উত্তর : জানাযার ছালাত আদায়ের পর মৃত ব্যক্তির চেহারা আত্মীয়-স্বজন ও উপস্থিত ব্যক্তিদের দেখানো জায়েয। এ ব্যাপারে শরী‘আত কোন নিষেধাজ্ঞা প্রমাণিত হয়নি। তবে এটিকে জানাযার পরের কোন নির্দিষ্ট সুন্নাহ বা আবশ্যিক রীতি মনে করা যাবে না। রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তেকালের পর আবূবকর (রাযিয়াল্লাহু আনহু) তাঁর কাছে এসে তাঁর চেহারা উন্মোচন করেন এবং চুম্বন করেন। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন,
فَكَشَفَ عَنْ وَجْهِهِ، ثُمَّ أَكَبَّ عَلَيْهِ فَقَبَّلَهُ بَيْنَ عَيْنَيْهِ
‘তিনি তাঁর চেহারা উন্মোচন করলেন। অতঃপর তাঁর ওপর ঝুঁকে তাঁর দুই চোখের মধ্যবর্তী স্থানে চুম্বন করলেন’ (ছহীহ বুখারী, হা/১২৪১; ছহীহ ইবনু হিব্বান, হা/৩০২৪)। এ হাদীছ থেকে স্পষ্ট হয় যে, মৃত্যুর পর মৃত ব্যক্তির চেহারা উন্মোচন করে দেখা বৈধ। সুতরাং জানাযার ছালাতের পরও প্রয়োজন ও স্বাভাবিকভাবে আত্মীয়-স্বজনকে মৃত ব্যক্তির চেহারা দেখানোতে কোন শারঈ বাধা নেই। তবে কয়েকটি বিষয় মনে রাখা যরূরী। যথা: (১) এটিকে জানাযার পরের বিশেষ সুন্নাহ মনে করা যাবে না। (২) মৃত ব্যক্তির সম্মান ও মর্যাদা রক্ষা করতে হবে। (৩) নারীদের ক্ষেত্রে পর্দার বিধান অবশ্যই মেনে চলতে হবে। মাহরাম ছাড়া কেউ দেখতে পারবে না (৪) শুধু মুখ দেখানোর জন্য ভিড়, হুড়োহুড়ি কিংবা বিলম্ব করে দাফন করা উচিত নয়।
প্রশ্নকারী : হাসান মোল্লা, গোপালগঞ্জ।