উত্তর : এ কাজটি শরী‘আতের দৃষ্টিতে বৈধ হয়নি। কারণ, আপনার স্যান্ডেল হারিয়ে যাওয়া আপনাকে অন্য একজন নির্দোষ ব্যক্তির সম্পদ গ্রহণের অধিকার দেয় না। ইসলামে প্রত্যেক ব্যক্তির সম্পদ স্বতন্ত্রভাবে সংরক্ষিত। আল্লাহ তা‘আলা বলেন, یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ ‘হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ কর না’ (সূরা আন-নিসা : ২৯)। অন্যত্র তিনি বলেন, اِنَّ اللّٰہَ یَاۡمُرُکُمۡ اَنۡ تُؤَدُّوا الۡاَمٰنٰتِ اِلٰۤی اَہۡلِہَا ‘নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানত তার হক্বদারদের কাছে পৌঁছে দাও’ (সূরা আন-নিসা : ৫৮)। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ ‘কোন মুসলিমের সম্পদ তার স্বতঃস্ফূর্ত সম্মতি ব্যতীত হালাল নয়’ (আহমাদ, হা/২০১৭২, সনদ ছহীহ)। তিনি আরও বলেছেন, مَنْ كَانَتْ لَهُ مَظْلِمَةٌ لِأَخِيهِ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ.. ‘যার ওপর তার কোন মুসলিম ভাইয়ের হক নষ্ট করার দায় আছে, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়। কেননা ক্বিয়ামতের দিন সেখানে দিরহাম-দীনার থাকবে না’ (ছহীহ বুখারী, হা/২৪৪৯)। এমতাবস্থায় এখন করণীয় হল-
(১) আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা।
(২) স্যান্ডেলটি যদি এখনো আপনার কাছে থাকে, তাহলে যথাসাধ্য চেষ্টা করে প্রকৃত মালিককে অথবা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত দেয়া।
(৩) যদি স্যান্ডেলটি নষ্ট হয়ে যায় বা ব্যবহারযোগ্য না থাকে, তাহলে তার সমমূল্য মালিককে পরিশোধ করা।
(৪) যথাসাধ্য অনুসন্ধানের পরও যদি মালিককে খুঁজে পাওয়া না যায়, তাহলে তার পক্ষ থেকে সমমূল্য ছাদাক্বাহ করা। তবে পরবর্তীতে মালিককে পাওয়া গেলে তিনি যদি নিজের সম্পদের মূল্য দাবি করেন, তাহলে সেই মূল্য পরিশোধ করতে হবে।ইমাম ইবনু কুদামা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ বা নষ্ট করে, তার ওপর তা ফিরিয়ে দেয়া অথবা সমমূল্য প্রদান করা আবশ্যক’ (আল-মুগনী, ৯/৩৩০ পৃ.)। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মালিককে খুঁজে পাওয়া সম্ভব না হলে যথাসাধ্য অনুসন্ধানের পর তার পক্ষ থেকে ছাদাক্বাহ করা যাবে। পরে মালিক এসে মূল্য দাবি করলে তা পরিশোধ করতে হবে’ (মাজমূঊল ফাতাওয়া, ২৯/৩২১-৩২২ পৃ.)।
প্রশ্নকারী : আব্দুর রাকীব, খুলনা।