বুধবার, ০৩ Jun ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

কুরবানীর প্রকৃত শিক্ষা : রক্ত নয়, প্রয়োজন তাক্বওয়ার 


ঈদুল আযহার কুরবানী মুসলিম জীবনের এক মহান ইবাদত, যা কেবল কুরবানী ক্রয়ের প্রতিযোগীতা, পশু জবাই বা গোশত খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মশুদ্ধি এবং তাক্বওয়ার এক গভীর প্রশিক্ষণ। প্রতি বছর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুরবানী পালিত হলেও, এর অন্তর্নিহিত শিক্ষা কতটা আমাদের জীবনে প্রতিফলিত হয়, সেটিই আজ ভাবনার বিষয়। মহান আল্লাহ বলেন, لَنۡ یَّنَالَ اللّٰہَ  لُحُوۡمُہَا وَ لَا دِمَآؤُہَا وَ لٰکِنۡ یَّنَالُہُ التَّقۡوٰی مِنۡکُمۡ ‘আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাক্বওয়া’ (সূরা আল-হজ্জ : ৩৭)। আয়াতটি আমাদের মনে করিয়ে দেয়, কুরবানীর আসল উদ্দেশ্য বাহ্যিক প্রদর্শন বা গোশত খাওয়া নয়, বরং অন্তরের বিশুদ্ধতা এবং আত্মত্যাগের একনিষ্ঠতা। কুরবানী তাই কোনো সামাজিক প্রতিযোগিতা নয়।   

কুরবানীর ইতিহাস আমাদের নিয়ে যায় হযরত ইবরাহীম (আলাইহিস সালাম)-এর সেই অনন্য ত্যাগের ঘটনায়, যেখানে তিনি আল্লাহর আদেশ পালনে প্রিয় পুত্র ইসমাঈল (আলাইহিস সালাম)-কে কুরবানী করতে প্রস্তুত হয়েছিলেন। পরবর্তীতে মহান আল্লাহ এক মহান যবেহের বিনিময়ে তাকে মুক্ত করেন এবং তাঁদের এই আত্মত্যাগ পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছেন’ (সূরা আছ-ছফফাত : ১০০-১০৮)। পিতা-পুত্রের এই ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক বর্ণনা নয়; বরং এটি আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক চিরন্তন দৃষ্টান্ত। আজকের মুসলিম সমাজে এই শিক্ষা কতটা জীবন্ত, সেটিই প্রশ্ন? বর্তমান সময়ে কুরবানী অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিকতা ও বাহ্যিকতায় সীমাবদ্ধ হয়ে পড়ছে। দামি পশু ক্রয়, সামাজিক মর্যাদা প্রদর্শন কিংবা প্রতিযোগিতামূলক মানসিকতা, এসব প্রবণতা কুরবানীর মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অথচ কুরবানীর প্রকৃত শিক্ষা হলো, নিজের অহংকার, লোভ, স্বার্থপরতা, পাপপ্রবণতা, জাহিলিয়াত এবং শিরককে আল্লাহর জন্য ত্যাগ করা। পাশাপাশি মহান আল্লাহর নির্দেশের নিকট আত্মসমর্পণ করা। ইবরাহীম (আলাইহিস সালাম) সেটাই করেছিলেন।      

কুরবানী আমাদের শেখায় আত্মসমর্পণ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা। এটি শুধু একটি ধর্মীয় রীতি নয়; বরং সামাজিক ন্যায়বিচার ও মানবিকতার এক বাস্তব প্রয়োগ। মহান আল্লাহ বলেন, فَکُلُوۡا مِنۡہَا وَ اَطۡعِمُوا الۡقَانِعَ وَ الۡمُعۡتَرَّ ‘তোমরা তা থেকে খাও। যে অভাবী, মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায়-তাদেরকে খেতে দাও’ (সূরা আল-হাজ্জ : ৩৬)। কুরবানী ইসলামের একটি মহান ইবাদত, যার বাহ্যিক রূপ পশু যবেহ করা হলেও এর অন্তর্নিহিত লক্ষ্য অনেক গভীর ও ব্যাপক। মহান আল্লাহ কুরবানীর গোশত বণ্টনের যে নির্দেশ দিয়েছেন, এর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ হিকমাহ ও মানবকল্যাণের বহুমাত্রিক দিক।  প্রথমত, কুরবানীর গোশত নিজে খাওয়ার মধ্যে রয়েছে আল্লাহর নে‘মতের প্রতি কৃতজ্ঞতা। মানুষ কুরবানীর গোশত খেয়ে উপলব্ধি করে, এই সম্পদ, এই সামর্থ্য, সবই আল্লাহর দান। এটি নিছক ভোগ নয়; বরং আল্লাহর অনুগ্রহকে স্বীকার করে তাঁর শুকরিয়া আদায় করা। কুরবানী কেবল ত্যাগের প্রতীক নয়, বরং নে‘মতের সঠিক ও বৈধ উপভোগও। দ্বিতীয়ত, অভাবগ্রস্তদের মাঝে গোশত বণ্টনের মাধ্যমে ইসলামের সামাজিক ন্যায়বিচার ও সাম্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে ওঠে। সমাজে অনেক মানুষ আছে, যারা সারা বছর গোশত খেতে পারে না। কুরবানীর মাধ্যমে অন্তত তারা পরিতৃপ্তির সাথে আহার করতে পারে। এতে ধনী-গরিবের মাঝে দূরত্ব কমে, হৃদয়ে জন্ম নেয় ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ। সামাজিক সংহতি মজবুত হয় এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে। তৃতীয়ত, প্রার্থনাকারীকে দেওয়ার নির্দেশ মানুষের অন্তরে দানশীলতা ও উদারতার গুণাবলি বিকশিত করে। মানুষ স্বভাবতই নিজের সম্পদের প্রতি আসক্ত থাকে; কিন্তু যখন সে আল্লাহর সন্তুষ্টির জন্য তা অন্যের মাঝে বিলিয়ে দেয়, তখন তার অন্তর পরিশুদ্ধ হয়, কৃপণতা দূর হয় এবং আত্মা প্রশান্তি লাভ করে। এই দানের চর্চা মানুষকে মানবিক করে তোলে এবং সমাজে পারস্পরিক সহানুভূতির পরিবেশ সৃষ্টি করে।

কুরবানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তাক্বওয়ার চর্চা। মহান আল্লাহর নিকট কুরবানীর গোশত বা রক্ত পৌঁছায় না; বরং পৌঁছে মানুষের তাক্বওয়া। অর্থাৎ কুরবানীর প্রকৃত উদ্দেশ্য হলো অন্তরের খালেছ নিয়ত, আল্লাহভীতি এবং তাঁর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। গোশত বণ্টনের এই প্রক্রিয়া সেই তাক্বওয়াকে বাস্তব জীবনে প্রতিফলিত করে, মানুষ নিজের প্রিয় সম্পদ অন্যের মাঝে বিলিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। এছাড়াও এই বিধানের মাধ্যমে সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত হয়। সবশেষে বলা যায়, কুরবানীর গোশত বণ্টনের এই বিধান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষকে কৃতজ্ঞতা, উদারতা, সহমর্মিতা ও তাক্বওয়ার পথে পরিচালিত করে। এতে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করে এবং সমাজে ন্যায়, সাম্য ও ভালোবাসার এক সুন্দর পরিবেশ গড়ে ওঠে। আজ প্রয়োজন কুরবানীর বাহ্যিক আড়ম্বর থেকে বের হয়ে এর অন্তর্নিহিত তাক্বওয়ার চেতনাকে ধারণ করা। আমাদের প্রতিটি কুরবানী যেন হয় আত্মসমর্পণের প্রতীক, আল্লাহর সন্তুষ্টির জন্য একান্ত নিবেদন। কুরবানী তখনই পরিপূর্ণতা পায়, যখন তা আমাদের চরিত্র, আচরণ ও জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।

অতএব, আসুন, এই কুরবানীতে আমরা শুধু পশু নয়, বরং নিজের ভেতরের অমানবিকতা, অহংকার ও গুনাহকে কুরবানী করি। বাহ্যিক রক্ত প্রবাহের চেয়ে অন্তরের তাক্বওয়াই হোক আমাদের আসল অর্জন। তাহলেই কুরবানীর প্রকৃত শিক্ষা বাস্তবে প্রতিফলিত হবে এবং আমাদের জীবন আলোকিত হবে আল্লাহর সন্তুষ্টিতে। মহান আল্লাহ কুরবানীর প্রকৃত শিক্ষাকে আমাদের সার্বিক জীবনে বাস্তবায়নের তাওফীক্ব দান করুন-আমীন!!


رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا اِنَّکَ اَنۡتَ السَّیۡعُ الۡعَلِیۡمُ





প্রসঙ্গসমূহ »: সম্পাদকীয় কুরবানী
ঈদে মীলাদুন্নবী : শী‘আদের সৃষ্ট অভিশপ্ত অনুষ্ঠান - সম্পাদকীয়
ধর্ষণ, খুন, গুম, নারী নির্যাতন : মধ্যযুগীয় বর্বরতার নব-সংস্করণ - সম্পাদকীয়
করোনা ভাইরাস : যালিমদের জন্য অশনি সংকেত - সম্পাদকীয়
ইসলামের দৃষ্টিতে ছবি, মূর্তি ও ভাস্কর্য - সম্পাদকীয়
রামাযান: তাক্বওয়া ও ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ - সম্পাদকীয়
প্রচলিত রাজনীতি ও মানবতার করুণ পরিণতি - ড. মুযাফফর বিন মুহসিন
নীতিবোধের সংকট! - সম্পাদকীয়
কুরবানীর প্রকৃত শিক্ষা : রক্ত নয়, প্রয়োজন তাক্বওয়ার - সম্পাদকীয়
প্রবৃত্তি পূজার কুপ্রভাব ও আমাদের করণীয় - সম্পাদকীয়
প্রতারণার পরিণাম - সম্পাদকীয়
কুরআনে কারীমের মর্যাদা - সম্পাদকীয়
তরুণদের মানহাজ বিভ্রান্তি ও তার কুফল - সম্পাদকীয়

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