সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সালাফী মানহাজ ও রাজনৈতিক চিন্তার উৎস

 -ড. মুহাম্মাদ বযলুর রহমান 


 (২য় কিস্তি) 

১.১.৪. ‘সালাফে ছালিহীন’ কারা?

ছাহাবী, তাবিঈ ও তাবে তাবিঈন এই তিন শ্রেষ্ঠ প্রজন্মকে সাধারণভাবে ‘সালাফে ছালিহীন’ বলা হয়। কারণ তাঁরা কেবল সময়ের দিক থেকে পূর্ববর্তী ছিলেন না, বরং কুরআন ও সুন্নাহ গ্রহণ, সংরক্ষণ, অনুধাবন ও বাস্তব প্রয়োগে ইসলামী উম্মাহর প্রাথমিক আদর্শ হিসাবে বিবেচিত। তবে ‘সালাফ’ শব্দের সময়গত অর্থ এবং ‘সালাফে ছালিহীন’-এর আদর্শগত অর্থ এক নয়। সব পূর্ববর্তী ব্যক্তিকে ‘সালাফে ছালিহীন’-এর মানহাজের আদর্শ প্রতিনিধি বলা যায় না। এ কারণেই ইসলামী সাহিত্য ও আক্বীদাগত আলোচনায় ‘আস-সালাফুছ ছালিহ’ ((السلف الصالح পরিভাষাটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। নিচে সালাফে ছালিহীনের স্তরগুলো আলোচনা করা হল:

>> ছাহাবায়ে কেরাম : মুহাদ্দিছ ইবনু হাজার আল-আসক্বালানী (৭৭৩-৮৫২ হি./১৩৭২-১৪৪৯ খ্রি.) (রাহিমাহুল্লাহ) বলেন, مَنْ لَقِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُؤْمِنًا بِهِ وَمَاتَ عَلَى الْإِسْلَامِ ‘যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে মুমিন অবস্থায় সাক্ষাৎ করেছেন এবং ইসলামের ওপর মৃত্যুবরণ করেছেন, তিনিই ছাহাবী’। অতঃপর সম্মানিত লেখক বলেন, ‘এ সংজ্ঞার অন্তর্ভুক্ত তাঁরাও হবেন, যাঁর সঙ্গে (ঈমানের সাথে) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাক্ষাৎ ও সঙ্গ দীর্ঘস্থায়ী ছিল কিংবা স্বল্পস্থায়ী; যিনি তাঁর থেকে হাদীছ বর্ণনা করেছেন কিংবা বর্ণনা করেননি; যিনি তাঁর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিংবা করেননি; যিনি কেবল তাঁকে দেখেছেন, যদিও তাঁর সঙ্গে বসেননি; এমনকি যিনি কোন প্রতিবন্ধকতা যেমন অন্ধত্বের কারণে, তাঁকে সরাসরি দেখতে পারেননি, কিন্তু তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন’।[১] সুতরাং সালাফে ছালিহীনের প্রথম এবং সর্বোচ্চ মর্যাদার স্তর হল রাসূলুল্লাহ (ﷺ)-এর ছাহাবীগণ। তাঁরা সরাসরি রাসূলুল্লাহ (ﷺ)-এর থেকে কুরআন ও সুন্নাহ গ্রহণ করেছেন এবং তাঁদের ওপরই পরবর্তী প্রজন্মের ইসলামী জ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে।

>> তাবেঈন : তাবেঈ বলতে সাধারণভাবে সেই ব্যক্তিকে বোঝায়, যিনি ঈমানের অবস্থায় কোন ছাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইসলামের ওপর মৃত্যুবরণ করেছেন। শাইখ ইবনু হাজার আল-আসক্বালানী (৭৭৩-৮৫২ হি./১৩৭২-১৪৪৯ খ্রি.) (রাহিমাহুল্লাহ) বলেন, ‘তাবিঈ হলেন সেই ব্যক্তি, যিনি একইভাবে কোন ছাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন’। অর্থাৎ এখানে ‘সাক্ষাৎ করা’ (اللُّقِيّ) এবং এর সঙ্গে পূর্বে যা উল্লেখ করা হয়েছে, সেগুলোই প্রযোজ্য; তবে ‘তাঁর প্রতি ঈমান আনা’ (الإيمان به) শর্তটি এর অন্তর্ভুক্ত নয়। কারণ, এই শর্তটি কেবল রাসূলুল্লাহ (ﷺ)-এর ক্ষেত্রেই প্রযোজ্য। এটিই নির্বাচিত ও অগ্রাধিকারযোগ্য মত। এর বিপরীতে কেউ কেউ তাবিঈ হওয়ার জন্য ছাহাবীর সঙ্গে দীর্ঘকাল সাহচর্য, অথবা তাঁর কাছ থেকে শ্রবণের প্রমাণ, অথবা বিষয়বস্তুর উপলব্ধি ও পার্থক্য করার সক্ষমতাকে শর্তারোপ করেছেন’।[২] অতএব তাবেঈদের প্রধান বৈশিষ্ট্য হল- তাঁরা ছাহাবীদের নিকট থেকে দ্বীন, কুরআনের ব্যাখ্যা, হাদীছ, ফিকহ ও অন্যান্য ইসলামী জ্ঞান গ্রহণ করেছেন। ইমাম মুসলিম (রাহিমাহুল্লাহ) তাঁর ‘ছহীহ মুসলিম’-এ এই তিন যুগের মর্যাদার হাদীছ বর্ণনা করেছেন; তাবেঈদের মর্যাদা দ্বিতীয় যুগ হিসাবে এ হাদীছেই নির্ধারিত হয়েছে।[৩] উল্লেখযোগ্য তাবেঈদের মধ্যে রয়েছেন যথাক্রমে- সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আলক্বামাহ ইবনু কায়স, হাসান আল-বাছরী, মুহাম্মাদ ইবনু সীরীন, উরওয়াহ ইবনুয যুবাইর, মুজাহিদ ইবনু জাবর, সাঈদ ইবনু জুবাইর, মাসরূক ইবনুল আজদা‘, ক্বাতাদাহ ইবনু দি‘আমাহ, তাউস ইবনু কায়সান, ইকরিমাহ, যিনি ছিলেন ইবনু আব্বাসের মুক্তদাস এবং নাফি‘, যিনি ছিলেন ইবনু উমরের মুক্তদাস প্রমুখ।[৪]

