সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলভী: মুসলিম বিশ্বে তার অবদান

-ড. মুকাররম বিন মুহসিন মাদানী*


(৪র্থ কিস্তি)

❖ বিবাহ ও সন্তানাদি  

শাহ ওয়ালীউল্লাহর বয়স তখন মাত্র চৌদ্দ বছর। তার সম্মানিত পিতা শাহ আব্দুর রহীম তার বিবাহ পড়িয়ে দেন তারই মামাতো বোন শায়খ ওবাইদুল্লাহ সিদ্দীকী ফুলতীর কন্যার সাথে। এ গর্ভেই তার বড় ছেলে শায়খ মুহাম্মাদ জন্মগ্রহণ করেন। এজন্য তাকে আবু মুহাম্মাদ উপনামেও ডাকা হত।[১] একমাত্র সন্তান মুহাম্মাদ জন্মের পর শাহ ওয়ালীউল্লাহর বেগম সাহেবা মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর ফলে তিনি দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হন। দ্বিতীয় বিয়ে হয় প্রথম সাইয়েদ সানাউল্লাহ সোনাপতীর কন্যা বিবি ইরাদতের সঙ্গে। এই স্ত্রীর উদরে শাহ সাহেবের খ্যাতিমান চার পুত্র শাহ আব্দুল আযীয, শাহ রফীউদ্দীন, শাহ আব্দুল কাদির এবং শাহ আব্দুল গণী জন্মগ্রহণ করেন। তাঁরা ছিলেন ভারতবর্ষের দ্বীন-ধর্মের পুনর্জাগরণের অন্যতম চার সদস্য। আমাতুল আযীম নামে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। আমাতুল আযীমেরও বিয়ে হয় ভারতবর্ষের বিখ্যাত এক আলেমে দ্বীনের কাছেই। কয়েকজন সন্তানের জননীও দ্বীন প্রচারের কাজে সন্তানদের উৎসাহিত করেন এবং বংশধারা এভাবেই চলতে থাকে। বড়ছেলে মুহাম্মদের সৎ চার ভাইয়ের সাথে তাদের সু সম্পর্কই সর্বদা লক্ষ্য করা যেত। তাদের মাঝে চলমান বিভিন্ন চিঠি আদান-প্রদানেই প্রমাণ পাওয়া যায়। শাহ আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ) তিনটি পত্রে বড়ভাই শায়খ মুহাম্মাদকে ‘বুযুর্গ ভাই শায়েখ মুহাম্মাদ সাহেব’ আবার কোন চিঠিতে ‘শায়েখে কাবীর মুহাম্মাদ’ নামে সালাম জানিয়েছেন। এসব চিঠিতে ভাইদের পারস্পরিক হৃদ্যতা ও সুসম্পর্কের বিষয়টি অনুমান করা যায় সহজেই।

❖ কর্ম জীবন 

শাহ ওয়ালীউল্লাহর কর্মজীবন ছিল আলোকঝলমলে। তার বিভিন্ন কর্মমুখী তৎপরতা লক্ষ্য করা যায় তার কর্মময় জীবন ইতিহাস দেখলে। মাত্র ১৫ বছর বয়সেই পিতার প্রতিষ্ঠিত দিল্লীতে মাদরাসা রহীমিয়াতে পিতার অধীনে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। একই বছর পিতার মৃত্যুর পর ১৭১৮ সালে পিতার স্থলাভিষিক্ত হিসাবে মাদরাসার প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। এভাবে তিনি সেখানে দীর্ঘ ১২ বছর কাটিয়ে দেন। ব্যতিক্রম বিষয় ছিল তিনি প্রধান শিক্ষক হিসাবে দারস এবং দায়িত্ব পালন করলেও ছাত্রত্ব থেকে দূরে ছিলেন না; বরং পূর্বের ন্যায় তিনি তার পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতেন। ১৭০৭ সালে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর মধ্য দিয়ে ভারতে মুসলিম শাসনের বিপর্যয় শুরু হয়। অর্থাৎ শাহ ওয়ালীউল্লাহ দেহলভী এই পরিস্থিতি সামনে রেখেই তাঁর সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। সেসময় তাঁর প্রথম চ্যালেঞ্জ ছিল, উপমহাদেশের মুসলিম সমাজকে ইসলামের মূল আদর্শের দিকে ধাবিত করা। আর এই কাজে ব্যাপক গবেষণা, লেখালেখি ও রাজনৈতিক তৎপরতাই ছিল তাঁর কর্মকাণ্ডের মূল অংশ।

