমে যায়। আর ভবিষ্যৎ জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেকেই দ্বীনের চেয়ে সৌন্দর্য, অর্থ, বংশ বা দুনিয়াবি বিষয়কে বেশি গুরুত্ব দেয়। ফলে এমন সংসার গড়ে ওঠে, যা আখিরাতের সফরে সহযোগী না হয়ে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। অথচ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের এমন জীবনসঙ্গীর কথা বলেছেন, যিনি আখিরাতের পথে সাহায্য করবেন।

প্রিয় ছাত্রগণ! মনে রাখবেন, একজন আলেমের প্রকৃত পরিচয় শুধু তার জ্ঞান নয়; তার কৃতজ্ঞ হৃদয়, যিকিরময় জিহ্বা এবং তাক্বওয়াভিত্তিক পারিবারিক জীবন। এগুলো ছাড়া ইলমের সৌন্দর্য পূর্ণতা পায় না। তাই আসুন, আমরা শুধু পরীক্ষায় ভালো ফল করার সংকল্প না করে, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশিত এই তিন অমূল্য সম্পদ অর্জনেরও দৃঢ় সংকল্প করি। আল্লাহ তা‘আলা যেন আমাদের এমন হৃদয় দান করেন, যা সর্বদা শুকরগুজার; এমন জিহ্বা দান করেন, যা সদা তাঁর যিকিরে সজীব এবং এমন পরিবার দান করেন, যা আমাদের জান্নাতের পথে এগিয়ে দেয়। আল্লাহ তা‘আলা আমাদের ইলমকে আমলে, আমলকে ইখলাছে এবং জীবনকে তাঁর সন্তুষ্টিতে পরিপূর্ণ করে দিন। আমীন!

সম্মানিত উলামায়ে কিরাম, শাইখগণ, দাঈ ও তালিবুল ইলম! আমরা এমন এক আমানতের বাহক, যার মাধ্যমে মানুষ আল্লাহকে চিনে, হিদায়াতের পথ খুঁজে পায়। তাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হল- আমরা কি শুধু ইলমের বাহক, না-কি ইলমের বাস্তব নমুনাও? রাসূলুল্লাহ (ﷺ) এমন তিনটি সম্পদের কথা বলেছেন, যা একজন মুমিনের প্রকৃত সৌভাগ্য; তাহল- কৃতজ্ঞ অন্তর, আল্লাহর যিকিরে সজীব জিহ্বা এবং আখিরাতের পথে সহায়ক দ্বীনদার জীবনসঙ্গী। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, একজন দাঈ, আলেম বা স্কলারের সফলতার ভিত্তিও এই তিনটি বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে। আজ আমাদের সবার উচিত নিজেদেরকে প্রশ্ন করা যে, আমার জিহ্বা কি মানুষের সামনে বক্তৃতার চেয়ে আল্লাহর যিকিরে বেশি সজীব? আমার অন্তর কি মানুষের প্রশংসা পাওয়ার চেয়ে আল্লাহর নে‘মতের শুকরিয়ায় বেশি পরিপূর্ণ? আমার ঘর কি দাওয়াতের শক্তি, না-কি দাওয়াতের দুর্বলতা? ইলম, বক্তৃতা, জনপ্রিয়তা, অনুসারী, ভক্তবৃন্দ, সামাজিক মর্যাদা এসবই নে‘মত। কিন্তু যদি কৃতজ্ঞতা হারিয়ে যায়, যিকির কমে যায়, আর ঘরে দ্বীনের পরিবেশ দুর্বল হয়ে পড়ে, তাহলে বাহ্যিক সাফল্যের আড়ালে অন্তরের দেউলিয়াত্ব তৈরি হতে পারে।

তাই আসুন, আমরা কেবল ভালো বক্তা বা ভালো লেখক হওয়ার চেষ্টা না করে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হওয়ার চেষ্টা করি। কারণ ক্বিয়ামতের দিন মানুষ আমাদের করতালি, অনুসারীর সংখ্যা বা ভাইরাল বক্তব্য দিয়ে বিচার হবে না; বিচার হবে ইখলাছ, তাক্বওয়া ও আমল দিয়ে। আল্লাহ তা‘আলা আমাদের এমন ইলম দান করুন, যা আমল সৃষ্টি করে; এমন যিকির দান করুন, যা অন্তরকে জীবিত রাখে; এমন শুকর দান করুন, যা নে‘মত বৃদ্ধি করে এবং এমন পরিবার দান করুন, যা আমাদের জান্নাতের পথে সহযাত্রী হয়। আমীন!

(وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين)



* মুহাদ্দিছ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।

তথ্যসূত্র :
[১]. তিরমিযী, হা/৩০৯৪; ইবনু মাজাহ, হা/১৮৫৬, সনদ ছহীহ।
[২]. ছহীহ বুখারী, হা/৬৪০৭; ছহীহ মুসলিম, হা/১৮৫৯।
[৩]. তিরমিযী, হা/৩৩৭৭; ইবনু মাজাহ, হা/৩৭৯০; মুসনাদে আহমাদ, হা/২১১৯৫, ২৬৯৭৭, সনদ ছহীহ।
[৪]. আল-ওয়াবিলুস-ছাইয়্যিব মিন কালিমিত তাইয়্যিব, পৃ. ৪২-৪৩।
[৫]. তিরমিযী, হা/৩০৯৪; ইবনু মাজাহ, হা/১৮৫৬।
[৬]. ছহীহ মুসলিম, হা/১৪৬৭।
[৭]. ছহীহ বুখারী, হা/৫০৯০; ছহীহ মুসলিম, হা/১৪৬৬।
[৮]. নাসাঈ, হা/৩২৩১; মুসনাদে আহমাদ, হা/৭৪২১; ইরওয়া, হা/১৭৮৬; সিলসিলা ছহীহাহ্, হা/৮৩৩৮; ছহীহুল জামি‘, হা/৩২৯৮।




প্রসঙ্গসমূহ »: আমল তারবিয়াত
ইসলামী জামা‘আতের মূল স্তম্ভ (৯ম কিস্তি) - ড. মুহাম্মাদ মুছলেহুদ্দীন
ইসলামী পুনর্জাগরণের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় (৮ম কিস্তি) - ড. মুযাফফর বিন মুহসিন
কেমন ছিল রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর রামাযানের দিনগুলো? - শরীফ বিন আব্দুস সামাদ
তারুণ্যের উপর সন্ত্রাসবাদের হিংস্র ছোবল : প্রতিকারের উপায় (শেষ কিস্তি) - ড. মুহাম্মাদ বযলুর রহমান
আল-কুরআন তেলাওয়াতের ফযীলত (২য় কিস্তি) - আব্দুল্লাহ বিন আব্দুর রহীম
তাক্বওয়াই মুক্তির সোপান (পূর্ব প্রকাশিতের পর) - আব্দুর রশীদ
ধর্মীয় সংস্কারের স্বরূপ ও প্রকৃতি (৬ষ্ঠ কিস্তি) - ড. মুহাম্মাদ বযলুর রহমান
ইমাম মাহদী, দাজ্জাল ও ঈসা (আলাইহিস সালাম)-এর আগমন সংশয় নিরসন (৯ম কিস্তি) - হাসিবুর রহমান বুখারী
ইমাম মাহদী, দাজ্জাল ও ঈসা (আলাইহিস সালাম)-এর আগমন সংশয় নিরসন (৫ম কিস্তি) - হাসিবুর রহমান বুখারী
সুখময় সৌভাগ্যের মৃত্যু লাভের উপায় (৭ম কিস্তি) - ওমর ফারুক বিন মুসলিমুদ্দীন
কুরবানীর মাসায়েল - আল-ইখলাছ ডেস্ক
সূদ-ঘুষ ও অবৈধ ব্যবসা (৫ম কিস্তি) - ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর

ফেসবুক পেজ