>>  তাবে‘ তাবেঈন : তাবে‘ তাবেঈ হলেন সেই ব্যক্তি, যিনি কোন তাবেঈর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইসলামের ওপর মৃত্যুবরণ করেছেন। তাঁরা ছাহাবীদের সরাসরি দেখেননি; বরং তাঁদের জ্ঞান তাবেঈদের মাধ্যমে লাভ করেছেন। ‘ফাতাওয়া সাওয়াল ওয়া জাওয়াব’ গ্রন্থে শাইখ মুহাম্মাদ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘আর তাবিঈদের অনুসারী (আতবাউত তাবিঈন) হলেন তাঁরা, যারা তাবিঈদের সাক্ষাৎ লাভ করেছেন; কিন্তু কোন ছাহাবীর সাক্ষাৎ লাভ করেননি। আল্লাহ তাঁদের প্রতি সন্তুষ্ট হোন’।[৫] হাদীছশাস্ত্রের প্রজন্মভিত্তিক পরিভাষায় তাবে‘ তাবেঈন তৃতীয় প্রজন্ম হিসাবে পরিচিত।[৬] আতবা‘উত তাবিঈনের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: ইমাম মালিক ইবনু আনাস, ইমাম আল-আওযাঈ, সুফইয়ান আছ-ছাওরী, আব্দুল্লাহ ইবনুল মুবারক, মালিক, রাবী‘আহ, ইবনু হুরমুয, হাসান ইবনু ছালিহ, আব্দুল্লাহ ইবনুল হাসান, ইবনু আবী লায়লা, ইবনু শুবরুমাহ, আল-আওযাঈ প্রমুখ সহ বহু মুহাদ্দিছ ও ফক্বীহ।[৭] তাঁদের জীবনী ও ইলমী অবস্থান শামসুদ্দীন আয-যাহাবী, সিয়ারু আ‘লামিন নুবালা (বৈরূত: মুআসসাসাতুর রিসালাহ, ৩য় সংস্করণ, ১৪০৫ হি./১৯৮৫ খ্রি.) গ্রন্থে পৃথকভাবে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, প্রশ্ন হতে পারে যে, সালাফে ছালিহীন কি কেবল প্রথম তিন প্রজন্মের মধ্যেই সীমাবদ্ধ? এই প্রশ্নের উত্তর নির্ণয় করা যাবে প্রথমে সালাফ কারা, তা জানার মাধ্যমে। সালাফ হলেন সেই তিনটি মর্যাদাপূর্ণ প্রজন্মের লোকজন, যাদেরকে নবী (ﷺ) শ্রেষ্ঠত্বের গুণে প্রশংসা করেছেন। প্রশ্নে যেহেতু সালাফের অর্থের সময়সীমা জানতে চাওয়া হয়েছে, তাই এখানে এই অর্থই উদ্দেশ্য বলে প্রতীয়মান হয়। প্রসঙ্গে আল্লামা মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (১৩৪৭-১৪২১ হি./ ১৯২৭-২০০১ খ্রি.) (রাহিমাহুল্লাহ) বলেন,

‘যদি প্রশ্ন করা হয়, সালাফ ও খালাফের মধ্যে বিভাজনকারী সীমারেখা কী? আমরা বলব, প্রথমতঃ জেনে রাখো, ‘সালাফ’ শব্দ দ্বারা কখনো একটি মাযহাব বা মতাদর্শকে বোঝানো হয়। এ অর্থে যে ব্যক্তি ক্বিয়ামত পর্যন্ত এই মাযহাব গ্রহণ করবে, সেও এর অন্তর্ভুক্ত। সুতরাং এর কোন সময়গত সীমা নেই। অতএব, যে ব্যক্তি কিতাব ও সুন্নাহ যা নির্দেশ করে তা গ্রহণ করে, সে সালাফের অন্তর্ভুক্ত। এই অর্থে এর কোন নির্দিষ্ট সময়সীমা নেই। পক্ষান্তরে, যদি সময়গত সীমা বোঝানো হয়, তাহলে সালাফ বলতে সেই তিনটি শ্রেষ্ঠ প্রজন্মকে বোঝানো হয়। যথা: ছাহাবীগণ, তাবিঈগণ এবং তাঁদের অনুসারীগণ (তাবে‘ তাবিঈন)। এঁরাই সালাফ এবং তাঁদের পরবর্তীগণ হলেন খালাফ’।[৮]

