উত্তর : রুকূ থেকে ওঠার সময় سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলা ছালাতের ওয়াজিবসমূহের অন্তর্ভুক্ত। এতে ছালাত বাতিল হবে না; ভুলে যাওয়ার কারণে তার ছালাত এবং তার পেছনে ছালাত আদায়কারীদের ছালাত—উভয়ই শুদ্ধ হবে। তবে পরে যদি সে বিষয়টি স্মরণ হয় আর নির্ধারিত স্থান অতিক্রম না করে, তাহলে তাকে সাহু সিজদা করতে হবে। পক্ষান্তরে, যদি দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে তার ওপর আর সাজদায়ে সাহু করা আবশ্যক হবে না; কারণ তখন তার নির্ধারিত স্থানটি অতিক্রান্ত হয়ে গেছে (দাক্বায়িকু উলিন্ নুহা, ১/২১৯)।
শায়খ আব্দুল আযীয ইবনু বায (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘ইমাম অথবা মুক্তাদি যদি سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলার পরিবর্তে ‘اللَّهُ أَكْبَرُ’ বলে ফেলে, অথবা এর বিপরীতটি বলে, তাহলে তার করণীয় কী?’ তিনি উত্তরে বলেন, ‘ইচ্ছাকৃতভাবে এমনটি করা তার জন্য জায়েয নয়। বরং মুছল্লীর কর্তব্য হল, রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে ছালাত আদায় করেছেন, সেভাবেই ছালাত আদায় করা। অতএব, তাকবীর যথাস্থানে বলতে হবে, ‘তাসমি‘ তথা سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ’ যথাস্থানে বলতে হবে এবং رَبَّنَا وَلَكَ الْحَمْدُও যথাস্থানে বলতে হবে। তবে কেউ যদি ভুলবশত এর ব্যতিক্রম করে ফেলে, তাহলে তার কোন গুনাহ হবে না। আর সে ইমাম অথবা একাকী ছালাত আদায়কারী হলে তাকে সাজদায়ে সাহু করতে হবে’ (মাজমূঊ ফাতাওয়া লিইবনি বায, ২৯/২৮৬)।
প্রশ্নকারী : সিরাজুল ইসলাম, মান্দা, নওগাঁ।