উত্তর : মানুষের সাথে জিনের বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হারাম। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের পসন্দমত দুই, তিন বা চারজন নারীকে বিবাহ করো’ (সূরা আন-নিসা : ৩)। বিবাহের জন্য পূর্ব শর্ত হল- স্বামী-স্ত্রী একই মানবজাতির হওয়া। আল্লাহ তা‘আলা বলেন, وَ اللّٰہُ جَعَلَ لَکُمۡ مِّنۡ اَنۡفُسِکُمۡ اَزۡوَاجًا وَّ جَعَلَ لَکُمۡ مِّنۡ اَزۡوَاجِکُمۡ بَنِیۡنَ وَ حَفَدَۃً ‘আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই জোড়া (স্ত্রী) সৃষ্টি করেছেন এবং তোমাদের জোড়া (স্ত্রী) হতে তোমাদের জন্য সন্তান ও পৌত্রাদি সৃষ্টি করেছেন’ (সূরা আন-নাহল : ৭২)। অত্র আয়াতগুলো দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় যে, মানুষের স্ত্রী মানুষই হবে, জিন বা অন্য কোন প্রাণী নয়। আর জিনদের সাথে বিবাহ হলে বিবাহের মূল উদ্দেশ্য এবং সম্ভাব্য ক্ষতি বিবেচনায় তা নিষিদ্ধ। আল্লাহ তা‘আলা বলেন,
وَ مِنۡ اٰیٰتِہٖۤ اَنۡ خَلَقَ لَکُمۡ مِّنۡ اَنۡفُسِکُمۡ اَزۡوَاجًا لِّتَسۡکُنُوۡۤا اِلَیۡہَا وَ جَعَلَ بَیۡنَکُمۡ مَّوَدَّۃً وَّ رَحۡمَۃً
‘আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ কর; আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন’ (সূরা আর-রূম : ২১)।
প্রশ্নকারী : আব্দুর রব, বরিশাল।