অতএব শাইখ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ)-এর বক্তব্যের মূল শিক্ষা হল- ‘সালাফ’ শব্দটি দুই অর্থে ব্যবহৃত হতে পারে। প্রথমতঃ মাযহাব এবং দ্বিতীয়তঃ মানহাজের অর্থে, এর কোন নির্দিষ্ট সময়সীমা নেই; কিন্তু ঐতিহাসিক বা সময়গত অর্থে এর দ্বারা শ্রেষ্ঠ তিনটি প্রজন্ম বোঝানো হয়।

শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (৬৬১-৭২৮ হি./১২৬৩-১৩২৮ খ্রি.) (রাহিমাহুল্লাহ)-এর দৃষ্টিভঙ্গি হল- কোন যুগের সংখ্যাগরিষ্ঠ লোকের বিলুপ্তিকে সেই যুগের সমাপ্তি হিসাবে বিবেচনা করা হয়। একারণে তিনি তিন শ্রেষ্ঠ প্রজন্মের সমাপ্তিকে আনুমানিকভাবে উমাইয়া রাষ্ট্রের শেষভাগ এবং আব্বাসীয় রাষ্ট্রের শুরুর সময়ের সঙ্গে সম্পৃক্ত করেছেন। জ্ঞাত বিষয় হল- পূর্বাঞ্চলীয় ভূখণ্ডে উমাইয়া শাসনের অবসান ঘটে এবং তার পরপরই ১৩২ হিজরীতে আব্বাসীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (৬৬১-৭২৮ হি./১২৬৩-১৩২৮ খ্রি.) (রাহিমাহুল্লাহ) বলেন,

فَإِنَّ الِاعْتِبَارَ فِي الْقُرُوْنِ الثَّلَاثَةِ بِجُمْهُوْرِ أَهْلِ الْقَرْنِ وَهُمْ وَسَطُهُ وَجُمْهُوْرُ الصَّحَابَةِ انْقَرَضُوْا بِانْقِرَاضِ خِلَافَةِ الْخُلَفَاءِ الْأَرْبَعَةِ حَتَّى أَنَّهُ لَمْ يَكُنْ بَقِيَ مِنْ أَهْلِ بَدْرٍ إلَّا نَفَرٌ قَلِيْلٌ وَجُمْهُوْرُ التَّابِعِيْنَ بِإِحْسَانِ. انْقَرَضُوْا فِيْ أَوَاخِرِ عَصْرِ أَصَاغِرِ الصَّحَابَةِ فِيْ إمَارَةِ ابْنِ الزُّبَيْرِ وَعَبْدِ الْمَلِكِ، وَجُمْهُوْرُ تَابِعِي التَّابِعِيْنَ انْقَرَضُوْا فِيْ أَوَاخِرِ الدَّوْلَةِ الْأُمَوِيَّةِ؛ وَأَوَائِلِ الدَّوْلَةِ الْعَبَّاسِيَّةِ

‘তিন প্রজন্মের ক্ষেত্রে বিবেচনা করা হবে সেই প্রজন্মের সংখ্যাগরিষ্ঠ লোকের ভিত্তিতে, যারা সেই প্রজন্মের মধ্যবর্তী অংশ। অধিকাংশ ছাহাবীর যুগের অবসান ঘটে চার খলীফার খিলাফতের অবসানের সঙ্গে। এমনকি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী ছাহাবীদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া আর কেউ অবশিষ্ট ছিলেন না। আর ইহসানের সঙ্গে অনুসরণকারী তাবিঈদের সংখ্যাগরিষ্ঠের যুগ শেষ হয় ছোট ছাহাবীদের যুগের শেষভাগে তথা ইবনু যুবাইর ও আব্দুল মালিকের শাসনকালে। আর তাবে‘ তাবিঈদের সংখ্যাগরিষ্ঠের যুগ শেষ হয় উমাইয়া রাষ্ট্রের শেষভাগ এবং আব্বাসীয় রাষ্ট্রের শুরুর দিকে’।[৯]

তিন শ্রেষ্ঠ প্রজন্মের সময়সীমা সম্পর্কে আরেকটি মত হল- কিছু আলেমের মতে: তিন শ্রেষ্ঠ প্রজন্মের সময়কাল আনুমানিক ২২০ হিজরীর দিকে শেষ হয়। আবুল হাসান নূরুদ্দীন মোল্লা আল-হারাবী আল-ক্বারী (১০১৪ হি./১৬০৬ খ্রি.) (রাহিমাহুল্লাহ) বলেন,