শাহ ওয়ালীউল্লাহ (রাহিমাহুল্লাহ) হিজায থেকে ফিরে আসার পর স্বীয় পিতার মাদরাসায়ে রহীমিয়াতে শিক্ষকতা শুরু করেন, যা পুরোনো দিল্লীর সেই মহল্লায় অবস্থিত ছিল।[২] শাহ ওয়ালীউল্লাহ’র দারসের কথা প্রচার হতেই অল্পকিছুদিনের মধ্যে দিকদিগন্ত থেকে তালিবে ইলমগণ দলে দলে আসতে থাকে। এমনকি সেখানে ছাত্রের আধিক্যতার কারণে জায়গার সংকুলান হচ্ছিল না। অতঃপর মহান এই কাজের বিস্তৃত করার উদ্যোগ নেন সম্রাট মুহাম্মাদ শাহ। সম্রাট মুহাম্মাদ সাহেব শাহ ওয়ালীউল্লাহকে শহরে এক বিশাল ভবন দিয়ে দারসের জায়গার ব্যবস্থা করে দেন। সেখানেই তিনি নতুন উদ্যোমে দারসকার্জ আবার শুরু করেন। শাহ ওয়ালীউল্লাহ এই মাদরাসা রহীমিয়াতেই ইসলামী বারতে ভূলুণ্ঠিত ঈমানী নেতৃত্বের ঝাণ্ডাকে পুনরায় উড্ডীন করার কঠিন প্রত্যয় নিয়ে ব্যক্তি তৈরির প্রচেষ্টা শুরু করেন। একদিকে ক্ষুরধার লেখনী, অন্যদিকে মাদরাসায় বসে ছাত্রদের ঈমানী চেতনায় বিপ্লব সৃষ্টির মাধ্যমে তিনি ভবিষ্যতের উপযুক্ত নেতৃত্বের যোগ্যতাসম্পন্ন একদল মর্দে মুজাহিদ যুব নেতৃত্ব সৃষ্টি করে যান। সেই মুজাহিদ দলের প্রথম কাতারে ছিলেন তাঁরই চার সন্তান আব্দুল আযীয, রফিউদ্দীন, আব্দুল কাদের ও আব্দুল গণি।

শিরক ও বিদ‘আতে আচ্ছন্ন স্রোতে ভেসে চলা মুসলিম সমাজকে মূল তাওহীদী আক্বীদায় ফিরিয়ে আনার জন্য এবং সকল ফিক্বহী কুটতর্ক ও ঝগড়া পরিহার করে নিরপেক্ষভাবে কুরআন ও ছহীহ হাদীছের ফায়ছালা অবনতমস্তকে মেনে নিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ সমাজশক্তিতে পরিণত করেন। এক্ষেত্রে তিনি নিরলস লেখনী পরিচালনার সাথে সাথে মাদরাসা রহীমিয়াতে ইলম ও আমলের বাস্তব নমুনা হিসাবে যেসব মর্দে মুজাহিদ সৃষ্টি করেছিলেন, তাদেরই বিপ্লবী উত্তরসূরীগণ পরবর্তীতে দাওয়াত ও জিহাদের কর্মসূচী নিয়ে বালাকোট, মুলকা, সিত্তানা, আসমাস্ত, সামারকান্দ, বাঁশের কিল্লার রক্ত রঞ্জিত জিহাদী ইতিহাস সৃষ্টি করেন।

কুরআনের খিদমত

অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল-কুরআন থেকে তৎকালীন মুসলিমরা অনেক দূরে সরে গিয়েছিল। আরবী ভাষা না জানার কারণে কুরআন পড়াটা তাদের নিকট ভীতিকর বিষয়ে পরিণত হয়েছিল। এজন্য শাহ ওয়ালীউল্লাহ (রাহিমাহুল্লাহ) কুরআনুল কারীমের ভাষান্তরের কাজ করে এবং মুসলিমদের মাঝে কুরআনের শিক্ষা-দীক্ষার ব্যাপক প্রচার-প্রসারের কর্মসূচি গ্রহণ করেন। যাতে করে মুসলিমদের ভ্রান্ত আক্বীদা-বিশ্বাসগুলোর সংস্কার করা যায় এবং চিরশাশ্বত দ্বীন ইসলামের সাথে জনগণের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়।[৩]

কুরআনের দরসের মাধ্যমে আক্বীদা সংশোধনের এক শক্তিশালী কর্মসূচি শুরু করেছিলেন। তিনি আল-কুরআনের দারস দিতে গিয়ে اِعۡدِلُوۡا ۟ ہُوَ  اَقۡرَبُ لِلتَّقۡوٰی ‘তোমরা ন্যায়বিচার কর, এটা তাক্বওয়ার অধিকতর নিকটবর্তী’ (সূরা আল-মায়েদাহ: ৮) আয়াত পর্যন্ত দারস শেষ করে ইন্তিকাল করেন। অতঃপর পুত্র শাহ ‘আব্দুল ‘আযীয দেহলভী এখান থেকেই শুরু করেন এবং  اِنَّ  اَکۡرَمَکُمۡ  عِنۡدَ اللّٰہِ  اَتۡقٰکُمۡ ‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্ত্বাক্বী’ (সূরা আল-হুজুরাত: ১৩) আয়াত পর্যন্ত দারস প্রদান করেন।[৪]

