উত্তর : ইদ্দতকাল অতিবাহিত হয়ে গেলে, সেক্ষেত্রে নতুন বিবাহ ও মোহরানা ধার্য করে ফিরিয়ে আনতে হবে। সালাফে ছালিহীনের মতানুযায়ী খুলা’ ত্বালাক্বের ইদ্দত এক হায়িয বা এক মাস (নাসাঈ, হা/৩৪৯৭; তিরমিযী, হা/১১৮৫)। আর সাধারণ ত্বালাক্বের ইদ্দত তিন তুহুর বা তিন মাস। ইদ্দতকাল অতিবাহিত হয়ে যাওয়ার পর পুনরায় স্বামী-স্ত্রী এক হতে চাইলে, সেক্ষেত্রে ত্বালাক্বপ্রাপ্তা স্ত্রীকে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নেয়া জায়েয। এক্ষেত্রে স্বামী-স্ত্রীর সম্মতি, অভিভাবক এবং দু’জন সাক্ষীর উপস্থিতি এবং নতুন মোহরানা অপরিহার্য (আল-ইনছাফ, ৯/২০৪; তিরমিযী, ৩/৪৮৩;, যাদুল মা‘আদ, ৫/১৭৯; মাজমূূঊ ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩২/৩৪৪; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২২৩৫৭২)।
হাসান (রাহিমাহুল্লাহ) বলেন, মা‘কীল ইবনু ইয়াসার (রাযিয়াল্লাহু আনহু)-এর বোন এক ব্যক্তির বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। সে তাকে ত্বালাক্ব দিয়েছিল। অতঃপর তাকে ফিরিয়ে না নিয়ে তার থেকে দূরে অবস্থান করতে থাকে, আর এভাবেই তার ইদ্দতকাল অতিবাহিত হয়ে গেল, পরক্ষণেই সে আবার তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাল। মা‘কীল (রাযিয়াল্লাহু আনহু) এতে খুবই রাগান্বিত হলেন এবং তিনি বললেন, সময় থাকতে ফিরিয়ে নিল না, এখন আবার প্রস্তাব পাঠাচ্ছে! তিনি বিয়ের ব্যাপারে তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ালেন। এরপর আল্লাহ তা‘আলা এ আয়াতটি অবতীর্ণ করেন,
وَ اِذَا طَلَّقۡتُمُ النِّسَآءَ فَبَلَغۡنَ اَجَلَہُنَّ فَلَا تَعۡضُلُوۡہُنَّ اَنۡ یَّنۡکِحۡنَ اَزۡوَاجَہُنَّ اِذَا تَرَاضَوۡا بَیۡنَہُمۡ بِالۡمَعۡرُوۡفِ
‘আর তোমরা যখন স্ত্রীদেরকে ত্বালাক্ব দাও এবং তারা তাদের ‘ইদ্দতকাল পূর্ণ করে, অতঃপর তারা যদি বিধান মত পরস্পর সম্মত হয়, তাহলে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে পুনর্বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না’ (সূরা আল-বাক্বারাহ : ২৩২)। এরপর রাসূল (ﷺ) মা‘কীল (রাযিয়াল্লাহু আনহু)-কে ডাকলেন এবং তাঁর সম্মুখে আয়াতটি পাঠ করলেন। তিনি তার রাগ পরিত্যাগ করে আল্লাহর আদেশের আনুগত্য করেন’ (ছহীহ বুখারী, হা/৫৩৩১, ৪৫২৯, ৫১৩০)। উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, যেহেতু ঘটনাটি ৩ মাস অতিক্রম করে গিয়েছে, সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। এখন নতুন বিবাহ্ ও মোহরানার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।
প্রশ্নকারী : আরিফ, সাভার, ঢাকা।