‘ইমরান ইবনু হুসাইন (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, خَيْرُ أُمَّتِيْ قَرْنِيْ ‘আমার উম্মতের মধ্যে সর্বোত্তম হল আমার প্রজন্ম’। অর্থাৎ যারা আমাকে পেয়েছে এবং আমার প্রতি ঈমান এনেছে, তাঁরা হলেন আমার ছাহাবীগণ। এরপর বলেছেন, ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ ‘তারপর যারা তাদের পরবর্তী’। অর্থাৎ মর্যাদায় তাঁদের নিকটবর্তী অথবা ঈমান ও দৃঢ় বিশ্বাসের ক্ষেত্রে তাঁদের অনুসরণকারী। তাঁরা হলেন তাবিঈগণ। এরপর বলেছেন, ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ ‘তারপর যারা তাদের পরবর্তী’। তাঁরা হলেন তাবে‘ তাবিঈন। অর্থাৎ ছাহাবী, তাবিঈ ও তাঁদের অনুসারী এই তিনটি প্রজন্ম মর্যাদার দিক থেকে পর্যায়ক্রমে শ্রেষ্ঠ। ‘আল-ক্বারী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আন-নিহায়াহ’ গ্রন্থে বলা হয়েছে, ‘قرن’ (প্রজন্ম) বলতে প্রত্যেক যুগের মানুষকে বোঝায়। এর পরিমাণ হল প্রত্যেক যুগের মানুষের গড় আয়ু ও তাদের পারস্পরিক সমসাময়িকতার পরিমাণ। শব্দটি الاقتران (একত্রে থাকা/সমসাময়িক হওয়া) থেকে উদ্ভূত। যেন এটি এমন একটি সময়সীমা, যার মধ্যে ঐ যুগের মানুষ তাদের বয়স ও অবস্থার দিক থেকে পরস্পর সমসাময়িক থাকে। কেউ বলেছেন, قرن হল ৪০ বছর; কেউ বলেছেন ৮০ বছর; কেউ বলেছেন ১০০ বছর; আবার কেউ বলেছেন, এটি কোন নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি قَرَنَ يَقْرِنُ ক্রিয়ার মাছদার। ইমাম সুয়ূত্বী (৮৪৯-৯১১ হি./১৪৪৫-১৫০৫ খ্রি.) (রাহিমাহুল্লাহ) বলেছেন, وَالْأَصَحُّ أَنَّهُ لَا يَنْضَبِطُ بِمُدَّةٍ ‘সঠিক মত হল, এটি কোন নির্দিষ্ট সময়কাল দ্বারা নির্ধারিত নয়’। অতএব, রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রজন্ম অর্থাৎ ছাহাবীদের প্রজন্মের সময়কাল ছিল নবুওয়াতের সূচনা থেকে সর্বশেষ ছাহাবীর মৃত্যুর সময় পর্যন্ত প্রায় ১২০ বছর। আর তাবিঈদের প্রজন্ম শুরু হয় প্রায় ১০০ হিজরী থেকে এবং প্রায় ১৭০ হিজরী পর্যন্ত বিস্তৃত ছিল। আর তাবে‘ তাবিঈদের প্রজন্ম সেখান থেকে প্রায় ২২০ হিজরী পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময়ে বিদ‘আত ব্যাপকভাবে প্রকাশ পেতে শুরু করে। মু‘তাযিলারা তাদের বক্তব্য প্রকাশ্যে প্রচার করতে থাকে, দার্শনিকরা তাদের মাথা উঁচু করে এবং আলেমদের উপর বিভিন্নভাবে নির্যাতন বৃদ্ধি পায়, যাতে তারা ‘কুরআন সৃষ্ট’-এ মত পোষণ করে। মানুষের অবস্থারও ব্যাপক পরিবর্তন ঘটে। এরপর থেকে পরিস্থিতির অবনতি ক্রমাগত চলতে থাকে এবং বর্তমান সময় পর্যন্ত তা অব্যাহত রয়েছে। এ অবস্থার মধ্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর এই বাণীর বাস্তবতা প্রকাশ পেয়েছে: ثُمَّ يَفْشُو الْكَذِبُ ‘তারপর মিথ্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে’।[১০]

অতএব মুসলিমের জন্য করণীয় হল- এই তিন মর্যাদাপূর্ণ প্রজন্মের লোকেরা আক্বীদা, ইবাদত ও চরিত্র-আচরণের ক্ষেত্রে যে অবস্থানের ওপর ছিলেন, সেই অবস্থানের ওপর প্রতিষ্ঠিত থাকা। কারণ, সমস্ত কল্যাণ তাদের পথ অনুসরণের মধ্যেই নিহিত, আর সেই পথ পরিত্যাগ করার মধ্যে রয়েছে দুর্ভাগ্য ও ধ্বংস।[১১]

শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (৬৬১-৭২৮ হি./১২৬৩-১৩২৮ খ্রি.) (রাহিমাহুল্লাহ) আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বলেন,

وَاتِّبَاعُ سَبِيْلِ السَّابِقِيْنَ الْأَوَّلِيْنَ مِنَ الْمُهَاجِرِيْنَ وَالْأَنْصَارِ

‘মুহাজির ও আনছারদের মধ্যকার প্রথম অগ্রগামীদের পথ অনুসরণ করা’। এরপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাহ এবং খোলাফায়ে রাশেদীনের সুন্নাহ অনুসরণের কথা উল্লেখ করেন এবং ‘জামা‘আহ’র সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করে বলেন,

وَالْإِجْمَاعُ الَّذِي يَنْضَبِطُ هُوَ مَا كَانَ عَلَيْهِ السَّلَفُ الصَّالِحُ؛ إِذْ بَعْدَهُمْ كَثُرَ الِاخْتِلَافُ

‘যে ইজমা যথাযথভাবে নির্ণয় করা সম্ভব, যা সালাফে ছালেহীনের ওপর ছিল; কারণ তাঁদের পর মতভেদ বৃদ্ধি পেয়েছে’।[১২]

এখানে ‘সালাফ’ দ্বারা মূলত প্রাথমিক মুসলিম প্রজন্মের ঐতিহ্য বোঝানো হলেও ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ)-এর বক্তব্য থেকে বোঝা যায় যে, পরবর্তী যুগের আহলুস সুন্নাহ সেই পথ অনুসরণ করতে পারে। প্রশ্ন হলে পারে- ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) কি নিজে ‘সালাফ’ ছিলেন? উত্তর হল- সময়গত অর্থে তিনি ‘সালাফ’ ছিলেন না। কেননা তিনি তাবে‘ তাবিঈনের পরবর্তী যুগের আলেম। তদুপরি ‘মাযহাবুস সালাফ’ বা সালাফের পথের অনুসারী ছিলেন। তিনি বলেন,