কুরআনের দারস বা শিক্ষার প্রচার-প্রসার আরো সহজ করার জন্য শাহ ওয়ালীউল্লাহ (রাহিমাহুল্লাহ) বলেন, আমরা অনেকে কাফিয়া জানি, শাফিয়া জানি, গণিত বিজ্ঞান সবই আমাদের জানা, শুধু জানি না কুরআন। আবার এক শ্রেণীর মানুষকে সর্বদা বলতে শোনা যায়- কুরআন কি এত সহজ? যে কেউ বুঝবে? যে কেউ এর অর্থ বুঝতে পারবে না, সবাইকে পড়া থেকেও বারণ করে থাকে একশ্রেণীর আলেম নামধারী ব্যক্তিরা। অথচ এই কুরআনকে মহান আল্লাহ সহজ করেছেন তা পবিত্র কুরআনে বারবার উল্লেখ করেছেন। যেমন মহান আল্লাহ বলেন, وَ لَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ  لِلذِّکۡرِ فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ  ‘অবশ্য আমরা কুরআনকে উপদেশ গ্রহণের উদ্দেশ্যে সহজ করে দিয়েছি। সুতরাং উপদেশগ্রহণকারী কেউ আছে কি?’ (সূরা আল-ক্বামার : ২২)। শাহ ওয়ালীউল্লাহ (রাহিমাহুল্লাহ) আরো বলেন, আরে কুরআন যদি সহজ না হত তাহলে মহান আল্লাহ কেন বলবেন, ‘তোমরা কি কুরআনের উপর চিন্তা-গবেষণা কর না? না-কি তাদের অন্তঃকরণে তালা লাগানো? (সূরা মুহাম্মাদ : ২৪)। অর্থাৎ এ নির্দেশ সর্বসাধারণ মুমিনের জন্য; শুধু আলেম-বিদ্বানদের জন্য না। তাইতো হিজায সফর থেকে প্রত্যাবর্তন করে পাঁচ বছরে বিভিন্ন চিন্তা-কৌশল কাজে লাগিয়েছেন কুরআন-হাদীছ চর্চা ও প্রচার-প্রসারে।

অতঃপর সিদ্ধান্ত নিলেন- আক্বীদার সংশোধন ও সংরক্ষণ এবং মহান আল্লাহর সঙ্গে মজবুত সম্পর্ক স্থাপনের জন্য কুরআনের হেদায়াত ও শিক্ষাকে সরাসরি প্রচার-প্রসার করার চেয়ে ফলপ্রসূ কোন পথ-প্রক্রিয়া হতে পারে না। আর তার পন্থা একটিই, তা হচ্ছে- ‘কুরআনের ফার্সী অনুবাদ’। ‘ফাতহুর রহমান’ গ্রন্থের ভূমিকায় শাহ ওয়ালীউল্লাহ (রাহিমাহুল্লাহ) সে বিষয়ে বিস্তারিত বলেছেন। আমরা মুসলিমরা যে যুগে অবস্থান করছি, মানুষের আমল-আক্বীদার যে দূরাবস্থা তাতে মুসলিমদের কুরআন জানানো ছাড়া বিকল্প কোন বুদ্ধি নেই। কিন্তু কুরআন তো অনেকেই পড়ে, অথচ তার অর্থ অনুধাবন করে না-বুঝে না। 

প্রথমতঃ কোন্ ভাষায় তরজমা করা যায়, তা নিয়ে চিন্তা-ভাবনা করা হয় যেন তা উদ্দেশ্য মাফিক, প্রয়োজনীয় ও মানুষের বোধগম্যের হয়। তরজমা যথাসম্ভব সমকালীয় মানুষের আগ্রহ ও চাহিদা অনুযায়ী হয়। কিভাবে তা মানুষের মাঝে ছড়িয়ে দেয়া যায়, আগ্রহীদের হাতে হাতে পৌঁছে যায়। শাহ ওয়ালীউল্লাহ (রাহিমাহুল্লাহ) বলেন, এরপর কতিপয় বন্ধুকে পাণ্ডুলিপি সাজানোর জন্য বলা হয়। সেই সাথে কুরআনের মূল পাঠও লিখে দিতে বলা হয় যে, যাতে মানুষের সন্দেহ দূর হয়। ভাগ্যবান বন্ধুরা ১১৫০ হিজরীর ঈদুল আযহা থেকে কাজ শুরু করে। কঠিন পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলে অবশেষে ১১৫১ হিজরীর শা‘বান মাসে তরজমার কাজ সম্পাদনা সহ সুসম্পন্ন হয় ফালিল্লাহিল হামদ্। দ্বীনী ভাই খাজা মুহাম্মাদ আলিম এর সক্রিয় প্রচেষ্টায় ১১৫৬ হিজরীতে এই গ্রন্থখানা প্রকাশিত হয় এবং তার দারসও শুরু হয়ে যায় ফালিল্লাহিল হামদ্।

