উত্তর : স্পষ্ট শিরকী আক্বীদায় লিপ্ত ব্যক্তি বা মাযারপূজারী ইমামের পেছনে ছালাত আদায় করা জায়েয নয়। তাই ছহীহ আক্বীদার ইমামের পেছনে ছালাত আদায় করতে হবে। অন্যথা বাড়িতে ছালাত আদায় করতে হবে (আহমাদ হা/৩৬০১ সনদ ছহীহ)। উক্ত মসজিদের ক্ষেত্রে বিবেচনা করতে হবে যে, কবরটি কি মূল ছালাতের জায়গার ভেতরে, না-কি মসজিদের চারদেয়ালের বাইরের অংশে। যদি কবরটি মূল মসজিদের ভেতরে বা ক্বিবলার দিকে না থেকে ছালাতের স্থান থেকে পৃথক বা বাউন্ডারি দিয়ে আলাদা করা থাকে, তবে ঐ মসজিদে ছহীহ আক্বীদার ইমামের পেছনে ছালাত আদায় করা জায়েয (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ৬/২৪১ পৃ.)। নবী করীম (ﷺ) কবরের দিকে মুখ করে ছালাত আদায় করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৭২) এবং কবরের ওপর মসজিদ নির্মাণ করতে অভিসম্পাত করেছেন (ছহীহ বুখারী, হা/৪৩৫, ১৩৯০; ছহীহ মুসলিম, হা/৫২৪)। কিন্তু যদি কবরটি ছালাতের স্থানের সামনে না থেকে পাশে বা পেছনে থাকে এবং ছালাতের স্থান থেকে সম্পূর্ণ পৃথক থাকে, তবে সেই মসজিদকে ‘কবরের ওপর নির্মিত মসজিদ’ বলা যাবে না (মাজমূঊ ফাতাওয়া বিন বায, ১৩/৩৫২ পৃ.)। আর যদি কবরটি মূল ছালাতের জায়গার ভেতরেই অবস্থিত হয় এবং তা পৃথক করার কোন দেয়াল না থাকে, তবে সেখানে ছালাত আদায় করা জায়েয হবে না। সে ক্ষেত্রে করণীয় হলো:
প্রথমতঃ আশেপাশে অন্য কোন ছহীহ আক্বীদার ইমামের মসজিদ বা সুন্নাত অনুসারী মসজিদ থাকলে সেখানে গিয়ে জামা‘আতে ছালাত আদায় করা। দ্বিতীয়তঃ যদি এমন কোন মসজিদ কাছাকাছি না থাকে, তবে সমমনা দ্বীনদার ভাইদের নিয়ে কোন উপযুক্ত স্থানে (যেমন: বাসা, অফিস বা নির্দিষ্ট কোন কক্ষে) নিজেদের মধ্যে জামা‘আত কায়েম করে ছালাত আদায় করা (মাজমূঊল ফাতাওয়া, ২৩/২৪১ পৃ.)।
প্রশ্নকারী : মাইনুল ইসলাম ইবনে মেহেরউল্লাহ, চট্রগ্রাম।