শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ইসলামী বিচারব্যবস্থা : ইনছাফ ও ন্যায় প্রতিষ্ঠার চূড়ান্ত মানদণ্ড


ইসলামী বিচার ব্যবস্থায় ন্যায় বা ইনছাফ শুধু কোন আইনগত শব্দ নয়; এটি একটি নৈতিক দর্শন, একটি সামাজিক দায়িত্ব, একটি আত্মিক ইবাদত। ইনছাফ এমন একটি আলো, যা শাসনকে পরিশুদ্ধ করে, সমাজকে সুশৃঙ্খল করে এবং মানবকল্যাণের পথে রাষ্ট্রকে পরিচালিত করে। যখন একটি রাষ্ট্র ইনছাফের ওপর দাঁড়ায়— তখন দুর্বলদের অধিকার রক্ষা পায়, অপরাধ নিয়ন্ত্রিত হয়, শান্তি নিশ্চিত হয় এবং প্রকৃত সভ্যতার সূচনা ঘটে। সুতরাং, ইসলামী বিচারব্যবস্থা কেবল আইন ও শাস্তির সমন্বয় নয়; এটি নৈতিকতা, মানবতা, সমতা, জবাবদিহিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা।

ইসলামী বিচারব্যবস্থা সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বোত্তম মানদণ্ড। এ ব্যবস্থার মূল ভিত্তি হল মহান আল্লাহর নাযিলকৃত হুকুমের প্রতি পূর্ণ আনুগত্য এবং মানুষের মধ্যে সমতা, মর্যাদা ও সুবিচার প্রতিষ্ঠার অপরিবর্তনীয় অঙ্গীকার। আল্লাহ তা‘আলা বলেন, ‘যখন তোমরা লোকদের মধ্যে বিচার-মীমাংসা কর, তখন ন্যায়বিচার কর’ (সূরা আন-নিসা : ৫৮)। অন্যত্র তিনি বলেন, ‘হে মুমিনগণ! তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষীরূপে। যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতা-মাতার অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয়। যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না’ (সূরা আন-নিসা : ১৩৫)। তিনি আরও বলেন, ‘আর যদি বিচার কর, তবে ইনছাফপূর্ণ বিচার করবে। নিশ্চয় আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন’ (সূরা আল-মায়েদাহ : ৪২)। আল্লাহ তাঁর নবীকে সুবিচারের নির্দেশ দিতে গিয়ে বলেন, ‘আর আমরা নির্দেশ দিচ্ছি যে, আপনি তাদের মধ্যে আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী ফায়ছালা করবেন এবং তাদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না। শরী‘আতের এসকল নির্দেশনা থেকেই ইসলামী বিচারব্যবস্থা সুবিচারের এমন এক চিরন্তন কাঠামো নির্মাণ করে, যেখানে বিচারক, শাসক, সমাজ ও রাষ্ট্র প্রত্যেকেই আল্লাহর সামনে জবাবদিহিমূলক অবস্থানে দাঁড়ায়। সুতরাং কুরআন-হাদীছে ন্যায় ও ইনসাফের প্রতি যে গুরুত্বারোপ করা হয়েছে, তা মানব ইতিহাসে অনন্য। শরী‘আতের এই নির্দেশ কেবল আইনগত বাধ্যবাধকতা নয়, বরং নৈতিক দৃঢ়তার সর্বোচ্চ ঘোষণা।

ইসলামী ন্যায়বিচারের সৌন্দর্য হল— এটি কোন ব্যক্তি, দল, শ্রেণি কিংবা ক্ষমতার প্রতি পক্ষপাতদুষ্ট নয়; বরং সত্যের প্রতি অবিচল, প্রমাণের ভিত্তিতে পরিচালিত এবং মানবিক মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জীবদ্দশায় বিচারপ্রক্রিয়াকে এমন উচ্চতা দান করেন, যা আজও দুনিয়ার যেকোন আধুনিক আইনি ব্যবস্থার জন্য আলোকবর্তিকা স্বরূপ। তিনি ঘোষণা করেন যে, নিজের আপনজনের বিরুদ্ধেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সত্যিকারের ঈমানের দাবি। এমনকি চুরি-অপরাধে যদি তাঁর কন্যা ফাতিমা (রাযিয়াল্লাহু আনহা)-এর ওপরও হদ্ প্রযোজ্য হতো, তিনি তাতেও বিন্দুমাত্র ব্যতিক্রম করতেন না (সুনানু নাসাঈ, হা/৪৯০১, সনদ ছহীহ)। ব্যক্তিস্বার্থ উপেক্ষা করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এই উদাহরণ বিশ্ব ইতিহাসে বিরল।