উল্লেখ্য যে, এ শতাব্দীরই শেষের দিকে উর্দূ ভাষার অনুপ্রবেশ ঘটে এবং উর্দূ ভাষা ফার্সীর স্থান দখল করতে শুরু করে। তাই ফার্সীর পরে উর্দূ ভাষায় কুরআনের তরজমার প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। শাহ ওয়ালীউল্লাহর প্রায় পঞ্চাশ বছর পর ১২০৪-০৫ হিজরীতে তারই সুযোগ্য পুত্র শাহ আব্দুল কাদির দেহলভী (মৃত্যু ১২৩০ হি) উর্দূ ভাষায় কুরআনের এমন তরজমা উপস্থাপন করেন, জানা মতে আজও তার দ্বিতীয়টি নেই। এরপর তারই বড়ভাই শাহ রফিউদ্দীন (মৃত্যু ১২৩৩ হিজরী) কুরআনের শব্দে শব্দে তরজমা করেন যা জ্ঞানী ও সাধারণ পাঠকদের কাছে সমাদৃত হয়, স্বীকৃত হয়।[৫]

হাদীছের খিদমত

হাদীছের জ্ঞান প্রসারে শাহ ওয়ালীউল্লাহ (রাহিমাহুল্লাহ) বলেন, কিছুলোক বলে থাকে, কুরআন ও হাদীছ কেবল সেই অনুধাবন করতে পারে, যে বহু শাস্ত্র ও বই-পুস্তক পড়েছে এবং সমকালের গভীর জ্ঞান লাভ করেছে। তাদের জবাব স্বরূপ শাহ ওয়ালীউল্লাহ মহান আল্লাহর এ আয়াতখানি উপস্থাপন করেছেন-

ہُوَ الَّذِیۡ  بَعَثَ فِی  الۡاُمِّیّٖنَ  رَسُوۡلًا مِّنۡہُمۡ  یَتۡلُوۡا عَلَیۡہِمۡ  اٰیٰتِہٖ  وَ  یُزَکِّیۡہِمۡ وَ  یُعَلِّمُہُمُ  الۡکِتٰبَ وَ  الۡحِکۡمَۃَ ٭ وَ  اِنۡ کَانُوۡا مِنۡ  قَبۡلُ  لَفِیۡ ضَلٰلٍ  مُّبِیۡنٍ

‘তিনিই আল্লাহ, যিনি নিরক্ষরদের মাঝে তাদেরই মধ্য হতে একজন রাসূল প্রেরণ করেছেন। যিনি তাদের পড়ে শোনান আল্লাহর আয়াতসমূহ। আর তাদের পাপের কালিমা পবিত্র করেন এবং তাদের কিতাব ও প্রজ্ঞা শিখান’ (সূরা জুমু‘আহ : ২)।

হাদীছের প্রতি আমল আরো সহজ ও স্বাভাবিক করার জন্য শাহ ওয়ালীউল্লাহ চেয়েছিলেন, শুধু আলেম-উলামাই না; বরং কুরআনের ন্যায় হাদীছের অর্থ বুঝে আম জনতা বা সাধারণ মানুষ হাদীছকে ভালোবাসতে পারে এবং তার প্রতি হুবহু আমল করতে পারে। যেমন কেউ কেউ বলে থাকে, আমরা শেষকালের লোক, রাসূলের যুগের বরকত এবং ছাহাবায়ে কেরামের মনের শক্তি-নিরাপত্তা কোত্থেকে আনবো, যাতে হাদীছের অর্থ ও মর্মকথা উত্তমরূপে বুঝতে পারি? তাদের জবাব দিতেই তিনি মহান আল্লাহর বাণী উদ্ধৃতি করেছেন-

وَّ اٰخَرِیۡنَ مِنۡہُمۡ  لَمَّا یَلۡحَقُوۡا بِہِمۡ ؕ وَ ہُوَ  الۡعَزِیۡزُ  الۡحَکِیۡمُ

‘আর তাদের অন্যায়ের জন্যও যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়’ (সূরা আল-জুমু‘আহ : ৩)।

পরবর্তী লোকজন শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত, কিন্তু যখন সে মুসলিম হবে এবং ছাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে, কুরআন-হাদীছ শ্রবণ করবে, তখন তাদেরও পবিত্র করার জন্য তাই যথেষ্ঠ হবে। বিষয়টি আরো স্বাভাবিক করার জন্য তিনি বলেন, সাধারণ মানুষকে কুরআন-হাদীছ থেকে বিভিন্ন কৌশলে তাদের দূরে রাখা হয়েছে। উপমহাদেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘ইলমে হাদীছের খুব একটা বেশি প্রচলন ছিল না। তাই শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলভী (রাহিমাহুল্লাহ) হাদীছের প্রচার ও প্রসারকে তাঁর মূখ্য উদ্দেশ্য নির্ধারণ করেন। একারণে তিনি হাদীছের পাঠদান ও গ্রন্থ রচনা উভয় খিদমতই আঞ্জাম দেন।[৬] উল্লেখ্য, তিনি উপমহাদেশে ‘ইলমে হাদীছের এমন খিদমত আঞ্জাম দিয়েছেন, ইতিপূর্বে এই ভূখণ্ডের কোন আলিমের কল্পনাতেও কখনো আসেনি। তৎপরবর্তী সময়ে শাহ ছাহেবের সম্মানিত পুত্রগণ হাদীছের পাঠদান ও গ্রন্থ প্রণয়নের মাধ্যমে ‘ইলমে হাদীছের প্রসারের জন্য সীমাহীন চেষ্টা করেন। অনুরূপভাবে শাহ ‘আব্দুল ‘আযীয মুহাদ্দিছ দেহলভী (রাহিমাহুল্লাহ)-এর দারসে হাদীছের মেয়াদ ছিল প্রায় চৌষট্টি বছর। এই সুদীর্ঘ সময়ে তিনি কেবল দারস-তাদরীস প্রদান করেছেন এমনটি নয়, বরং হাদীছ বিষয়ক গ্রন্থও রচনা করেছেন। যেমন ‘বুস্তানুল মুহাদ্দিছীন’, যেখানে মুহাদ্দিছগণের জীবনী উল্লেখিত হয়েছে।[৭]