لَا عَيْبَ عَلَى مَنْ أَظْهَرَ مَذْهَبَ السَّلَفِ وَانْتَسَبَ إِلَيْهِ وَاعْتَزَى إِلَيْهِ، بَلْ يَجِبُ قَبُوْلُ ذَلِكَ مِنْهُ بِالِاتِّفَاقِ؛ فَإِنَّ مَذْهَبَ السَّلَفِ لَا يَكُوْنُ إِلَّا حَقًّا

‘যে ব্যক্তি সালাফের মাযহাব প্রকাশ করে এবং নিজেকে তার সঙ্গে সম্পৃক্ত করে, তার জন্য এতে কোন দোষ নেই; বরং তা গ্রহণ করা উচিত, কারণ সালাফের মাযহাব সত্য ছাড়া অন্য কিছু হতে পারে না’।[১৩]

সুধী পাঠক! উপরের প্রামাণ্য আলোচনা একত্র করলে ‘সালাফ’ শব্দের দু’টি ব্যবহার স্পষ্ট হয়। প্রথমতঃ সময়গত অর্থ: এ অর্থে সালাফে ছালিহীন বলতে মূলত ছাহাবী, তাবিঈন ও তাবে‘ তাবিঈন এই শ্রেষ্ঠ তিন প্রজন্মকে বোঝানো হয়। দ্বিতীয়তঃ মানহাজগত অর্থ: এ অর্থে ‘সালাফী’ হল সেই ব্যক্তি, যিনি কুরআন ও সুন্নাহকে গ্রহণ করেন, শরী‘আত বুঝার ক্ষেত্রে ছাহাবী ও প্রথম যুগের ব্যাখ্যাকে অগ্রাধিকার দেন, তাঁদের আক্বীদা ও উছূল অনুসরণ করেন এবং বিদ‘আত ও প্রবৃত্তিনির্ভর ধর্মীয় ব্যাখ্যা থেকে নিজেকে দূরে রাখেন। এই অর্থে পরবর্তী যুগের আলেমও সালাফী হতে পারেন, যদিও তিনি সময়গতভাবে সালাফের প্রজন্মের অন্তর্ভুক্ত নন।

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল- সালাফ বলতে কেবল কালগতভাবে প্রথম তিন শতাব্দীর প্রত্যেক ব্যক্তিকে বোঝানো হয় না; বরং শরী‘আতের দলীলের অনুসরণকারী, বিশেষত ছাহাবী-তাবেঈ-তাবে‘ তাবেঈদের মধ্যে যারা কিতাব-সুন্নাহর সঠিক মানহাজের ওপর ছিলেন, তাঁদের আদর্শ অনুসরণীয়। কারণ প্রথম তিন যুগের সামগ্রিক শ্রেষ্ঠত্ব স্বীকৃত হলেও প্রকৃতপক্ষে ঐ সময়ের মধ্যেই বিভিন্ন বিদ‘আত ও বিচ্যুতির আবির্ভাব ঘটেছিল। নিচের দলীলগুলো এই পার্থক্যটি প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

প্রথমতঃ কুরআনের মূলনীতি হল- মতভেদের ক্ষেত্রে মীমাংসার মৌলিক মানদণ্ড হলেন স্বয়ং আল্লাহ ও তাঁর রাসূল মুহাম্মাদ (ﷺ)। এক্ষেত্রে কোন ধরনের ব্যক্তি বা যুগের সাথে এটা সংশ্লিষ্ট নয়। আল্লাহ তা‘আলা বলেন,

فَاِنۡ تَنَازَعۡتُمۡ فِیۡ شَیۡءٍ فَرُدُّوۡہُ اِلَی اللّٰہِ وَ الرَّسُوۡلِ  اِنۡ کُنۡتُمۡ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ

‘অতঃপর কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ হলে তা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখো’ (সূরা আন-নিসা, ৪/৫৯)।

এ আয়াতের ব্যাখ্যায় ইমাম আবূ জা‘ফর ইবনু জারীর আত-ত্বাবারী (২২৪-৩১০ হি./৮৩৯-৯২৩ খ্রি.) (রাহিমাহুল্লাহ) বলেন,

(فَرُدُّوۡہُ اِلَی اللّٰہِ) يَعْنِي بِذَلِكَ: فَارْتَادُوا مَعْرِفَةَ حُكْمِ ذَلِكَ الَّذِي اشْتَجَرْتُمْ أَنْتُمْ بَيْنَكُمْ، أَوْ أَنْتُمْ وَأُولُو أَمْرِكُمْ فِيهِ مِنْ عِنْدِ اللَّهِ، يَعْنِي بِذَلِكَ: مِنْ كِتَابِ اللَّهِ، فَاتَّبِعُوا مَا وَجَدْتُمْ. وَأَمَّا قَوْلُهُ: ্রوَ الرَّسُوۡلِগ্ধ فَإِنَّهُ يَقُولُ: فَإِنْ لَمْ تَجِدُوا إِلَى عِلْمِ ذَلِكَ فِي كِتَابِ اللَّهِ سَبِيلًا فَارْتَادُوا مَعْرِفَةَ ذَلِكَ أَيْضًا مِنْ عِنْدِ الرَّسُولِ إِنْ كَانَ حَيًّا، وَإِنْ كَانَ مَيِّتًا فَمِنْ سُنَّتِهِ