আত্মিক পরিশুদ্ধতা ও নৈতিক দৃঢ়তা ইসলামী বিচারব্যবস্থার মৌলিক চেতনা। তাই ইসলামী রাষ্ট্রের বিচারক কেবল পেশাগত কোন দায়িত্ব নন; বরং তারা হলেন আল্লাহভীরু, জ্ঞানসম্পন্ন, সততা ও দৃঢ় নৈতিক শক্তিসম্পন্ন দায়িত্বশীল ব্যক্তি। সুতরাং তারা রাগান্বিত অবস্থায় বিচার করবেন না (ছহীহ বুখারী, হা/৭১৫৮), বাদী-বিবাদী উভয়ের কথা শ্রবণ করবেন (তিরমিযী, হা/১৩৩১; মুসনাদে আহমাদ, হা/৮৮২), উভয়ের প্রতি সমআচরণ করবেন, কোন পক্ষের প্রতি বিদ্বেষ পোষণপূর্বক বিচার করবেন না (সূরা আল-মায়েদাহ : ৮), কোন ধরনের উৎকোচ গ্রহণ করবেন না (তিরমিযী, হা/১৩৩৬), পদের প্রতি আগ্রহ প্রকাশ করবে না (সূরা আন-নিসা : ৫৮: ছহীহ বুখারী, হা/৬৬২২) প্রভৃতি। বিচারকের রায় শুধু দুনিয়ার আদালতের জন্য নয়; পরকালের আদালতের প্রতিও তাদের অঙ্গীকার। বিচারক কেবল আইনের পাঠক নন; তিনি সমাজের অভিভাবক, মানবতার রক্ষক এবং আল্লাহর আদেশের ধারক। ইসলাম এমন একটি পরিবেশ চায় যেখানে বিচারপ্রার্থীরা বিচারালয়কে ভয়ের নয়, বরং শান্তির আশ্রয়স্থল হিসাবে বিবেচনা করে।

আফসোসের বিষয় হল— বর্তমানে বিচারের দীর্ঘসূত্রিতা, দুর্নীতি, পেশিশক্তির বলয়, ক্ষমতা বা রাজনৈতিক প্রভাবে বিচারব্যবস্থার উন্নত প্রাসাদ ধসে পড়েছে। ফলে ন্যায়বিচার সোনার হরিণে পরিণত হয়েছে। অথচ ইসলামী বিচারব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে ‘আদল বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, বৈষম্য দূর করা এবং দুর্নীতি ও অন্যায়ের অবসান ঘটানো এবং শোষণমুক্ত সমাজ গঠন করা। শরী‘আতের হদ বা দণ্ডবিধি কায়েম করা এবং আল্লাহর নিষিদ্ধ কাজে (কেউ লিপ্ত হলে তার বিরুদ্ধে) দ্রুত প্রতিশোধ নেয়া। রাসূলুল্লাহ (ﷺ) নিজের জীবদ্দশায়ই শরী‘আতের বিধান অনুযায়ী দণ্ডবিধি কার্যকর করেছেন। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, ‘আল্লাহর কসম! তিনি কখনও তাঁর ব্যক্তিগত কারণে কোন কিছুর প্রতিশোধ গ্রহণ করেননি, যতক্ষণ না আল্লাহর হারামসমূহকে ছিন্ন করা হত। সেক্ষেত্রে আল্লাহর জন্য তিনি প্রতিশোধ নিতেন’ (ছহীহ বুখারী, হা/৬৭৭৬)। অনুরূপভাবে ইসলামের খলীফাগণও নিরপেক্ষ বিচারব্যবস্থা বাস্তবায়ন করেছিলেন।

মনে রাখতে হবে, ইসলামী বিচারব্যবস্থা কেবল একটি শাসনব্যবস্থা নয়, বরং একটি জবাবদিহিমূলক নেতৃত্ব ও মুসলিম জাতির রক্ষাকবচ। আজকের বৈষম্যমূলক বিশ্ব ব্যবস্থার পরিবর্তে একটি ন্যায়ভিত্তিক, পরিপূর্ণ ইসলামী সমাজ গঠনে নিরপেক্ষ বিচারব্যবস্থা একান্ত প্রয়োজনীয়। বিশেষ করে বাংলাদেশের জন্য আরো বেশী যরূরী। সুতরাং আজকের মুসলিম বিশ্বে ন্যায় পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন এই চিরন্তন নীতির প্রতি প্রত্যাবর্তন, যাতে ক্ষমতা নয়, বরং সততার প্রতি আস্থা, প্রভাব নয়, বরং সাক্ষ্য-প্রমাণ অবিচলতা, আবেগ নয়, বরং আল্লাহর হুকুম বিচারব্যবস্থার মানদণ্ড হয়ে ওঠে। মহান আল্লাহ আমাদের সকলকে সার্বিক জীবনে সুবিচার সুপ্রতিষ্ঠিত করার তাওফীক্ব দান করুন-আমীন!!


رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا اِنَّکَ اَنۡتَ السَّیۡعُ الۡعَلِیۡمُ

 




প্রসঙ্গসমূহ »: সম্পাদকীয়
ভারতীয় আধিপত্যবাদ : স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি - সম্পাদকীয়
নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আলেম সমাজের ভূমিকা - ড. মুযাফফর বিন মুহসিন
আহলেহাদীছদের বিরুদ্ধে বিষোদগার : চরম অজ্ঞতার বহিঃপ্রকাশ - সম্পাদকীয়
নারী পোশাকের স্বাধীনতা ও প্রগতিবাদীদের ভ্রান্তি বিলাস - সম্পাদকীয়
তাওহীদ সম্পর্কে জানা আবশ্যক কেন? - সম্পাদকীয়
প্রতারণার পরিণাম - সম্পাদকীয়
সার্বিক নিরাপত্তা আবশ্যক - সম্পাদকীয়
সামাজিক অনাচার: আশু প্রতিরোধ যরূরী - সম্পাদকীয়
শিক্ষা জাতির মেরুদণ্ড, না-কি পঙ্গুত্ব? - সম্পাদকীয়
লৌকিকতামুক্ত কুরবানী: তাওহীদ বাস্তবায়নের উপায় - সম্পাদকীয়
ত্বাগূতী রাজনীতি অভিশাপ ও করুণ পরিণতি - ড. মুযাফফর বিন মুহসিন
নারী বিষয়ে ইসলামবিরোধী সংস্কার প্রস্তাব বাতিল করুন - সম্পাদকীয়

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