❖ ইনতিকাল

এই অমূল্য বরকতময় জীবন, ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিত, সুন্নাতে রাসূলের পুনর্জীবন দান, কুরআন-হাদীছের প্রচার-প্রসার, তা‘লীম-তারবিয়াত, আল্লাহর স্মরণ ও ইলায়ে কালিমাতিল্লাহর চিন্তায় বিভোর, তার শুভ সমাপ্তির দিন এসে পড়ে। ১১৭৬ হিজরীর শুরুলগ্ন মহররমের ২৯ তারিখ মোতাবেক ২১ আগস্ট ১৭৬২ সালে শনিবার দ্বিপ্রহরে সেই প্রতিশ্রুত সময়। যে প্রতিশ্রুত সময় থেকে কোন নবী-রাসূল, কোন অলি, কোন মুজাদ্দিদ, মুজাহিদ বা রাজা-বাদশা কেউই মুক্ত না। তিনি প্রথমে সাময়িক অসুস্থতা অনুভব করেন অতঃপর মাত্র বাষট্টি বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান। যদিও কোন স্মারক গ্রন্থে তার এই অসুস্থতা ও মৃত্যুর ঘটনার বিশদ বিবরণ পাওয়া যায় না।

এই বংশেরই বিশিষ্ট ব্যক্তিত্ব সাইয়েদ মুহাম্মাদ নোমান হাসানীর রচনাবলী থেকেই সংগৃহীত। যিনি শাহ ওয়ালীউল্লাহর মৃত্যুর পরপরই দিল্লী থেকে লিখেছিলেন। দিল্লী তোরণের বামদিকে ‘মুনহাদিয়া’ নামক স্থানে শাহ ওয়ালীউল্লাহকে দাফন করা হয়। এই মুনহাদিয়া কবরস্থানে শাহ ওয়ালীউল্লাহর চার পুত্র এবং সম্মানিত পিতা শাহ আব্দুর রহীমকেও দাফন করা হয়।[৮] মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর চার মাস। মৃত্যু নিয়ে তাঁর ভক্ত লেখকগণ লিখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের ইমাম, কারামাত ওয়ালাদের অনুসৃত নেতা, সমকালীন অন্যতম পথপ্রদর্শক, যুগশ্রেষ্ঠ বিদ্বান, বিজ্ঞজনদের প্রিয়পাত্র, আমাদের সরদার শাহ ওয়ালীউল্লাহ ফারুকী বারো শতকের মুজাদ্দিদের অন্তিম যাত্রার বিবরণ যুগের ডায়েরিতে মুদ্রিত হয়েছে।[৯]

❖ সমকালীন মনীষীদের মূল্যায়ন

বড় বড় আলেমগণ ইমাম দেহলভী রহিমাহুল্লাহ (রাহিমাহুল্লাহ)-এর ভূয়সী প্রশংসা করেছেন। যেমন,

১- শায়খ আবু ত্বাহের মুহাম্মদ ইবনু ইবরাহীম মাদানী (রাহিমাহুল্লাহ) বলেন,

‘সে অর্থাৎ শাহ ওয়ালীউল্লাহ দেহলভী আমার কাছ থেকে হাদীছ শুনত। আর আমি তার থেকে হাদীছের অর্থ ঠিক করে নিতাম’। তার এই কথাটি যেন অনেকটা ইমাম তিরমিযী (রাহিমাহুল্লাহ) সম্পর্কে ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ)-এর বলা কথারই মত। যখন তিনি বলেছিলেন, ما انتفعت بك اكثر مما انتفعت بي ‘তুমি আমার থেকে যতটুকু উপকৃত হয়েছ আমি তোমার থেকে তার চেয়েও বেশি উপকৃত হয়েছি’।[১০]

