উত্তর : ইসলামে স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জন্য নির্ধারিত ইদ্দত পালন একটি গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ তা‘আলা বলেন, وَ الَّذِیۡنَ یُتَوَفَّوۡنَ مِنۡکُمۡ وَ یَذَرُوۡنَ اَزۡوَاجًا یَّتَرَبَّصۡنَ بِاَنۡفُسِہِنَّ اَرۡبَعَۃَ اَشۡہُرٍ وَّ عَشۡرًا
‘আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং স্ত্রী রেখে যাবে, তাদের স্ত্রীগণ নিজেদেরকে চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষায় রাখবে’ (সূরা আল-বাকারা : ২৩৪)। এই ইদ্দতের সময় স্ত্রীকে শোক পালন করতে হয়, যাকে আরবীতে ‘ইহদাদ’ বলা হয়। ইহদাদের অন্তর্ভুক্ত হল সাজসজ্জা, সুগন্ধি, অলংকার ইত্যাদি পরিহার করা। তাই স্বামী মারা যাওয়ার পর বিধবা নারীর জন্য নাকফুল, গহনা, মেকআপ বা সৌন্দর্যবর্ধক সাজে থাকা শরী‘আতসম্মত নয়; বরং তা পরিত্যাগ করাই সুন্নাহ ও শরী‘আতের নির্দেশ। রাসূল (ﷺ) বলেছেন,
لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَّا عَلَى زَوْجٍ فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
‘যে নারী আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, তার জন্য কোন মৃত ব্যক্তির ওপর তিন দিনের বেশি শোক পালন বৈধ নয়; তবে স্বামীর জন্য চার মাস দশ দিন শোক পালন করবে’ (ছহীহ বুখারী, হা/১২৮০; ছহীহ মুসলিম, হা/১৪৮৬)। উম্মু আতিয়্যা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, ‘আমাদেরকে নিষেধ করা হত যেন আমরা স্বামীর মৃত্যুর পর ইদ্দতের সময় সুগন্ধি ব্যবহার না করি, রঙিন কাপড় না পরি, অলংকার না পরি এবং সাজসজ্জা না করি’ (ছহীহ বুখারী, হা/৫৩৪১; ছহীহ মুসলিম, হা/৯৩৮)।
নাকফুল যেহেতু অলংকারের অন্তর্ভুক্ত, তাই ইদ্দতের সময় তা পরে সাজসজ্জা করা বৈধ নয়। সঊদী আরবের প্রখ্যাত আলেম বলেছেন, ‘বিধবা নারীর জন্য ইদ্দতের সময় সব ধরনের অলংকার, যেমন কানের দুল, নেকলেস, বালা, নাকফুল ইত্যাদি বর্জন করা ওয়াজিব। কারণ এগুলো সৌন্দর্য প্রকাশের মাধ্যম। ইদ্দতের উদ্দেশ্য হল, স্বামীর মৃত্যুর শোক প্রকাশ, বৈবাহিক সম্পর্কের মর্যাদা রক্ষা এবং শরী‘আতের নির্দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করা’ (মাজমূঊ ফাতাওয়া ইবন বায, ২০/৪৩৭-৪৩৮ পৃ.)। বিধবা নারীর জন্য ইদ্দতের সময় এমন সব কিছু বর্জন করা যরূরী, যা সাধারণত সৌন্দর্য ও আকর্ষণের জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে অলংকার, সুগন্ধি, মেহেদি, সাজসজ্জা এবং সৌন্দর্য বৃদ্ধিকারী পোশাক অন্তর্ভুক্ত (ফাতওয়া নূরুন আলাদ র্দাব, ২১/২১৬ পৃ.)। অতএব, বয়স্ক হোক বা যুবতী, স্বামীর মৃত্যুর পর ইদ্দতের সময় বিধবা নারীর জন্য নাকফুল পরে সাজসজ্জা করে থাকা শরী‘আতসম্মত নয়।
প্রশ্নকারী : মুহাম্মাদ বিন ফয়েজ, ময়মনসিংহ।