‘(فَرُدُّوۡہُ اِلَی اللّٰہِ বা ‘আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে দাও’)-এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে, তোমরা যে বিষয়ে নিজেদের মধ্যে, অথবা তোমরা ও তোমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষের মধ্যে মতবিরোধে জড়িয়ে পড়েছ, সে বিষয়ে আল্লাহর পক্ষ থেকে বিধান কী তা অনুসন্ধান কর। অর্থাৎ আল্লাহর কিতাব থেকে তার বিধান অনুসন্ধান কর এবং সেখানে যা পাবে, তা অনুসরণ কর। আর তাঁর বাণী: وَ الرَّسُوۡلِ ‘এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও’-এর অর্থ হল: যদি আল্লাহর কিতাবে সে বিষয়ে জ্ঞান লাভের কোন পথ না পাও, তাহলে রাসূল (ﷺ)-এর কাছ থেকেও সে বিষয়ে জ্ঞান লাভের অনুসন্ধান কর। তিনি জীবিত থাকলে সরাসরি তাঁর কাছ থেকে; আর তিনি ইন্তেকাল করে থাকলে তাঁর সুন্নাহ থেকে তা অনুসন্ধান কর’।[১৪]

অর্থাৎ কোন বিষয়ে মতভেদ হলে তার বিধান আল্লাহর কিতাব থেকে অনুসন্ধান করতে হবে এবং রাসূল (ﷺ)-এর ক্ষেত্রে তাঁর সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। অতএব কোন ব্যক্তির ছাহাবী, তাবেঈ বা তাবে‘ তাবেঈ হওয়ার কালগত পরিচয় নিজেই তার প্রত্যেক বক্তব্যকে সত্যের মানদণ্ডে পরিণত করে না; বরং তার বক্তব্যকে কুরআন-সুন্নাহর মানদণ্ডে যাচাই করতে হবে।

দ্বিতীয়তঃ সালাফদের পথ বলতে কুরআন ও সুন্নাহ থেকে বিচ্ছিন্ন কোন ব্যক্তিকেন্দ্রিক পথ নয়। আল্লাহ তা‘আলা বলেন,

وَ مَنۡ یُّشَاقِقِ الرَّسُوۡلَ مِنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُ الۡہُدٰی وَ یَتَّبِعۡ غَیۡرَ  سَبِیۡلِ الۡمُؤۡمِنِیۡنَ نُوَلِّہٖ مَا تَوَلّٰی وَ نُصۡلِہٖ جَہَنَّمَ ؕ وَ سَآءَتۡ مَصِیۡرًا

‘যে ব্যক্তি তার কাছে হিদায়াত স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, আমরা তাকে সে দিকেই ফিরিয়ে দেব যেদিকে সে ফিরে গেছে এবং তাকে জাহান্নামে প্রবেশ করাব’ (সূরা আন-নিসা, ৪/১১৫)।

এ আয়াতের وَ یَتَّبِعۡ غَیۡرَ  سَبِیۡلِ الۡمُؤۡمِنِیۡنَ এর ব্যাখ্যায় ইমাম আবূ জা‘ফর ইবনু জারীর আত-ত্বাবারী (২২৪-৩১০ হি./৮৩৯-৯২৩ খ্রি.) (রাহিমাহুল্লাহ) বলেন,

(وَ یَتَّبِعۡ غَیۡرَ  سَبِیۡلِ الۡمُؤۡمِنِیۡنَ) وَيَتَّبِعُ طَرِيقًا غَيْرَ طَرِيقِ أَهْلِ التَّصْدِيقِ، وَيَسْلُكُ مِنْهَاجًا غَيْرَ مِنْهَاجِهِمْ، وَذَٰلِكَ هُوَ الْكُفْرُ بِاللَّهِ، لِأَنَّ الْكُفْرَ بِاللَّهِ وَرَسُولِهِ غَيْرُ سَبِيلِ الْمُؤْمِنِينَ وَغَيْرُ مِنْهَاجِهِمْ

‘মহান আল্লাহর বাণী: وَ یَتَّبِعۡ غَیۡرَ  سَبِیۡلِ الۡمُؤۡمِنِیۡنَ ‘এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে’- এর অর্থ হল, সে সত্যায়নকারী মুমিনদের পথের পরিবর্তে অন্য পথ অনুসরণ করে এবং তাদের মানহাজের পরিবর্তে অন্য কোন মানহাজ অবলম্বন করে। আর এটি হলো আল্লাহর সঙ্গে কুফরির পথ। কারণ আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি কুফরি করা মুমিনদের পথ ও তাদের মানহাজের পরিপন্থী’।[১৫]

উল্লেখ্য, এখানে ‘সাবীলুল মুমিনীন’ বা মুমিনদের পথের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু এই আয়াতের আলোকে ‘মুমিনদের পথ’ বলতে প্রত্যেক কালপর্বের প্রত্যেক ব্যক্তির মতামত বোঝানো যায় না; বরং রাসূল (ﷺ)-এর প্রতিষ্ঠিত হিদায়াতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মুমিনদের পথই অনুসরণীয়।

তৃতীয়তঃ প্রথম তিন যুগের শ্রেষ্ঠত্ব সত্য; কিন্তু তা প্রত্যেক ব্যক্তির নিষ্কলুষতার প্রমাণ নয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