২- আল্লামা ফযলুল হক্ব খয়র-আবাদী যখন তাঁর কিছু রচনা দেখেন তখন তিনি বলেন,

‘এই কিতাব যে রচনা করেছে সে নিঃসন্দেহে ইলমের এমন এক পরিপূর্ণ সমুদ্র যার উপকূল দৃষ্টিগোচর হয় না। তার নিন্দায় লিপ্ত হয় কেবল এমন নির্বোধ-জাহেল, যার দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্যের আশা করা যায় না। অথবা এমন হিংসুক, যে হিংসা করে নিজেকেই জ্বালিয়ে শেষ করে দেয়’।

৩- মুফতী শায়খ ‘ইনায়েত আহমাদ কাকুরাভী বলেন,

‘শায়খ ওয়ালীউল্লাহ (রাহিমাহুল্লাহ)-এর দৃষ্টান্ত হচ্ছে ঐ তূবা বৃক্ষের ন্যায়, যার মূল রয়েছে তাঁর গৃহে এবং সে বৃক্ষের শাখা-প্রশাখা প্রত্যেক মুসলিমের গৃহে বিস্তৃত। মুসলিমদের গৃহে এমন কোন স্থান নেই যেখানে ঐ গাছের একটি শাখা নেই‌। অধিকাংশ মানুষ বুঝতে পারে না যে, এর মূল কোথায়’।

৪- ভারতের ভূপালের নবাব সাইয়েদ সিদ্দীক হাসান খান তাঁর কিতাব ‘আল-হিত্বাহ বি যিকরিছ ছিহাহিস সিত্তাহ’ (الحطة بذكر الصحاح الستة)-এ দেহলভী ও তাঁর সন্তানদের কথা উল্লেখ করে বলেন,

‘ইলমে হাদীছ তাঁদের নিকটেই সতেজ ও উৎফুল্ল রূপে প্রত্যাবর্তন করেছে। তবে এটা কোন বিষ্ময়কর ব্যাপার নয়। এ বিষয়ে তাদের কিতাবাদি ও ফাতাওয়াসমূহ সাক্ষী দেয়। তাঁদের কলম এবং অসিয়তসমূহ এর ঘোষণা দেয়। যে ব্যক্তি এ ব্যাপারে সন্দেহ পোষণ করে, সে যেন এই সকল বিষয়ের নিকট পুনরায় প্রত্যাবর্তন করে। ভারত উপমহাদেশ ও তার অধিবাসীরা যতদিন টিকে থাকবে ততদিন তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তাদের উপর কর্তব্য হয়ে থাকবে’।

৫- ‘আল ইয়ানি‘উল জানী ফী আসানীদিশ শায়খ আবদিল গানী’ (اليانع الجني في أسانيد الشيخ عبد الغني) এর গ্রন্থকার শায়খ মুহাম্মদ ইয়াহয়া আত-তারহাতী বলেন,

‘তিনি হাদীছ শাস্ত্রের বিস্তৃতি ঘটিয়েছেন; এর ঝাণ্ডাকে উড্ডীন করেছেন; এ শাস্ত্রের রূপরেখার সংস্কার ঘটিয়েছেন। এমনকি মানুষ তাঁর জন্য শ্রেষ্ঠতম কৃতিত্বের স্বীকৃতি দিয়েছে। আর তা হল ‘রঈসুল মুহাদ্দিছীন’ বা মুহাদ্দিছকুল শিরোমণি। সাইয়িদুল মুরসালীন মুহাম্মাদ (রাহিমাহুল্লাহ)-এর সুন্নাতের জন্য তিনি কতই না উত্তম পৃষ্ঠপোষক ছিলেন! আর এটা এমন একটি মর্যাদা, যার ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করে না। এমনকি তার শত্রুরাও তা অস্বীকার করে না। হাদীছ বর্ণনা ও এর বিস্তার সাধনের মাধ্যমে এই শাস্ত্রের রক্ষণাবেক্ষণে যে ভূমিকা ইমাম দেহলভী এবং তাঁর সাথীদের ছিল, সেরকম দূরতম ভূমিকা তাঁর ভূখণ্ডে ইতিপূর্বে কারো ছিল না। আল্লাহ তা অন্য কারও জন্য নির্ধারণ করেননি...।’

৬- আল্লামা আবুল হাসনাত লাখনাভী ‘আত-তা‘লীকুল মুজাদ্দাদ ‘আলা মুআত্বায়ে মুহাম্মাদ’ (التعليق المجدد على موطأ محمد) কিতাবে বলেন, তাঁর রচনাবলী প্রমাণ করে যে,

‘তিনি ছিলেন মহিয়ান মনীষীদের একজন, বড় বড় আলেমদের অন্যতম। হেদায়াত ও ইনসাফের সাথে হক্বের পথে তাওফীক্বপ্রাপ্ত। গোঁড়ামি এবং পদস্খলন থেকে মুক্ত। দ্বীনী ইলমে বিশেষজ্ঞ। হাদীছ শাস্ত্রে সুগভীর পাণ্ডিত্যের অধিকারী’।

