উত্তর : মসজিদে থাকাবস্থায় যদি কারোর থুথু নিক্ষেপ করার প্রয়োজন হয়, তাহলে সে বামদিকে নিক্ষেপ করবে। তা না হলে রুমালে কিংবা কাপড়ে নিক্ষেপ করে মুছে ফেলবে (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ৮/৪২৪ পৃ.)। হাফিজ ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) ও ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মসজিদের ভিতরে অথবা বাহিরে উভয়াবস্থাতেই ক্বিবলার দিকে এবং ডান দিকে অর্থাৎ উত্তর দিকে থুথু নিক্ষেপ করা নিষেধ’ (ফাৎহুল বারী, ১/৫১০-৫১২; আল-মাজমূঊ, ৪/১০০ পৃ.)। যদিও শাইখ মুহাম্মাদ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ছালাতের বাইরে এবং মসজিদের বাইরেও ক্বিবলার দিকে থুতু ফেলার ব্যাপারে ফক্বীহদের মধ্যে মতভেদ রয়েছে। কিছু ফক্বীহ এটিকে অনুমোদন করেছেন এবং নিষেধাজ্ঞার সাধারণ বক্তব্যকে ছালাতের অবস্থার সঙ্গে সীমাবদ্ধ করেছেন।
অন্যদিকে, কিছু ফক্বীহ নিষেধাজ্ঞার ব্যাপকতা বজায় রেখে ক্বিবলার দিকে থুতু ফেলাকে নিষিদ্ধ বলেছেন। নিষেধাজ্ঞার ব্যাপকতার পক্ষে যে হাদীছ বর্ণিত হয়েছে, তার মধ্যে রয়েছে হুযাইফাহ ইবনুল ইয়ামান (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ করে ক্বিয়ামাতের দিন সে ঐ থুথু নিজের দু’চোখের মধ্যখানে পতিত অবস্থায় উপস্থিত হবে’ (আবূ দাঊদ, হা/৩৮২৪; ছহীহুত তারগীব, হা/২৮৪, ৩৩৯; সিলসিলা ছহীহাহ, হা/২২২)।
আবার ছাহাবী ও তাবিঈদের একটি দল ডান দিকে থুতু ফেলা থেকে বিরত থাকতেন। আবার ইমাম মালিক থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, ছালাতের বাইরে ক্বিবলার দিকে থুতু ফেলতে কোন অসুবিধা নেই। নিষেধাজ্ঞার পক্ষে প্রমাণ হিসাবে আব্দুর রাযযাক প্রমুখ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেছেন যে, তিনি ছালাতের বাইরে ডান দিকে থুতু ফেলাকে অপসন্দ করতেন। মু‘আয ইবনু জাবাল (রাযিয়াল্লাহু আনহু) বলেছেন, ‘আমি ইসলাম গ্রহণ করার পর থেকে কখনো আমার ডান দিকে থুতু ফেলিনি’।
উমার ইবনু আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ) তাঁর ছেলেকেও সর্বাবস্থায় এটি থেকে নিষেধ করেছিলেন। সম্ভবত যারা এই নিষেধাজ্ঞাকে শুধু ছালাতের সঙ্গে নির্দিষ্ট করেছেন, তারা আবূ হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু)-এর বর্ণিত হাদীছে উল্লেখিত নিষেধের কারণের উপর ভিত্তি করেছেন। সেখানে বলা হয়েছে, ‘কারণ, তার ডান পাশে একজন ফেরেশতা রয়েছে’। অধিকতর গ্রহণযোগ্য মত হল-ক্বিবলার দিকে থুতু ফেলার নিষেধাজ্ঞা ছালাতের অবস্থার সাথেই সম্পৃক্ত। তবে ছালাতের বাইরেও সম্ভব হলে ক্বিবলার দিকে থুতু ফেলা থেকে বিরত থাকা উত্তম। আর ডান দিকে থুতু ফেলা থেকেও বিরত থাকা আরও বেশি গুরুত্ব। কারণ এ বিষয়ে ছাহাবীদের বক্তব্য ও আমল রয়েছে। তাছাড়া মানুষ নিজের ডান দিক সহজেই চিনতে পারে, কিন্তু সবসময় ক্বিবলার দিক সহজে জানা সম্ভব হয় না। আল্লাহই সর্বাধিক জ্ঞানী (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৫৪৩৭৩)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, রংপুর।