خَيْرُ النَّاسِ قَرْنِيْ، ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ، ثُمَّ الَّذِيْنَ يَلُوْنَهُمْ

‘মানুষের মধ্যে সর্বোত্তম হল আমার যুগের মানুষ; অতঃপর যাঁরা তাঁদের পরবর্তী; অতঃপর যাঁরা তাঁদের পরবর্তী’।[১৬] ইমাম ইবনু হাজর আল-‘আসক্বালানী (৭৭৩-৮৫২ হি./১৩৭২-১৪৪৯ খ্রি.) (রাহিমাহুল্লাহ) এ হাদীছের ব্যাখ্যায় বলেন, এর দ্বারা প্রথম তিন প্রজন্মের ‘আদালত’ বা সামগ্রিক গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়, যদিও তাঁদের মর্যাদায় স্তরভেদ রয়েছে এবং বিষয়টি অধিকাংশের ওপর প্রযোজ্য।[১৭]

অতএব, প্রথম তিন যুগের সামগ্রিক শ্রেষ্ঠত্বকে ঐ যুগের প্রত্যেক ব্যক্তির প্রতিটি মত ও আচরণের অভ্রান্ততার অর্থে গ্রহণ করা যাবে না। বিশেষত পরবর্তী যুগে কোন ব্যক্তি কোন নির্দিষ্ট আমলে অধিক ছওয়াব লাভ করতে পারেন[১৮] মর্মে হাদীছ থাকলেও তা ছাহাবীদের ওপর তাঁর সর্বমুখী শ্রেষ্ঠত্ব প্রমাণ করে না। ইবনু হাজর (রাহিমাহুল্লাহ) স্পষ্টভাবে বলেন,

لَا يَدُلُّ عَلَى أَفْضَلِيَّةِ غَيْرِ الصَّحَابَةِ عَلَى الصَّحَابَةِ؛ لِأَنَّ مُجَرَّدَ زِيَادَةِ الْأَجْرِ لَا يَسْتَلْزِمُ ثُبُوْتَ الْأَفْضَلِيَّةِ الْمُطْلَقَةِ

‘এটি ছাহাবীদের তুলনায় যারা ছাহাবী নয় তাঁদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে না; কারণ শুধু ছওয়াবের আধিক্য সর্বমুখী বা নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব প্রমাণ করে না’।[১৯]

(ইনশাআল্লাহ চলবে)