৭- শায়খ আব্দুল হাই আল-কাত্তানী (রাহিমাহুল্লাহ) ‘ফিহরিসুল ফাহারিস’ (فهرس الفهارس) গ্রন্থে বলেন,

‘আমার কাছে যেমনটি প্রকাশ পেয়েছে যে, ‘তিনি হলেন হাদীছ শাস্ত্রে দ্বাদশ শতাব্দীর হাফেযদের মধ্যে অন্তর্ভুক্ত। কেননা তিনি তাঁদের মাঝে অন্যতম, যারা ইলমের জন্য সফর করেছেন এবং যাদের নিকট সফর করা হয়েছে। যারা হাদীছ বর্ণনা করেছেন এবং গ্রন্থ রচনা করেছেন। যারা মাসআলার ক্ষেত্রে হুকুম নির্বাচন করেছেন এবং তারজীহ বা প্রাধান্য দিয়েছেন। তিনি ভারত উপমহাদেশে এমন এক বৃক্ষ রোপন করে গেছেন, যা আহার করিয়েছে ও ফলদায়ক হয়েছে এবং সৃষ্টিজগৎ তা থেকে ভক্ষণ করেছে’।

তিনি আরও বলেন,  ‘তিনি ‘ইলম, ‘আমল ও প্রসিদ্ধির দিক দিয়ে অনন্য উত্তরসূরী বা মুতা’আখ্খিরীন আলেমদের অন্যতম ছিলেন। তাঁর দ্বারা এবং তাঁর সন্তান-সন্ততি ও ছাত্রদের দ্বারা আল্লাহ ভারতীয় উপমহাদেশে ‘হাদীছ এবং সুন্নাতকে’ অপমৃত্যুর পর পুনর্জীবিত করেছেন। তাঁর কিতাব ও তাঁর সনদ এই উপমহাদেশের কেন্দ্রবিন্দুতে (مدار) পরিণত হয়েছে। সকল সম্মাননা ও মর্যাদারই তিনি যোগ্য-উপযুক্ত’।[১১]

(ইনশাআল্লাহ চলবে)


* প্রিন্সিপাল, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, বাঘা, রাজশাহী।

