উত্তর : এই দূরত্বকে সফরের দূরত্ব হিসাবে গণ্য করা যায় এবং এক্ষেত্রে সফরের বিধান প্রযোজ্য হবে। আল্লাহ তা‘আলা বলেন, وَ اِذَا ضَرَبۡتُمۡ فِی الۡاَرۡضِ فَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَقۡصُرُوۡا مِنَ الصَّلٰوۃِ ‘আর যখন তোমরা পৃথিবীতে সফর করবে, তখন ছালাত সংক্ষিপ্ত করায় তোমাদের কোন গুনাহ নেই’ (সূরা আন-নিসা : ১০১)। উমর ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু) এ আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করেলে তিনি বলেন, صَدَقَةٌ تَصَدَّقَ اللهُ بِهَا عَلَيْكُمْ فَاقْبَلُوْا صَدَقَتَهُ ‘এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি ছাদাক্বাহ। সুতরাং তোমরা তাঁর ছাদাক্বাহ গ্রহণ কর’ (ছহীহ মুসলিম, হা/৬৮৬)। উপরের প্রশ্নটি এমন মুসাফিরের বিষয়ে, যিনি কোন সাময়িক প্রয়োজন পূরণ করতে গেছেন এবং কখন ফিরবেন, তা জানেন না। আর পড়াশোনার জন্য নিয়মিত ছাত্রাবাসে অবস্থানকারী শিক্ষার্থীর জন্য একে সফর হিসাবে গণ্য করা যাবে না। যদি পড়াশোনার জন্য ছাত্রাবাসকে নিয়মিত আবাস হিসাবে গ্রহণ করা হয়, তাহলে পূর্ণ ছালাত আদায় করতে হবে। আর কেবল সাময়িক সফরে গিয়ে অনির্দিষ্টকাল অপেক্ষা করার পরিস্থিতি হলে সফরের বিধান কার্যকর হবে।
প্রশ্নকারী : হামিদ রেজা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।