উত্তর : সাধারণ মুসলিমদের জন্য আক্বীদার সূক্ষ্ম ও জটিল বিষয়গুলো বিস্তারিতভাবে জানা ফরয নয়। তাদের কর্তব্য হল, কুরআন, সুন্নাহ ও ছাহাবীদের ইজমা দ্বারা প্রমাণিত মৌলিক আক্বীদার বিষয়গুলো জানা এবং ছহীহ আমল করা। তাছাড়া সাধারণ মানুষকে এমন সূক্ষ্ম বিষয়ে বিতর্কে জড়ানো নিষেধ। কারণ এগুলো সাধারণ মানুষের মধ্যে বিভেদ ও মতানৈক্যের সৃষ্টি করে। এ প্রসঙ্গে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন,
الْوَاجِبُ أَمْرُ الْعَامَّةِ بِالْجُمَلِ الثَّابِتَةِ بِالنَّصِّ وَالْإِجْمَاعِ وَمَنْعُهُمْ مِنْ الْخَوْضِ فِي التَّفْصِيْلِ الَّذِيْ يُوْقِعُ بَيْنَهُمْ الْفُرْقَةَ وَالِاخْتِلَافَ فَإِنَّ الْفُرْقَةَ وَالِاخْتِلَافَ مِنْ أَعْظَمِ مَا نَهَى اللهُ عَنْهُ وَرَسُوْلُهُ
‘সাধারণ মানুষের জন্য কর্তব্য হল- কুরআন, সুন্নাহ ও ইজমা দ্বারা প্রতিষ্ঠিত মৌলিক বিষয়গুলো শিক্ষা দেয়া এবং তাদেরকে এমন সূক্ষ্ম বিতর্কে প্রবেশ করা থেকে বিরত রাখা, যা তাদের মধ্যে বিভেদ ও মতভেদ সৃষ্টি করে। কারণ বিভেদ ও মতানৈক্য এমন বিষয়, যা থেকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) কঠোরভাবে নিষেধ করেছেন’ (শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইয়িম্যাহ, মাজমূঊল ফাতাওয়া, ১২/২৩৭ পৃ.; ঐ, আল-ফাতাওয়াউল কুবরা, ৬/৪৬৩ পৃ.)।
প্রশ্নকারী : ফরীদুল ইসলাম, নওগাঁ।