তথ্যসূত্র :
[১]. শাহ ওয়ালীউল্লাহ দেহলভী, আলইরশাদ ফি মুহিম্মাতিল ইলমিল ইসনাদ, (কায়রো, মিশর: দারুল আওকাফ লিননাশরি ওয়াত তাওযী’, ১৪৩০ হিজরী/২০০৯ খৃ.) পৃ. ২৯ ।
[২]. বর্তমান যা বিলীন হয়ে গেছে, কোন অস্তিত্ত্ব নেই।
[৩]. উপমহাদেশে শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলভী আল-কুরআনের দ্বিতীয় ফার্সি অনুবাদক ছিলেন। তাঁর অনুবাদ ও তাফসীরের নাম ‘ফাৎহুর রহমান’ (فتح الرحمن)। উপমহাদেশের অগণিত প্রকাশক অসংখ্যবার এই অনুবাদটি প্রকাশ করেছে। উলামায়ে কিরামের মাঝে এটা দারুণভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং বহুল পঠিত হয়েছে। সাথে সাথে মুসলিমরা তার এই অনুবাদকে বিশুদ্ধতম অনুবাদ হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং তা দ্বারা আলিমগণ উপকৃত হয়েছেন। অথচ পরিতাপের বিষয় হল- কুরআনের এই অনুবাদ করার অপরাধে দিল্লীর দুষ্ট আলিমরা তাঁকে কাফির আখ্যা দিয়ে হত্যার ফৎওয়া জারি করে এবং লোকজনকে তার বিরুদ্ধে লেলিয়ে দেয়। দ্রষ্টব্য : ড. আব্দুর রহমান ফিরিওয়াঈ, জুহূদু আহলিল হাদীছ ফী খিদামাতিল কুরআনিল কারীম (বানারাস : জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ১ম প্রকাশ, ১৪০০ হি./১৯৮০ খ্রি.), পৃ. ১১। অবশ্য ইস্তাম্বুলে ফ্রান্সের কনসাল জেনারেল আন্দ্রেয়া ডুরিয়া প্রথম বারের মতো সরাসরি আরবি ভাষা থেকে ফরাসি ভাষায় পবিত্র কোরআন অনুবাদ করেন। ফরাসি ভাষায় অনুদিত কোরআন শরিফ ১৬৪৭ সালে প্রথম প্রকাশিত হয়।
[৪]. রিজালুল ফিকরি ওয়াদ দা‘ওয়াতি ফিল ইসলাম, ৪র্থ খণ্ড, পৃ. ৬৮৭।
[৫]. শায়খ আব্দুল কাদির আদদিহলভী, মুযিহুল কুরআন (করাচি, পাকিস্তান, এস এম সাঈদ কোম্পনি, তাবি), পৃ . ২।
[৬]. তিনি হাদীছের প্রাচীনতম গ্রন্থ ‘মুওয়াত্ত্বা ইমাম মালিক’-এর দু’টি ব্যাখ্যা গ্রন্থ লিখেন। একটি হল- ‘আল-মুছাফ্ফা’ (المصفَّي), যা আরবী ভাষায় প্রণীত। অপরটি হল- ‘আল-মুসাওয়া’ (المسوَّي), যা ফারসী ভাষায় প্রণীত। তাছাড়া তিনি ছহীহুল বুখারীর শিরোনামের ব্যাখ্যা সম্বলিত (شرح تراجم أبواب صحيح البخاري) ‘শারহু তারাজুমি আবওয়াবি ছহীহিল বুখারী’ নামে একটি গ্রন্থ রচনা করেন। অতঃপর ‘হুজ্জাতুল্লাহিল বালিগাহ’ (حجة الله البالغة) লিপিবদ্ধ করেন। যে গ্রন্থের একটি বৃহদাংশ বিষয় হাদীছের উপর ভিত্তিশীল। দ্রষ্টব্য: মুহাম্মাদ ইসহাক ভাট্টি, বার্রে ছাগীর মেঁ আহলি হাদীছ কী আওয়ালিয়াত (ভারতীয় উপমহাদেশের আহলেহাদীছগণের অগ্রণী ভূমিকা), অনুবাদ : নূরুল ইসলাম (রাজশাহী : শ্যামলবাংলা একাডেমী, মার্চ ২০১৫ খ্রি.), পৃ. ৪২-৪৩।
[৭]. শায়খ আব্দুল হাই আল-হুসনী, আছ-ছাক্বাফাতুল ইসলামিয়্যাহ ফিল হিন্দ, (মুওয়াস সাসাতু হান্দাভী, ১৪৩৭ হি./২০১৫ খৃ.), পৃ. ১৪৪; রিজালুল ফিকরি ওয়াদ দা‘ওয়াতি ফিল ইসলাম, ৪র্থ খণ্ড, পৃ. ৬৯০; ভারতীয় উপমহাদেশের আহলেহাদীছগণের অগ্রণী ভূমিকা, পৃ. ৪৩-৪৪।
[৮]. মালফুযাতে শাহ আব্দুল আযীয, উর্দূ সংস্করণ, দিল্লী, পৃ. ২৮।
[৯]. সাইয়েদ আবুল হাসা আলী নদভী, সংগ্রামী সাধকদের ইতিহাস, পঞ্চম খণ্ড, পৃ. ১০২।
[১০]. শিহাবুদ্দীন আবুল ফযল আহমাদ ইবন আলী ইবন হাজার আল আসকালানী, তাহযীবুত তাহযীব (বৈরুত : মুয়াসসাতুর রিসালাহ, দিমাশক, ১৪১৬ হি./১৯৯৫ খৃ.), নবম খণ্ড, পৃ. ৩৪৫।
[১১]. শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলভী, হুজ্জাতুল্লাহিল বালিগাহ, তাহক্বীক্ব: ড. ওছমান জাম‘আ জুমাইরিয়া (রিয়ায: মাকতাবাতুল কাওছার, সৌদি আরব, ১৪২০ হি./১৯৯৯ খৃ.), ভূমিকা অংশ থেকে, পৃ. ১৩-১৪।




ছালাতের সঠিক সময় ও বিভ্রান্তি নিরসন - মাইনুল ইসলাম মঈন
মুসলিম বিভক্তির কারণ ও প্রতিকার (২য় কিস্তি) - ড. মুযাফফর বিন মুহসিন
বিদ‘আত পরিচিতি (শেষ কিস্তি) - ড. মুহাম্মাদ বযলুর রহমান
সুন্নাহ বিরোধী ও সংশয় উত্থাপনকারীদের চক্রান্তসমূহ ও তার জবাব (৭ম কিস্তি) - হাসিবুর রহমান বুখারী
ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় যুবসমাজ (২য় কিস্তি) - ড. মেসবাহুল ইসলাম
ইমাম মাহদী, দাজ্জাল ও ঈসা (আলাইহিস সালাম)-এর আগমন সংশয় নিরসন (১৪তম কিস্তি) - হাসিবুর রহমান বুখারী
আল-কুরআনে মানুষ: মর্যাদা ও স্বরূপ বিশ্লেষণ (২য় কিস্তি) - ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ
বিদ‘আত পরিচিতি (১৭তম কিস্তি) - ড. মুহাম্মাদ বযলুর রহমান
আল-কুরআন তেলাওয়াতের ফযীলত (৬ষ্ঠ কিস্তি) - আব্দুল্লাহ বিন আব্দুর রহীম
দলাদলির কুপ্রভাব : উত্তরণের উপায় - শায়খ মতিউর রহমান মাদানী
ইসলামী রাষ্ট্রে শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা: একটি পর্যালোচনা (৩য় কিস্তি) - মূসা ইবরাহীম ইবনু রঈসুদ্দীন
আল-কুরআনে মানুষ: মর্যাদা ও স্বরূপ বিশ্লেষণ (৩য় কিস্তি) - ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ

ফেসবুক পেজ