উত্তর : মনী হল- এটি ঘন, গাঢ় সাদা রঙের। নারীদের ক্ষেত্রে কিছুটা পাতলা ও হলুদ রঙ হতে পারে (মুসলিম হা/৩১১)। এটি নির্গমনকালে উত্তেজনা ও চরম তৃপ্তি অনুভূত হয় এবং এটি ফিনকি দিয়ে বের হয়। এর গন্ধ ভেজা আটা বা খেজুর গাছের কাঁচা মোচার মত (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৫৬০৫১; আল-মিনহাজ শারহু ছহীহ মুসলিম ইবনু হাজ্জাজ, ৩/২২২ পৃ.)।
মযী হল- ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মযী হল পাতলা, সাদাটে ও পিচ্ছিল তরল, যা যৌন উত্তেজনার সময় বের হয়; কিন্তু মনীর মত তীব্র যৌন তৃপ্তির সঙ্গে বের হয় না, এর কোন প্রবহমান বেগ থাকে না এবং বের হওয়ার পর শরীরে শিথিলতাও আসে না। অনেক সময় এর বের হওয়াও অনুভূত হয় না। এটি পুরুষ ও নারী উভয়েরই হতে পারে। ওয়াদী হল- ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ওয়াদী হল সাদাটে, ঘোলাটে ও ঘন তরল। ঘনত্বের দিক থেকে এটি মানীর মত, কিন্তু ঘোলাটে হওয়ার কারণে মানী থেকে আলাদা। এর কোন বিশেষ গন্ধ নেই। সাধারণত পেশাবের পর বের হয় এবং কখনো ভারী কিছু বহন করার সময়ও বের হতে পারে। সাধারণত এক-দুই ফোঁটা বা এ ধরনের অল্প পরিমাণে বের হয়’ (আল-মাজমূ‘ শারহুল মুহাযযাব, ২/১৪১ পৃ.)।
সুতরাং মনী বের হলে গোসল ফরয হবে। গোসল করা ছাড়া কোন ইবাদত জায়েয হবে না (মুসলিম হা/৩৪৮)। আর মযী বা ওয়াদীর ক্ষেত্রে শুধু ধুয়ে নিলেই হবে। তবে ছালাতের জন্য ওযূ করতে হবে (মা‘আনিল আছার লিল ইমাম ত্বহাবী, হা/২৫৯; মুছান্নাফে আব্দুর রাযযাক, হা/৬১০; মুছান্নাফে ইবনু আবী শাইবা, হা/৯৮৯)।
প্রশ্নকারী : আসাদ, দিনাজপুর।