তথ্যসূত্র :
[১]. আহমাদ ইবনু আলী ইবনু হাজার আল-আসকালানী, আল-ইছাবাহ ফী তাময়ীযিছ ছাহাবাহ, ১ম খণ্ড (বৈরূত: দারুল কুতুবিল ‘ইলমিয়্যাহ, ১ম সংস্করণ, ১৪১৫ হি./১৯৯৫ খ্রি.), পৃ. ১৫৮।
[২]. আহমদ ইবনু আলী ইবনু হাজার আল-আসকালানী, নুযহাতুন নাযার ফী তাওযীহি নুখবাতিল ফিকার (দামেস্ক: মাকতাবাতুল গাযালী, ৩য় সংস্করণ, ১৪২২ হি./২০০১ খ্রি.), পৃ. ১৪৩-১৪৪।
[৩]. ছহীহুল বুখারী, হা/২৬৫২ ‘কিতাবুশ শাহাদাত’, অনুচ্ছেদ-৯; ছহীহ মুসলিম, হা/২৫৩৩ ‘কিতাবু ফাযায়িলিছ ছাহাবাহ’, অনুচ্ছেদ-৫২।
[৪]. বিস্তাতি জানতে পড়ুন: মুহাম্মদ ইবনু সা‘দ, আত-ত্বাবাকাতুল কুবরা (বৈরূত: দারু ছাদির, ১ম সংস্করণ, ১৯৬৮ খ্রি.) এবং শামসুদ্দীন আয-যাহাবী, সিয়ারু আ‘লামিন নুবালা (বৈরূত: মুওয়াসসাসাতুর রিসালাহ, ৩য় সংস্করণ, ১৪০৫ হি./১৯৮৫ খ্রি.) দ্র.; ফাতাওয়া সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২১৯৯৩৪।
[৫]. ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং ২১৯৯৩৪।
[৬]. আব্দুর রহমান ইবনু আবী হাতিম আর-রাযী, আল-জারহ ওয়াত-তা‘দীল (হায়দরাবাদ: মাজলিসাতু দাইরাতিল মা‘আরিফ আল-উছমানিয়্যাহ, ১ম সংস্করণ, ১৩৭১ হি./১৯৫২ খ্রি.), ‘ভূমিকা’ দ্র.; নুযহাতুন নাযার ফী তাওযীহি নুখবাতিল ফিকার, পৃ. ১৪৩-১৪৬।
[৭]. ইউসুফ ইবনু আবদিল্লাহ ইবনু আবদিল বার, আল-ইন্তিকা ফী ফাযাইলিল আ-ইম্মাতিছ ছালাছাতিল ফুকাহা (বৈরূত: দারুল কুতুবিল ‘ইলমিয়্যাহ, ১৪১৭ হি./১৯৯৭ খ্রি.), পৃ. ২০-৩৫।
[৮]. ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১৯০০৭৭।
[৯]. তাকীউদ্দীন আবুল আব্বাস আহমাদ ইবনু তাইমিয়্যাহ, মাজমূঊল ফাতাওয়া, ১০ম খণ্ড (মদীনা মুনাওয়ারাহ: মাজমাঊল মালিক ফাহাদ লিতাবা‘আতিল মুসহাফ আশ-শারীফ, ১৪১৬ হি./১৯৯৫ খ্রি.), পৃ. ৩৫৭।
[১০]. আবুল হাসান নূরুদ্দীন মোল্লা আল-হারাবী আল-কারী, মিরক্বাতুল মাফাতীহ শারহু মিশকাতিল মাছাবীহ, ৯ম খণ্ড (বৈরূত: দারুল ফিকর, ১ম সংস্করণ, ১৪২২ হি./২০০২ খ্রি.), পৃ. ৩৮৭৮; শামসুল হক্ব আযীমাবাদী, ‘আওনুল মা‘বূদ শারহু সুনানি আবী দাঊদ, ১২শ খণ্ড (বৈরূত: দারুল কুতুবিল ‘ইলমিয়্যাহ, ২য় সংস্করণ, ১৪১৫ হি.), পৃ. ২৬৭; আবুল ‘আলা মুহাম্মাদ আব্দুর রহমান ইবনু আব্দুর রহীম আল-মুবারকপুরী, তুহফাতুল আহওয়াযী বিশারহি জামিঈত তিরমিযী, ৬ষ্ঠ খণ্ড (বৈরূত: দারুল কুতুবিল ‘ইলমিয়্যাহ, তাবি), পৃ. ৪৮২।
[১১]. ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১৯০০৭৭।
[১২]. ইবনু তাইমিয়্যাহ, মাজমূঊল ফাতাওয়া, ৩য় খণ্ড, পৃ. ১৫৭।
[১৩]. ইবনু তাইমিয়্যাহ, মাজমূঊল ফাতাওয়া, ৪র্থ খণ্ড, পৃ. ১৪৯।
[১৪]. জামিঊল বায়ান ফী তা’বীলিল কুরআন, ৮ম খণ্ড, পৃ. ৫০৪।
[১৫]. জামিঊল বায়ান ফী তা’বীলিল কুরআন, ৯ম খণ্ড, পৃ. ২০৪-২০৫।
[১৬]. ছহীহ বুখারী, হা/৩৬৫০-৩৬৫১।
[১৭]. ফাৎহুল বারী শারহু ছহীহিল বুখারী, ৭ম খণ্ড, পৃ. ৭।
[১৮]. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘নিশ্চয় তোমাদের পরে এমন কিছু সময় আসবে, যখন ধৈর্যধারণ করা হবে জ্বলন্ত অঙ্গার মুঠোয় ধরে রাখার মত। সে সময় যে ব্যক্তি সৎ আমল করবে, সে তোমাদের মত আমলকারী পঞ্চাশজন ব্যক্তির সমপরিমাণ ছওয়াব লাভ করবে। ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাদের মধ্যকার পঞ্চাশজনের সমপরিমাণ? তিনি বললেন, তোমাদের মধ্যকার পঞ্চাশজনের সমপরিমাণ’। দ্র.: আবূ দাঊদ, হা/৪৩৪১; তিরমিযী, হা/৩০৫৮; ইবনু মাজাহ, হা/৪০১৪।
[১৯]. ফাৎহুল বারী শারহু ছহীহিল বুখারী, ৭ম খণ্ড, পৃ. ৭।




প্রসঙ্গসমূহ »: মানহাজ
সালাম প্রদানের গুরুত্ব ও মর্যাদা (শেষ কিস্তি) - মুহাম্মাদ আরিফ হুসাইন
উমরাহ ও হজ্জের সঠিক পদ্ধতি - ড. মুযাফফর বিন মুহসিন
মাতুরীদী মতবাদ ও তাদের ভ্রান্ত আক্বীদাসমূহ (২০তম কিস্তি) - আব্দুল্লাহ বিন আব্দুর রহীম
প্রচলিত তাবলীগ জামা‘আত সম্পর্কে শীর্ষ ওলামায়ে কেরামের অবস্থান (৪র্থ কিস্তি) - অনুবাদ : আব্দুর রাযযাক বিন আব্দুল ক্বাদির
ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় যুবসমাজ (৫ম কিস্তি) - ড. মেসবাহুল ইসলাম
সূরা আল-ফাতিহা ও জাদু - আব্দুল গাফফার মাদানী
প্রতিবেশীর হক্ব আদায়ের গুরুত্ব ও তাৎপর্য (শেষ কিস্তি) - ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর
অল্পে তুষ্ট - ড. মুহাম্মাদ বযলুর রহমান
বাংলাদেশে ধর্মীয় সংস্কারে আলিমগণের গৃহীত মূলনীতিসমূহ: একটি পর্যালোচনা (৩য় কিস্তি) - ড. মুহাম্মাদ বযলুর রহমান
আল-কুরআন তেলাওয়াতের ফযীলত (৭ম কিস্তি) - আব্দুল্লাহ বিন আব্দুর রহীম
‘কুরআনই যথেষ্ট, সুন্নাহর প্রয়োজন নেই’ সংক্ষিপ্ত পর্যালোচনা - ওমর ফারুক বিন মুসলিমুদ্দীন
প্রচলিত তাবলীগ জামা‘আত সম্পর্কে শীর্ষ ওলামায়ে কেরামের অবস্থান (৮ম কিস্তি) - অনুবাদ : আব্দুর রাযযাক বিন আব্দুল ক্বাদির

ফেসবুক পেজ